আইএস রুখতে মার্কিন পরিকল্পনা
মধ্যপ্রাচ্যে দিনে দিনে ভয়ংকর হয়ে ওঠা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) রুখতে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে মার্কিন সরকার। আগামী বুধবার দেশের জনগণ ও রাজনৈতিক নেতাদের উদ্দেশে ভাষণ দিয়ে পরিকল্পনার রূপরেখা তুলে ধরবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মূলত ইরাক ও সিরিয়ায় সক্রিয় আছে আইএস। তবে ওই দুই দেশ বাদেও আশপাশের আরও কয়েকটি দেশে তারা তৎপরতা চালায় এবং সেখানকার ভূমির একটি উল্লেখযোগ্য অংশ এখন তাদের নিয়ন্ত্রণে। সুন্নিপন্থী এই সংগঠন সারা বিশ্বের মুসলিমদের জন্য একটি খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। সে লক্ষ্যে তারা এরই মধ্যে খেলাফতও ঘোষণা করেছে। কিন্তু শিয়া মুসলিম ও সংখ্যালঘু অন্য ধর্মাবলম্বীদের ওপর নৃশংসতা চালিয়ে তারা এরই মধ্যে কুখ্যাতি কুড়িয়েছে। শিরশ্ছেদ করেছে দুই মার্কিন সাংবাদিকসহ আরও অনেককে। ইরাকে ও সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এরই মধ্যে বিমান হামলা চালিয়েছে।
এখন আইএসের বিরুদ্ধে আরও কর্মপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ওবামা এনবিসি টেলিভিশনকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা যে হুমকির মুখে আছি এবং তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি, তা মার্কিন জনগণের কাছে আমি তুলে ধরতে চাই।’
নয়-এগারো জঙ্গি হামলার বর্ষপূর্তির ঠিক এক দিন আগে বুধবার ওই ভাষণ দেবেন ওবামা। সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে এমন কোনো গোয়েন্দা তথ্য নেই যে তার ভিত্তিতে আইএসকে মার্কিন ভূখণ্ডের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা যায়। আমি চাই এটা দেশের মানুষ জানুক। তবে আইএস পশ্চিমা দেশগুলোর যোদ্ধাদের ওপর হামলা চালাচ্ছে। কাজেই তারা একসময় মার্কিন ভূখণ্ডের জন্য ভয়ানক হুমকি হয়ে উঠতে পারে।’
আরব লিগের সমর্থন: আইএসের বিরুদ্ধে ইরাক সরকার ও যুক্তরাষ্ট্রের সব ধরনের পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে আরব বিশ্বের দেশগুলোর আঞ্চলিক সংস্থা আরব লিগ। গতকাল রোববার মিসরের রাজধানী কায়রোতে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক থেকে ওই সমর্থন ব্যক্ত করা হয়।
বৈঠক শেষে জানানো হয়, আইএসকে রুখতে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক যেকোনো পদক্ষেপে আরব লিগ পূর্ণ সমর্থন ও সহযোগিতা দেবে।
সৌদি ধর্মীয় নেতার আহ্বান: সৌদি আরবের শীর্ষ ধর্মীয় নেতা মুসলিমদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘নিপীড়ক’ আইএস বাহিনী মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধরলে তাদের বিরুদ্ধে লড়তে হবে। আল-ইকতিসাদিয়াহ পত্রিকার খবর অনুযায়ী, গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখ বলেন, ‘এই সংগঠনটি আগ্রাসী আর নিপীড়নমূলক।’
জর্ডানের আলেমের সমালোচনা: জর্ডানের কট্টরপন্থী আলেম আবু কাতাদা দুই মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদ করার জন্য আইএসের সমালোচনা করেছেন। আম্মানের আদালতে কাতাদা প্রচারমাধ্যমের কর্মীদের উদ্দেশে বলেন, ‘সাংবাদিকেরা হচ্ছেন “সত্যের দূত”। তাঁদের হত্যা করা মহানবী (স.)-এর শিক্ষার পরিপন্থী।’
পুতিনকে আইএসের চ্যালেঞ্জ: ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আইএস। সম্প্রতি প্রকাশিত আইএসের এক ভিডিও বার্তায় সংগঠনটির একজন যোদ্ধা আরবিতে বলেন, ‘হে ভ্লাদিমির পুতিন, এই বার্তা আপনার জন্য। জঙ্গি বিমানগুলো আপনি প্রেসিডেন্ট বাশারকে পাঠিয়েছিলেন। এখন আমরা সেগুলো পাঠাব আপনার কাছে।’
ভিডিওতে আইএস যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা একটি রুশ জঙ্গি বিমানসহ কিছু সামরিক যান দেখা যায়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে এসব সামরিক সরঞ্জাম পাঠিয়েছিলেন পুতিন। বাশারের অনুগত সেনাদের কাছ থেকে সেগুলো নিজেদের কব্জায় নিয়েছে আইএস যোদ্ধারা।