আইএসের তেল স্থাপনায় হামলা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত তেল স্থাপনা লক্ষ্য করে পেন্টাগন হামলা বাড়িয়েছে। ওয়াশিংটনের দাবি, এ সপ্তাহের শুরুতে মার্কিন বিমানবাহিনী আইএসের অন্তত ১১৬টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করে দিয়েছে। খবর রয়টার্সের।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, আইএসকে অর্থনৈতিকভাবে কাবু করতে মার্কিন বিমানবাহিনী তাদের তেলের রিগ, পাম্প ও সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ধারণা করা হয়, সিরিয়ার বিভিন্ন কূপ থেকে তেল উঠিয়ে তা কালোবাজারে বিক্রি করে আইএস গড়ে প্রতিদিন ১০ লাখ ডলার আয় করে।
গত ২২ অক্টোবর থেকে আইএসের ওপর চালানো মার্কিন হামলার একটি খতিয়ান রয়টার্স পেয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, প্যারিসে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র সিরিয়ায় আইএসের ওপর হামলা বাড়িয়ে দিয়েছে। এর আগে বেসামরিক লোকের প্রাণহানি এড়াতে এবং সিরিয়া সরকারের ভবিষ্যৎ স্বার্থের কথা বিবেচনা করে তেল স্থাপনায় নিয়ন্ত্রিতভাবে বিমান হামলা চালাতো যুক্তরাষ্ট্র।