আইনি লড়াইয়ে জিতে কাউন্সিলর হলেন শাহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায় ঘোষণার পর আদালতের বাইরে শাহীন খালিক ও তাঁর সমর্থকেরা
রায় ঘোষণার পর আদালতের বাইরে শাহীন খালিক ও তাঁর সমর্থকেরা

নিউজার্সি অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত পিটারসন সিটিতে দুই স্বদেশির ব্যয়বহুল মামলার পর শাহীন খালিক আদালতের রায় পেয়েছেন। গত ৩১ জুলাই দীর্ঘ প্রায় এক বছরের আইনি লড়াইয়ের পর শাহীন খালিককে কাউন্সিলর হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বাতিলের জন্য আদালতে মামলা করেছিলেন প্রতিদ্বন্দ্বী সাবেক কাউন্সিলম্যান আখতারুজ্জামান। ২০১৬ সালের মে মাসে অনুষ্ঠিত সিটি কাউন্সিলের নির্বাচনে শাহীন খালিক ও সাবেক কাউন্সিলর আখতারুজ্জামানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। দুই প্রতিদ্বন্দ্বী ১৪০১ ও ১৩৮১ ভোটের প্রতিদ্বন্দ্বিতায় আখতারুজ্জমানের আইনজীবী প্রাথমিকভাবে ডাকযোগে প্রাপ্ত ২২টি ভোট বাতিল করাতে সক্ষম হন। মাত্র দুই ভোটে এগিয়ে থাকেন আখতারুজ্জমান।
শুরু হয় দুই স্বদেশির আইনি লড়াই। উভয় পক্ষের ব্যয়বহুল আইনি লড়াইয়ে আখতারুজ্জামান ব্যয় করেছেন প্রায় এক লাখ ডলার। অন্যদিকে শাহীন খালিকের এ খাতে ব্যয় দেড় লাখ ডলারের কাছাকাছি বলে উভয় প্রার্থীর ঘনিষ্ঠ সূত্র দাবি করছে।
সুপিরিয়র আদালতের বিচারক আরনেস্ট কাপোসেলা গত ৩১ জুলাই দেওয়া তাঁর রায়ে বলেছেন, ডাকযোগে পাওয়া অনেক ব্যালটে কোনো ত্রুটি পাওয়া যায়নি। চূড়ান্ত গণনায় শাহীন খালিকের ভোট বেশি হওয়ায় আদালত তাঁকে বিজয়ী ঘোষণা করেন। মামলার রায়ে বিজয়ী হওয়ার পর শাহীন খালিক বলেছেন, সত্যের জয় হয়েছে। তিনি ন্যায় বিচার পেয়েছেন এবং তাঁর প্রতি যাঁরা সমর্থন ও ভালোবাসা জানিয়েছেন তাদের কৃতজ্ঞ তিনি।