আইএসে যোগদানের চেষ্টা, নিউইয়র্কে যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) অস্ত্র, অর্থ ও অন্যান্য সমর্থন দেওয়ার অভিযোগে ২৯ আগস্ট পারভেজ আহমেদ নামের এক যুবককে নিউইয়র্কে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত এই মার্কিন যুবক সিরিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন।
নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিকের ভারপ্রাপ্ত অ্যাটর্নি এম রোড বলেন, আমেরিকানসহ অসংখ্য মানুষকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র হাতে নেওয়ার চেষ্টার অভিযোগ আছে পারভেজের বিরুদ্ধে। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, পারভেজ গত জুনে সৌদি আরবে যান। ওই সময়ে তিনি আইএস জঙ্গিদের নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের চেষ্টা করেন। কিন্তু তাঁকে সিরীয় সীমান্তে আটক করা হয়। মধ্যপ্রাচ্যে যাওয়ার আগে পারভেজ সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসী সংগঠনগুলোর প্রতি সমর্থন দিতেন।
১৭ জুলাই এফবিআইয়ের যৌথ টাস্কফোর্স পারভেজের কম্পিউটার খতিয়ে দেখার জন্য সমন সংগ্রহ করে। এই অভিযানে প্রমাণ পাওয়া যায় যে তিনি বিভিন্ন উগ্রবাদী বক্তৃতা শুনতেন। কর্মকর্তারা বলেন, ২৮ আগস্ট যৌথ টাস্কফোর্স পারভেজের ইলেকট্রনিক ডিভাইস খতিয়ে দেখার জন্য দ্বিতীয় সমন সংগ্রহ করে। আটক করার সময় এসব ডিভাইস তাঁর সঙ্গে ছিল। এসব ডিভাইসে প্রাপ্ত বার্তায় তাঁর সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের এবং শহীদ হওয়ার উদ্দেশ্যে আইএসে যোগদানের প্রমাণ আছে।
২৮ আগস্ট পারভেজ আহমেদকে আমেরিকায় ফেরত পাঠানো হয়। জেএফকে বিমানবন্দরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দোষী সাব্যস্ত হলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসে যোগ দেওয়ার জন্য গত জুনে সিরিয়ায় যাওয়ার পথে পারভেজকে গ্রেপ্তার করে সৌদি পুলিশ। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ওজোন পার্কে তাঁর বাবার বাড়িতে খোঁজখবর নিতে থাকে এফবিআই। ১৭ জুলাই পারভেজের কম্পিউটারসহ যাবতীয় কাগজপত্র তল্লাশি করে এফবিআই নিশ্চিত হয় যে তিনি আইএসে যোগ দিতে সৌদি আরব থেকে সিরিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। এফবিআইয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি পুলিশ তাঁকে ২৮ আগস্ট নিউইয়র্কে ফেরত পাঠায়। জেএফকে এয়ারপোর্টে নামার পরপরই এফবিআই পারভেজকে গ্রেপ্তার করে এবং ২৯ আগস্ট ব্রুকলিনে অবস্থিত ফেডারেল কোর্টে সোপর্দ করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মা-বাবার সঙ্গে আমেরিকায় আসেন পারভেজ। নিউইয়র্কের ওজোন পার্ক এলাকায় তিনি থাকতেন। বাংলাদেশে বাড়ি সিলেটের বিয়ানীবাজার থানায় বলে জানা গেছে। মেধাবী ছাত্র হিসেবে তিনি নিউইয়র্কের সেরা ‘স্টাইভ্যাসেন্ট হাইস্কুল’-এ ভর্তির সুযোগ পান। এরপর তিনি হান্টার কলেজে ভর্তি হয়েছিলেন। তাঁর পরিবারের সদস্যরা বলছেন, হঠাৎ করেই বদলে যান পারভেজ। সবকিছু ছেড়ে তিনি নীরব হয়ে যান। গত জুন মাসে বাবার সঙ্গে সৌদি আরবে যান পারভেজ। সেখান থেকেই তিনি উধাও হয়ে যান।