আইএসের চার নেতার তথ্য পেতে দুই কোটি ডলার
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) চার নেতা সম্পর্কে তথ্য পেতে মোট দুই কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন সরকার। খবর বিবিসি ও এএফপির।
ওই চার নেতা হলেন আবদুল রহমান মুস্তাফা আল-কাদুলি, আবু মোহাম্মদ আল-আদনানি, তারখান তায়ুমুরাজোভিচ বাতিরাশভিলি এবং তারিক বিন আল-তাহার বিন আল-ফালিহ আল-আওনি আল-হারজি। ‘বিচারে জন্য পুরস্কার’ কর্মসূচির আওতায় তাঁদের নাম ঘোষণা করা হয়।
এদিকে গত মঙ্গলবার আইএস জানায়, টেক্সাসের কাছে গারল্যান্ডে গত রোববারের হামলার পেছনে তারাই ছিল। গারল্যান্ডে ইসলামবিরোধী একটি বিতর্কিত কার্টুন প্রদর্শনী চলাকালে ওই হামলা চালানো হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর কাদুলির খোঁজ পেতে ৭০ লাখ ডলার ঘোষণা করেছে। তাঁকে আইএসের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়। কাদুলি এর আগে আল-কায়েদা ইন ইরাকে (একিউআই) যোগদান করেন। আদনানি ও বাতিরাশভিলির বিষয়ে তথ্যের জন্য ৫০ লাখ ডলার করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ ছাড়া হারজির বিষয়ে তথ্যের জন্য ঘোষণা করা হয় ৩০ লাখ ডলার।
মার্কিন পররাষ্ট্র দপ্তর আদনানিকে আইএসের দাপ্তরিক মুখপাত্র, বাতিরাশভিলিকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রের কমান্ডার এবং হারজিকে সংগঠনটির আত্মঘাতী বোমা হামলা শাখার প্রধান হিসেবে বর্ণনা করেছে।
আইএস সিরিয়ার পূর্বাঞ্চলীয় উপত্যকা ও ইরাকের উত্তরাঞ্চল দখল করে নিয়ে সেখানে খেলাফত ঘোষণা করেছে। পাশাপাশি সেখানকার অধিবাসীদের ওপর ইসলামি আইনের কঠোর ব্যাখ্যা দিয়ে তা আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় যে শিশুসহ গণহারে হত্যা, খুন, ধর্ষণসহ সংগঠনটি পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।
ওসামা বিন লাদেনের মৃত্যুর কিছুদিন পরই ২০১১ সালের জুনে ‘বিচারের জন্য পুরস্কার’ কর্মসূচির আওতায় আল-কায়েদার নেতা আয়মান আল-জওয়াহিরির জন্য সর্বোচ্চ আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা করে মার্কিন সরকার। একই কর্মসূচির আওতায় আইএস নেতা আবু বকর আল-বাগদাদির জন্য ঘোষণা করা হয় এক কোটি ডলার।