
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক দম্পতির বন্দুক হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তাদের অনলাইন বেতার আল-বায়ান গতকাল শনিবার ওই বিবৃতি প্রচার করে। এতে বলা হয়, হামলাকারী রিজওয়ান-তাশফিন দম্পতি আইএসের অনুসারী।
এর আগের দিনই মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) জানায়, স্যান বার্নার্দিনো শহরের রক্তক্ষয়ী ঘটনাটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। খবর রয়টার্স ও এএফপির।
যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) ও তাঁর পাকিস্তানি স্ত্রী তাশফিন মালিক (২৯) লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত স্যান বার্নার্দিনো শহরের একটি সামাজিক অনুষ্ঠানে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে ওই হামলা করেন। গাড়িতে করে পালানোর সময় পুলিশের গুলিতে তাঁরা দুজনও নিহত হন। ওই ঘটনায় মোট ১৪ জন নিহত ও ২১ জন আহত হন।
রয়টার্সের খবর অনুযায়ী, জঙ্গিবাদের সঙ্গে এ হত্যাযজ্ঞের সম্পর্ক থাকার বিষয়টি কয়েক দিন ধরে আলোচিত হলেও আইএসের পক্ষ থেকে গতকালই প্রথম দায় স্বীকার করা হলো। এর আগে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষ গত শুক্রবার জানায়, হামলার ঘটনার প্রায় একই সময়ে আইএসের প্রশংসা করে ফেসবুকের একটি অ্যাকাউন্ট থেকে বেশ কিছু মন্তব্য করা হয়েছিল। দৃশ্যত তাশফিন মালিক ছদ্মনামে ওই অ্যাকাউন্ট তৈরি করেছিলেন।
তদন্তকারীরা গতকাল পর্যন্ত ওই হামলায় আইএসের জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবেই এর তদন্ত করছে।
একজন কর্মকর্তার বরাত দিয়ে লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকা শুক্রবার এক প্রতিবেদনে বলেছে, বিদেশের অন্তত দুটি জঙ্গি সংগঠনের সঙ্গে রিজওয়ান ফারুকের যোগাযোগ ছিল। এসবের মধ্যে সিরিয়ায় সক্রিয় আল-কায়েদার সমমনা সংগঠন আল নুসরা ফ্রন্ট একটি।
এএফপির খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল ওয়াশিংটন ডিসিতে ঘোষণা দেন, ‘যুক্তরাষ্ট্র এ গুলির ঘটনায় ভীত হবে না’। বন্দুকের ব্যবহার নিয়ন্ত্রণের জন্য আবারও জোরালো আহ্বান জানান তিনি। ওবামা বলেন, কীভাবে হামলা করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই দুই হামলাকারী কট্টরপন্থায় অনুপ্রাণিত হয়েই সন্ত্রাসী হামলা চালিয়েছে—এমনটা খুবই সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধের জন্য সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, বিভিন্ন সম্প্রদায় ও ধর্মীয় নেতাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
হামলাকারী রিজওয়ান ফারুকের পারিবারিক আইনজীবীরা শুক্রবার লস অ্যাঞ্জেলেসে এক সংবাদ সম্মেলনে বলেন, ওই দম্পতি কোনো ধরনের কট্টরপন্থী চিন্তাভাবনা করতেন বলে প্রমাণ পাওয়া যায়নি। তাশফিন মালিক খুবই রক্ষণশীল ছিলেন, তাঁর স্বামী ফারুকও তাই। দুজনেই ছিলেন ধর্মপ্রাণ মুসলমান।
রিজওয়ান ফারুকের বোন সায়রা খান সিবিএস নিউজকে বলেন, ‘আমি ভাবতেই পারি না, আমার ভাই-ভাবি এ রকম কাজ করতে পারেন। কারণ, তাঁরা ছিলেন সুখী দম্পতি। মাত্র ছয় মাস বয়সী একটি ফুটফুটে মেয়ে ছিল তাঁদের।’