আইএসের উত্থানের নেপথ্য ওবামা-হিলারি: ট্রাম্প

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দায়ী বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ট্রাম্প গতকাল শনিবার মিসিসিপি অঙ্গরাজ্যের বিলোক্সিতে এক নির্বাচনী প্রচারণায় এ মন্তব্য করেন।
মুসলমানদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া উচিত নয়; সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফির মতো শাসকেরা ক্ষমতায় থাকলে বিশ্ব এখনকার চেয়ে ভালো থাকত; ফক্স নিউজের নারী সাংবাদিককে নিয়ে বিতর্কিত মন্তব্য; হিলারি ক্লিনটনকে ‘মিথ্যাবাদী’ বলাসহ নানান বিতর্কিত মন্তব্যের কারণে এর আগেও সমালোচনার মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আইএসের উত্থানের জন্য প্রেসিডেন্ট ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি দায়ী। তিনি বলেন, আইএস-নিয়ন্ত্রিত তেলখনিগুলো দখল করার জন্য তাঁর (ট্রাম্প) আহ্বানে ওবামা প্রশাসনের সাড়া দেওয়া উচিত। কিন্তু তা না করে জঙ্গিগোষ্ঠীটিকে বিকাশের সুযোগ দেওয়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তাঁরা (ওবামা ও হিলারি) আইএস সৃষ্টি করেছেন।
সৌদি আরবে শিয়া নেতাসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরের পরে ইরানের সঙ্গে দেশটির সম্পর্ক নিয়েও কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আপনারা দেখুন, ইরানে সৌদি দূতাবাসে আগুন দেওয়া হয়েছে। ইরান এখন তার প্রতিবেশী এই দেশকে (সৌদি আরব) নিয়ন্ত্রণ করতে চায়। ইরান সব সময়ই সৌদি আরবের তেল চায়।’
লোকজনকে জঙ্গি দলে টানতে যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশের নিষেধাজ্ঞা সংবলিত ট্রাম্পের একটি বক্তব্য ব্যবহার করে গত শুক্রবার একটি ভিডিও ক্লিপ ছাড়ে আফ্রিকার দেশ সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। আল-শাবাবের এই ভিডিও চিত্র নিয়ে কোনো মন্তব্য করেননি ট্রাম্প। তবে শনিবার মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তাঁর বক্তব্যের জন্য অনুশোচনা না করে বলেন, ‘আমার যা বলা উচিত, তাই বলেছি।’ তিনি বলেন, ‘আমার যা বলার আছে তা হলো, একটা সমস্যা আছে। আমাদের ওই সমস্যাটি খুঁজে বের করতে হবে। আমাদের ওই সমস্যার সমাধানও করতে হবে।’