
দেশের শীর্ষ অভিবাসন পুলিশ বিভাগ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় নতুন নিরাপদ আশ্রয় আইন (স্যাংকচুয়ারি ল’) চালু হয়েছে। এরপর রাজ্যটির স্যাংকচুয়ারি সিটি হিসেবে স্বীকৃত সান্টা ক্লারা, সান ডিয়াগো, লস অ্যাঞ্জেলস এবং সান ফ্রান্সিসকোর মতো বড় বড় শহরগুলোতে ব্যাপক অভিযান চালানোর আশঙ্কা দেখা দিয়েছে।
এসব শহরে অভিবাসন আইন প্রয়োগের ব্যাপারে কেন্দ্রীয় (ফেডারেল) সংস্থাগুলোকে সহায়তা করা হয় সীমিত আকারে। কিন্তু এই আইন পাশের পর এসব শহরে বসবাসরত অবৈধ অভিবাসীদের কর্মক্ষেত্রে আর পাড়া মহল্লায় ব্যাপকভাবে অভিবাসন অভিযান (ইমিগ্রেশন রেইড) না চালিয়ে পুলিশের আর কোনো উপায় থাকবে না।
অভিবাসন ও শুল্ক আইন প্রয়োগকারী সংস্থা (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই)-এর ভারপ্রাপ্ত পরিচালক থমাস হম্যান বলেছেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরী ব্রাউন সিনেট বিল ৫৪ বা ‘এসবি ৫৪’ নামের যে আইনে গত ৫ অক্টোবর সাক্ষর করেছেন তা জননিরাপত্তাকে বিঘ্নিত করবে এবং আইসিই-এর কেন্দ্রীয় দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াবে। তিনি সাবধান করে বলেন, এর ফলে অতিরিক্ত গণ গ্রেপ্তার (অ্যাডিশনাল কোল্যাটারাল অ্যারেস্ট) ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের ঘোর বিরোধিতার মুখে ক্যালিফোর্নিয়ার সিনেটে ২৭-১২ ভোটে পাশ হওয়া এই নতুন আইনে স্টেট ও লোকাল পুলিশের পক্ষ থেকে কখন ও কীভাবে কেন্দ্রীয় এজেন্টদের অভিবাসন বিষয়ক তদন্ত ও গ্রেপ্তারে সহায়তা করা হবে সে বিষয়ে ব্যাপক সীমাবদ্ধতা এনেছে। নতুন এই বিল পাশ হওয়ার ফলে স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি (হেলথ অ্যান্ড সেফটি কোড) এর ১১৩৬৯ ধারা রহিত হবে এবং সরকারি বিধি (গভর্নমেন্ট কোড) এর ৭২৮২ ও ৭২৮২.৫ ধারা সংশোধিত হবে। রাজ্যটির দক্ষিণ পশ্চিমে অবস্থিত রিভারসাইড কাউন্টির রিপাবলিকান প্রতিনিধি ও সিনেটর জেফ স্টোন এই বিল পাশের বিরোধিতা করে ২০১৫ সালে কেইট স্টেইনলেকে হত্যার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এই আইনের ফলে আরও বেশি করে মানব পাচার, শিশু নির্যাতন ও মারণাস্ত্র দিয়ে হামলার শঙ্কা বাড়বে।
এই বিলের মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম সাপেক্ষে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা অভিবাসনজনিত কারণে তদন্ত, জিজ্ঞাসাবাদ, আটক, শনাক্ত ও গ্রেপ্তারের ক্ষেত্র রাজ্যটির নিজস্ব লোকবল ও অর্থবল ব্যবহার করতে পারবে না। এই বিলে আরও বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া রাজ্যের অন্তর্গত সব স্বাস্থ্য কেন্দ্র, সরকারি বিদ্যালয় ও সরকারি গ্রন্থাগার, আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত কর্তৃপক্ষ অভিবাসন বিষয়ে কী কী ভূমিকা পালন করবে সে বিষয়ে অ্যাটর্নি জেনারেল অন্যান্য প্রাসঙ্গিক সংস্থাকে সঙ্গে নিয়ে ২০১৮ সালের সেপ্টেম্বরের মধ্যে একটি নীতিমালা প্রণয়ন করবেন। এ ছাড়া বর্তমান নিয়মে সুনির্দিষ্ট নিয়ন্ত্রিত পদার্থ (স্পেসিফাইড কন্ট্রোল্ড সাবস্ট্যান্স) আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তারকৃত কেউ মার্কিন নাগরিক নয় বলে প্রতীয়মান হলে তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের (ডিপোর্টেশন) জন্য অভিবাসন বিষয়ক যথাযথ কেন্দ্রীয় সংস্থাকে তা জানানোর যে বিধান রয়েছে নতুন বিলে সেটা তুলে নেওয়া হয়েছে।
একই দিনে ক্যালিফোর্নিয়া সিনেটে এসবি-৬ নামে আরেকটি বিল ২৮-১১ ভোটে পাশ হয়েছে। এটির মাধ্যমে গুরুতর অপরাধের অভিযোগ নেই বিতাড়নের ঝুঁকিতে থাকা এমন অভিবাসীদের জন্য ১২ মিলিয়ন ডলারের একটা আইনগত সহায়তা তহবিল গঠন করা হবে। ক্যালিফোর্নিয়ার সরকারি নীতি সংস্থা (পাবলিক পলিসি ইনস্টিটিউট)-এর হিসাব অনুযায়ী প্রায় ২.৬ মিলিয়ন অবৈধ অভিবাসী রাজ্যটিতে বসবাস করে।
(বিশেষ দ্রষ্টব্য: এই নিবন্ধ কোনো আইনি পরামর্শ নয়। এটি কেবলমাত্র ইউএসসিআইএস এবং ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এর ওয়েবসাইটে প্রদর্শিত তথ্যের সন্নিবেশ মাত্র)
লেখক: ব্যারিস্টার-অ্যাট-ল, নিউ ইয়র্ক প্রবাসী। ইমেইলঃ expa. expe@gmail. com