বাংলাদেশি যুবক নিলেশ দাসের (২৫) বিরুদ্ধে আমেরিকার ফেডারেল গ্রান্ড জুরিতে ৭ আগস্ট অভিযোগ গঠন করা হয়েছে।
নিলেশের বিরুদ্ধে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় তদন্ত ব্যুরো—এফবিআইয়ের একজন এজেন্টকে হত্যার পরিকল্পনা, জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে যুক্ত থাকা ও সেনাবাহিনীর একজন সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
আমেরিকার আইন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিলেশ বৈধভাবে আমেরিকায় বসবাস করছেন। একসময় আইএসের সঙ্গে যুক্ত হয়ে পড়েন তিনি। বর্তমানে তিনি ফেডারেল জুরির হেফাজতে রয়েছেন। গ্রিন কার্ডধারী নিলেশ দাস বসবাস করেন মেরিল্যান্ডে। ২০১৬ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে তিনি মেরিল্যান্ডের ল্যান্ডোভার হিলসে বসবাস করছিলেন।
বিবৃতিতে বলা হয়, নিলেশ ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড আলশামকে (আইসিস) সরঞ্জাম সরবরাহ এবং ম্যাটেরিয়াল সাপোর্ট ও বিভিন্ন উৎসের সন্ধান দিতেন। তিনি এফবিআইয়ের একজন কর্মকর্তাকে হত্যার চেষ্টা করছিলেন। সহিংস অপরাধের সময় তাঁকে আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহার করতে দেখা গেছে।
অভিযোগে বলা হয়, আইএসের পক্ষ নিয়ে নিলেশ আমেরিকার সেনাবাহিনীর একজন সদস্য ও এফবিআইয়ের একজন এজেন্টকে আইএসের পক্ষে হত্যার চেষ্টা করেছিলেন। জাস্টিস ডিপার্টমেন্ট বিবৃতিতে জানায়, নিলেশ ২০১৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইসলামিক স্টেটকে সহায়তা করছিল। তাঁর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রের অপব্যবহারেরও অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় নিলেশের যাবজ্জীবন দণ্ড হতে পারে।