আইএসবিরোধী লড়াইয়ে নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ের কৌশল নতুন করে ঢেলে সাজাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন পরিকল্পনার অংশ হিসেবে সিরিয়ার বিপুলসংখ্যক বিদ্রোহী যোদ্ধাকে নিরাপদ অঞ্চলে পাঠিয়ে গোয়েন্দা তথ্য ও অন্যান্য সহযোগিতা দিয়ে তাদের যুদ্ধের দক্ষতা বৃদ্ধি করার কথা ভাবা হচ্ছে। খবর নিউইয়র্ক টাইমসের।
ওবামা প্রশাসন ও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নতুন পরিকল্পনার বিষয়ে এসব তথ্য দিয়েছেন। এর মাধ্যমে তাঁরা এক অর্থে এটা স্বীকার করে নিলেন যে, আইএসবিরোধী লড়াইয়ে সিরিয়ার বিদ্রোহীদের প্রস্তুত এবং ব্যবহার করার পরিকল্পনায় বড় ধরনের ঘাটতি ছিল।
গত জুলাইয়ের শেষের দিকে আল-কায়েদার হামলার পর প্রস্তাবিত ওই পরিকল্পনা করা হয়েছে। ওই হামলার এক দিন আগে যুক্তরাষ্ট্রের সমর্থিত বিদ্রোহী গ্রুপের দুই নেতাসহ বেশ কয়েকজন যোদ্ধা আল-কায়েদার হাতে ধরা পড়ে। ওই ঘটনার পর গোপন এক মূল্যায়নে বিদ্রোহীদের ব্যবহারে হাতে নেওয়া কর্মসূচিতে মারাত্মক ত্রুটি থাকার বিষয়টি সামনে চলে আসে।
গোপন ওই মূল্যায়নে দেখা গেছে, শত্রুর হামলা মোকাবিলায় বিদ্রোহীদের প্রস্তুতি ভালো ছিল না। পাশাপাশি বিদ্রোহী যোদ্ধাদের সংখ্যাও ছিল কম। তাদের পক্ষে স্থানীয় জনগণের কোনো সমর্থন ছিল না এবং শত্রুদের সম্পর্কে গোয়েন্দাবৃত্তির দক্ষতাও ছিল দুর্বল। এ ছাড়া ঈদের ছুটির মধ্যে বিদ্রোহী ওই যোদ্ধাদের সিরিয়ায় ফেরত পাঠানো হয়। তখন যোদ্ধাদের অনেককেই আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে যাওয়ার অনুমোদন দেওয়া হয়। অনেকের আত্মীয়স্বজন রয়েছে তুরস্কের শরণার্থী-শিবিরে। সেখানেও চলে যায় যোদ্ধাদের অনেকে। গোপন মূল্যায়ন অনুযায়ী, যোদ্ধাদের এই আসা-যাওয়া সম্ভবত পরিকল্পনার প্রতিকূলে কাজ করেছে। এ ছাড়া সীমান্ত বন্ধ থাকায় অনেক যোদ্ধা পুনরায় সিরিয়ায় ফিরতে পারেনি।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানান, নতুন পরিকল্পনায় পেন্টাগন প্রশিক্ষিত বিদ্রোহীদের সংখ্যা বাড়িয়ে সিরিয়ায় ফেরত পাঠাবে। পাশাপাশি জনগণের সমর্থন পাওয়া সম্ভব—এমন স্থানে তাদের পাঠানো হবে। এ ছাড়া গোয়েন্দা কাজের উন্নতিসাধনে সহায়তা দেওয়া হবে।
হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ ওলাঁদের: ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা শুরু করার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, হামলার জন্য ফ্রান্স মঙ্গলবার (আজ) থেকে সিরিয়ায় সংগঠনটির তথ্যানুসন্ধান
শুরু করবে।