আইডিএনওয়াইসি - একটি অনন্য প্রকল্প

নিউইয়র্কের মেয়রের ভাষায় এই শহর বিশ্বের সেরা। কারণ এই শহরে সবার জন্যই আশ্রয় আছে। আর নিউইয়র্ক সিটি হলো বিশ্বের বাতিঘর। তাই সারা বিশ্ব থেকে অভিবাসীরা ছুটে আসেন নিউইয়র্কে। একজন নতুন অভিবাসী এ দেশে আসার পর বিভিন্ন ধরনের সমস্যা মোকাবিলা করেন। অনেকেই বুঝতে পারেন না কোথায় গেলে সন্তানের শিক্ষা, কম মূল্যে চিকিৎসা, বাসস্থান, খাদ্যসহায়তা ইত্যাদি পাওয়া যাবে। অনেকেই বুঝে উঠতে পারেন না সন্তানকে কোন স্কুলে ভর্তি করবেন বা কার কাছে পরামর্শের জন্য যাবেন। অনেকেই দেখেছি বাংলাদেশের প্রয়োজনীয় ডিগ্রি, যা দিয়ে এখানে কাজ করা যায়, তা থাকা সত্ত্বেও জিইডির জন্য পড়াশোনা করছেন বা পরীক্ষা দিয়েছেন। এসব বিষয়ে ভালো ধারণা না থাকায় এমনটা হচ্ছে।
অভিবাসীদের প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য মেয়রের অফিস গঠন করেছে অভিবাসীবিষয়ক দপ্তর বা মেয়র’স অফিস অব ইমিগ্রান্ট অ্যাফেয়ার। এই অফিস নতুন অভিবাসীদের যা জানা প্রয়োজন, সে সম্পর্কে নানান তথ্য দিয়ে থাকে। এ ছাড়া এখানকার লাইব্রেরিগুলোও তথ্যকেন্দ্র হিসেবে কাজ করে। লাইব্রেরি থেকে অভিবাসনবিষয়ক আইনি সহায়তা থেকে খাদ্য সহায়তা বিষয়কসহ নানান তথ্য সংগ্রহ করা যায়।
আমেরিকায় অন্যতম জরুরি বিষয় হলো ফটো আইডি। যাঁদের বৈধ কাগজপত্র নেই, তাঁরা এই ফটো আইডি বা পরিচয়পত্রের অভাবে ভালো কাজ করার সুযোগ পান না। তাই অভিবাসন মর্যাদা যা-ই হোক না কেন, নিউইয়র্ক সিটির মেয়র সবাইকেই আইডিএনওয়াইসি (IDNYC) প্রকল্পের মাধ্যমে নিউইয়র্ক সিটির পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করেছেন। যদিও তাঁর এই উদ্যোগ বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে।
এই আইডি ৮০ লাখ নিউইয়র্কবাসীর জন্য একটি অভিন্ন পরিচয়পত্র। যেহেতু এই আইডি সিটি গভর্নমেন্ট থেকে সরকারিভাবে দেওয়া হচ্ছে, তাই এটি নিউইয়র্ক সিটির সর্বত্র গ্রহণযোগ্য। নিউইয়র্ক সিটিতে বসবাসকারী যে কেউ, এমনকি যাঁদের বাসস্থান নেই, কোনো কারণে জেল খেটেছেন, তাঁরাও এই সুযোগ পেতে পারেন। এই আইডি নিউইয়র্ক পুলিশ, অর্থাৎ এনওয়াইপিডি, যেকোনো সরকারি ভবন, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন এবং লাইব্রেরিগুলোও গ্রহণ করে থাকে।
তবে এই আইডি পেতে কিছু কাগজপত্রের প্রয়োজন হয়, যা কার্ডধারীর পরিচয় ও ঠিকানা নিশ্চিত করে। সিটি আইডি পেতে মোট ৪ পয়েন্টের প্রয়োজন হয়। সাধারণত যেকোনো ধরনের পরিচয়পত্রের জন্য ৩ পয়েন্ট এবং ঠিকানার জন্য ১ পয়েন্ট দেওয়া হয়। এ ক্ষেত্রে ব্যক্তির নিজ দেশ থেকে বহন করা পাসপোর্ট এবং ঠিকানা নিশ্চিত হওয়ার জন্য ব্যক্তি যে বাড়িতে থাকেন, সেই বাড়ির যেকোনো ধরনের বিল গ্রহণযোগ্য হবে। এসব বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে কর্তৃপক্ষের ওয়েবসাইটের (http://www1.nyc.gov/site/idnyc/index.page) অথবা নিকটস্থ লাইব্রেরির সহযোগিতা নেওয়া যায়। ৩১১ নম্বরে ফোন করেও এসব বিষয়ে তথ্য পাওয়া যাবে। তবে আইডি নিতে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হবে। নিকটস্থ লাইব্রেরিতে গেলেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে।
লেখক: গল্পকার। ই-মেইল: [email protected]