আইএসকে থামিয়ে দেওয়া সম্ভব হচ্ছে: মার্কিন জোট
ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) বাহিনীর অগ্রাভিযান অবশেষে থামিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। আইএসবিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে গতকাল বুধবার এ কথা বলা হয়েছে। ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলসে প্রায় ৬০ দেশের এ জোটের প্রথম বৈঠকের পর দেওয়া বিবৃতিতে এ কথা বলা হয়। খবর এএফপি ও রয়টার্সের।
বৈঠকের পর দেওয়া জোটের বিবৃতিতে বলা হয়, ‘আইএসের বিরুদ্ধে বৈশ্বিক অভিযান ফল দিতে শুরু করেছে। সিরিয়া ও ইরাকজুড়ে আইএসআইএল/দায়েশের অগ্রাভিযান থমকে যাচ্ছে।’ উল্লেখ্য, দায়েশ ও আইএসআইএল জঙ্গি সংগঠনটির বিকল্প নাম।
এর আগে বৈঠকের শুরুতে সভাপতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও বলেন, জোটের হামলায় কট্টরপন্থী সুন্নি বাহিনীটির সক্ষমতার ‘উল্লেখযোগ্য রকম’ ক্ষতি হয়েছে।
কেরি বলেন, আইএসের বিরুদ্ধে অভিযান কয়েক বছর ধরে চলতে পারে। তবে যত দিনই লাগুক, জোট এতে লেগে থাকবে। তিনি বলেন, ‘আমাদের ভূমিকা খুব সম্ভবত বছরের হিসাবে পরিমাপ করা হবে, তবে ইতিমধ্যে আমাদের প্রচেষ্টা উল্লেখযোগ্য প্রভাব ফেলতে শুরু করেছে।’ দুই মাসের অভিযানে দায়েশের নেতারা হতাহত হয়েছেন এবং এর উপকরণগত ও কার্যক্রমের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, জোটের হামলার কারণে আইএসের পক্ষে বাহিনীর চলাফেরা বা সমন্বিত হামলা চালানো অনেক কঠিন হয়ে পড়েছে।
তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, দুই মাসের হামলায় আইএসের তেমন কোনো ক্ষতিই হয়নি। বাশার নিজেকে ঝড়ের মুখে জাহাজ রক্ষার চেষ্টারত ক্যাপ্টেন হিসেবে বর্ণনা করেন। সম্প্রতি ফরাসি পত্রিকা প্যারিস ম্যাচকে বলা বাশারের এ বক্তব্য গতকাল তাঁর টুইটার বার্তায় উল্লেখ করা হয়।