আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কতটা সফল হবে?
ইরাক ও সিরিয়াভিত্তিক সুন্নি জঙ্গি সংগঠন আইএসের জিহাদিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইতিমধ্যে ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু হয়েছে। সিরিয়ায়ও এ হামলা চালানো হবে। এই যুদ্ধ কেমন হবে, কী হতে পারে এর পরিণতি? এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় আইএসের জিহাদিদের ওপর ওবামার বিমান থেকে বোমা হামলা চালানোর বিষয়টি হবে খুব বড় ধরনের একটি জুয়া খেলা। কারণ যুক্তরাষ্ট্র ইরাকে যেভাবে হামলা চালিয়েছে, সিরিয়ায় সেভাবে বোমা ফেলা সম্ভব হবে না। হামলাও চালাতে হবে বেছে বেছে লক্ষ্য নির্ধারণ করে। অনেকটা ড্রোন হামলা ধাঁচের হামলা হবে। সে ক্ষেত্রে পর্যাপ্ত গোয়েন্দা তথ্যের প্রয়োজন রয়েছে। এ ব্যাপারে তারা কতটা সফল হবে, তা দেখার বিষয়।
পুরোদমে যুদ্ধ শুরু হলে স্থানীয় পর্যায়ে মোতায়েন সেনাদের সহযোগিতা করতে আরও বিশেষ বাহিনী যুক্ত করতে হবে। তা না হলে জিহাদিদের বিরুদ্ধে বর্তমানে চলমান সামরিক কর্মকাণ্ড ভেস্তে যাবে এবং আখেরে কোনো ফল বয়ে আনবে না।
বিশেষজ্ঞ ও সাবেক সামরিক কর্মকর্তারা বলছেন, সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসনিয়ন্ত্রিত এলাকাকে কেন্দ্র করে বিমান হামলা চালাতে হবে। আল-কায়েদা দমনে পাকিস্তান, ইয়েমেন ও সোমালিয়ায় যেমন মার্কিন চালকবিহীন হামলা চালানো হয়েছে, এখানেও হামলার ধরন এমনই হতে পারে। সিরিয়ায় জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হলে সেনাদের পাশাপাশি আরও কার্যকর গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। গোয়েন্দাদের সহযোগিতা ছাড়া মাঠের প্রকৃত চিত্র বোঝা যাবে না। ওয়াশিংটনের জন্য এটি অবশ্যই একটি চ্যালেঞ্জ।
গত ৮ আগস্ট থেকে ইরাকে আইএস জঙ্গিদের দমনে সীমিত পরিসরে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তবে এই হামলা এর আগে ইরাকে চালানো মার্কিন হামলার চেয়ে গড়ে অনেক কম। আইএসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর বেশ কিছু ইউরোপীয় মিত্র ওবামার সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছে। ফ্রান্স যুদ্ধের জন্য প্রস্তুত আর যুক্তরাজ্যও ওবামাকে আশ্বস্ত করেছে। তবে যুক্তরাষ্ট্রের কাছে চ্যালেঞ্জ হচ্ছে, আরও অধিক সংখ্যক দেশকে নিজেদের জোটে টানা। হামলার সুবিধার্থে মধ্যপ্রাচ্যের সমর্থন ওবামার বেশি প্রয়োজন। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার বা তুরস্কের সমর্থন পেলে তাদের বিমান ঘাঁটিগুলো ব্যবহারের সুযোগ পাবে যুক্তরাষ্ট্র; যেটি এই যুদ্ধে তাদের লাভবান করবে।
ইরাকে স্থানীয় নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার জন্য ইতিমধ্যে ৩০০ উপদেষ্টাকে পাঠানো হয়েছে। ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে জয়ী হতে হলে স্থানীয় পর্যায়ে যুদ্ধ করবে—এমন বাহিনীগুলোকে আরও সশন্ত্র প্রশিক্ষণ ও কৌশল সম্পর্কে ধারণা দিতে হবে। মধ্যপ্রাচ্য ঘিরে বর্তমানে ৩৫ হাজারের মতো মার্কিন সেনা মোতায়েন আছে। আইএস জঙ্গি দমনে সেনা আরও বাড়ানোর পাশাপাশি আনুষঙ্গিক সমর্থনও জোরদার করতে হবে যুক্তরাষ্ট্রকে। তবেই সাফল্যের মুখ দেখতে পারবে যুক্তরাষ্ট্র।