আইনপ্রণেতাদের হত্যার হুমকিদাতা হান্টের জামিন নাকচ
যুক্তরাষ্ট্রের তিন আইনপ্রণেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ব্র্যান্ডেন হান্টের জামিন নাকচ করেছেন আদালত।
১ মার্চ আদালতের বিচারক নিউইয়র্কের কুইন্সের বাসিন্দা ব্র্যান্ডেন হান্টের জামিন নাকচ করে কারাগারে পাঠিয়ে দিয়েছেন।
গত ৩ নভেম্বর মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ার পর ব্র্যান্ডেন হান্ট সামাজিক যোগাযোগের মাধ্যমে তিন আইনপ্রণেতাকে হত্যার হুমকি দেন। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে যাওয়ায় পর ব্র্যান্ডেন হান্ট ছদ্মনামে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্পিকার ন্যান্সি পেলোসি, সিনেটর চার্লস শুমার ও কংগ্রেসওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার হুমকি দেন।
গত ৬ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ রক্ষণশীল উগ্রবাদীরা ক্যাপিটল হিলে হামলা চালায়। সেই হামলায় আইনপ্রণেতারা রক্ষা পেলেও, পরে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় শ্বেতাঙ্গ উগ্রবাদীদের পক্ষ থেকে।
ওয়াশিংটনে ক্ষমতার পরিবর্তন হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পরই দেশে জেগে ওঠা শ্বেতাঙ্গ উগ্রবাদীদের অধিক নজরদারিতে রাখা হয়েছে। ৬ জানুয়ারির ঘটনার জের ধরে এর মধ্যেই দুই শতাধিক উগ্রবাদীদের গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকজনকে বিচারের সম্মুখীন করা হয়েছে। নিউইয়র্কের ব্র্যান্ডেন হান্টকে এমন উগ্রবাদী হিসেবে মনে করা হচ্ছে। যদিও আদালতে ব্র্যান্ডেন হান্ট নিজেকে নিরপরাধ বলে দাবি করেছেন।