আইওয়াতে দুই পুলিশ কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রের আইওয়ার দে ময়েন এলাকায় পৃথক হামলায় পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, তাঁদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। এ ঘটনায় স্কট মাইকেল গ্রিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সময় রাত একটায় দে ময়েনের আরবানডেল নামের একটি উপশহরে পুলিশের এক সদস্যের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। এর ২০ মিনিট পর পুলিশের আরেক কর্মকর্তাকে ওই এলাকা থেকে কিছুটা দূরে শহরের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়।
দে ময়েনের পুলিশ বিভাগ বলছে, টহল গাড়িতে থাকা অবস্থাতেই দুজনের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাপারে অনুসন্ধান চলছে। তবে হামলার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।
পুলিশ বিভাগ আরও বলেছে, দে ময়েন ও আরবানডেল এলাকায় বাহিনীর কর্মকর্তাদের ওপর বর্তমানে ‘স্পষ্ট বিপদের’ আশঙ্কা রয়েছে। সার্জেন্ট পল পারিজেক সাংবাদিকদের বলেন, ‘এখানে এমন কেউ আছে, যে পুলিশ সদস্যদের গুলি করছে। আমরা আশা করছি, আরও কেউ হতাহত হওয়ার আগেই অপরাধীকে খুঁজে বের করতে পারব। জনসাধারণের কেউ আক্রান্ত হোক তা আমরা চাই না। পুলিশের ওপর হামলা হচ্ছে।’