আইনের দেশ নিয়মের দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার রোমে গিয়েছিলাম। একদিন রাস্তায় গাড়িতে বসে আছি। কোনো এক অজ্ঞাত কারণে সরু রাস্তাটিতে অস্বাভাবিক রকমের যানজট লেগে গেছে। এমন সময় অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পেলাম। মনে মনে ভাবতে শুরু করলাম, হায়! যানজটের এই রাস্তা পেরিয়ে অ্যাম্বুলেন্সটা কীভাবে তার গন্তব্যে পৌঁছাবে! কিন্তু আমাকে অবাক করে দিয়ে অ্যাম্বুলেন্সটি ঠিকই যানজট ঠেলে মুহূর্তেই সেখান থেকে বের হয়ে গেল। অদ্ভুতভাবে গাড়িগুলো সরে গিয়ে ঠিকই জায়গা করে দিল মরণাপন্ন রোগীর জন্য।

দায়িত্ববোধের সেই উদাহরণ আজও আমার মনে দাগ কেটে আছে। উদাহরণ হিসেবে কতবার যে সেই ঘটনা বলেছি, তা মনে নেই। তবে আইন, আইনের প্রয়োগ আর আইনের প্রতি শ্রদ্ধা—তিনটি ক্ষেত্রেই আমেরিকা অসাধারণ। এই দেশের প্রত্যেক মানুষের ক্ষেত্রেই আইন সমান। তবে প্রয়োগের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম হয়তো কখনো ঘটে, কিন্তু প্রমাণিত হলে তারও দায়ভার সংশ্লিষ্টদের নিতে হয়। গত দেড় বছরে নিউইয়র্কে বসবাসের অভিজ্ঞতা থেকে দেখেছি, এখানে মানুষের আইন মেনে চলার প্রবণতা অনেক বেশি। দুটি কারণে সাধারণ মানুষ এখানে আইন মেনে চলে বলে আমার ধারণা। একটা শ্রেণি রয়েছে যারা অত্যন্ত সভ্য-ভদ্র। তারা আইনের প্রতি শ্রদ্ধাবোধ থেকেই তা মেনে চলে। আর আরেকটা শ্রেণি রয়েছে, তারা আইনের কঠিন প্রয়োগের কারণে ভয় থেকে তা মেনে চলে। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি হলেও, এই দেশে উল্টোপথে কেউ গাড়ি চালিয়ে যেতে পারবে না। কেউ যায়ও না। রাস্তায় যেখানে-সেখানে গাড়ি পার্ক করার চেষ্টাই কেউ করে না। নির্দিষ্ট জায়গায় নিয়ম মেনে গাড়ি পার্ক না করলে তার জন্য মাশুল গুনতে হয়। তবে মানুষের জীবন বাঁচানো ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশের গাড়ি সেটা করতে পারবে। কারণ, এ দেশে এই সংস্থাগুলো প্রবলভাবে মানুষের পাশে থাকে। সাইরেন বাজানো অবস্থায় অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি পেছনে এলে সামনে থেকে গাড়িগুলোকে অবশ্যই সরে যেতে হবে, মানুষ সরেও যায়। একইভাবে প্রচণ্ড গতিতে পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে যাচ্ছে, আর সামনের গাড়ি দ্রুত পাশে সরে যাচ্ছে, এই দৃশ্যও এখানে চিরচেনা। তবে সাইরেন না বাজিয়ে নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশের যে গাড়ি চলেছে, তাকে সাইড দেওয়ার কোনো প্রয়োজন কেউ দেখায় না। তার জন্য কোনো সংকট তৈরি হওয়ারও ঝুঁকি নেই।

সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে, স্কুল বাসগুলো এখানে খুব গুরুত্ব পায়। একটা উদাহরণ দেওয়া যাক। কোনো কারণে যদি একটি স্কুল বাস কোথাও দাঁড়িয়ে থাকে, আর দুপাশের ‘স্টপ’ লেখা কান দুটো খুলে দেয়, তাহলে প্রেসিডেন্টের গাড়িও সেটিকে পাশ কাটিয়ে যেতে পারবে না। সামনে-পেছনে চলে যাওয়ার মতো জায়গা থাকলেও সেটা সম্ভব না। কেউ যায়ও না। নিজে যখন প্রথম প্রথম গাড়ি চালানো শুরু করেছি, অনেকেই সতর্ক করে দিয়ে বলেছেন, স্কুলবাসের ব্যাপারে বেশি সাবধান। কারণ, স্কুলবাসে ছোট ছোট বাচ্চা থাকে। শিশুদের বিষয়গুলো এখানে অতি স্পর্শকাতর হিসেবে বিবেচনা করা হয়। এ কারণেই কোনো স্কুলবাস যদি থামার সিগন্যাল দেয়, আর কেউ তা অমান্য করে, তাহলে তার শাস্তি অত্যন্ত কঠিন। আইন অমান্যকারী গাড়িচালকের লাইসেন্সের পয়েন্ট তো কাটা যাবেই, সেই সঙ্গে রয়েছে অর্থদণ্ডও।

এখানে সর্বত্র এসব আইন মেনে চলতে দেখি। তবে এর মধ্যেও ছোট-বড় দুর্ঘটনা ঘটে, অপরাধ হয়। কারণ, কোনো সমাজই অপরাধমুক্ত নয়। এর মধ্যেও কোথাও কোথাও দেশি ভাইবোনদের রাস্তায় থুতু কিংবা পানের পিক ফেলা, অথবা সিগন্যাল মেনেই দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা দেখে ব্যথিত হই। সুযোগ পেলে হয়তো গাড়ি চালানোর সময় কেউ কেউ রেড লাইট অমান্য করে বের হয়ে যাওয়ারও চেষ্টা করেন। শাস্তিও পান অনেকে। কিন্তু শাস্তির চেয়ে কি সচেতনতা ভালো নয়! কমিউনিটি হিসেবে প্রবাসী বাংলাদেশিরা অনেক ভালো আর অনেক সচেতন বলেই আমার বিশ্বাস। এরপরও তো কাউকে কাউকে অপরাধে জড়িয়ে পড়তে দেখি। অপরাধহীন যেমন কোনো সমাজ নয়, তেমনি মনে রাখা ভালো, কোনো সমাজই অপরাধকে সমর্থন করে না। ফলে নিয়মের মধ্যে, পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে থাকাই সবার জন্য মঙ্গল।

শামীম আল আমিন: সাংবাদিক।