আইস হয়ে উঠেছে ট্রাম্পের ব্যক্তিগত পীড়নযন্ত্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমানায় আমেরিকার সবচেয়ে সক্রিয় আইন প্রয়োগকারী সংস্থায় পরিণত হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) সংস্থাটি। যেন নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের দেওয়া অভিবাসনবিরোধী প্রতিশ্রুতি রক্ষাই এই সংস্থার একমাত্র কাজ হয়ে উঠেছে।
মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাব মিশ্র। একেক সংস্থার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি একেক ধরনের। যেমন বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলারের দলটি সম্পর্কে তাঁর মনোভাব হচ্ছে, এটি ‘কট্টর ডেমোক্র্যাট’ পরিচালিত এক ‘ভিন্নমত দমনের’ (উইচ হান্ট) আখড়া। আরেক আইন প্রয়োগকারী সংস্থা এফবিআই সম্পর্কেও তাঁর মনোভাব ইতিবাচক নয়। তাঁর মতে, নির্বাচনে রাশিয়ার আঁতাতের তদন্তে এফবিআই এতটাই মশগুল যে তা পার্কল্যান্ডের হাইস্কুলে হয়ে যাওয়া বন্দুক হামলার মতো অপরাধ রোধ করতে ব্যর্থ হচ্ছে। এই সংস্থার সুনাম এতটাই ক্ষুণ্ন হয়েছে যে তা এখন ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থায় গিয়ে পৌঁছেছে। অর্থাৎ আইন প্রয়োগকারী বড় বড় সংস্থা নিয়ে ট্রাম্প বেশ রুষ্ট। শুধু একটাই ব্যতিক্রম। আর তা হলো ‘আইস’।
প্রেসিডেন্টের দৃষ্টিতে একমাত্র আইস-ই আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অভিবাসীদের বিরুদ্ধে সংস্থাটির অভিযান ব্যাপক মাত্রায় বেড়েছে। এটিকে ট্রাম্প নিজেই টুইটে ‘নিছক নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা ছাড়া’ আর কিছু নয় বলে উল্লেখ করেছেন। আইসের ভারপ্রাপ্ত পরিচালক থমাস হোমান সম্পর্কে ট্রাম্পের মন্তব্য, ‘একদিন কেউ একজন বলছিল, তারা তাঁকে টেলিভিশনে দেখেছে...। তাঁকে নোংরা ও নীচ বলে মনে হয়েছে তাদের। আমি বলি, এমনটাই আমি চেয়েছিলাম।’
আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি রাষ্ট্রপ্রধানের এমন মনোভাব কর্তৃত্ববাদী শাসনব্যবস্থাতেই দেখা যায়। এ ধরনের ব্যবস্থায় কর্তা তথা রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্তের সঙ্গে যেসব সংস্থা ভিন্নমত পোষণ করে, সেগুলোর পিণ্ডি প্রকাশ্যে চটকানো হয়। আর যেসব সংস্থা পূর্ণ আনুগত্য প্রদর্শন করে, সেগুলোকে রোমান সাম্রাজ্যের প্রিটোরিয়ান গার্ডের মতো অভিযান বাহিনীর মর্যাদা দেওয়া হয়। আমেরিকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি বর্তমান প্রেসিডেন্টের মনোভাব অনেকটা এ রকমই, যা কর্তৃত্ববাদী শাসনব্যবস্থাতেই শুধু দেখা যায়।
আইসের যেকোনো কর্মকর্তা হয়তো এ ধরনের মন্তব্যকে অস্বীকার করবেন। এই ক্ষেত্রে তাঁরা আমেরিকার নীতির কথা বলবেন, যেখানে কোনো প্রেসিডেন্টের ইচ্ছা-অনিচ্ছা থেকে স্বাধীনভাবে কাজ করার এখতিয়ার রয়েছে সংস্থাটির। কিন্তু খোলা চোখে দেখলে আইস ঠিক তা-ই করছে, যা ট্রাম্পের আঞ্চলিকতাদুষ্ট মন চাইছে।
সম্প্রতি ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর আইসের গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে ৪০ শতাংশ। এই একটি তথ্যই আইসের কার্যকলাপের সঙ্গে প্রেসিডেন্টের অভিবাসনবিরোধী রাজনৈতিক অবস্থানের সংযোগ রেখাটি দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অভিবাসন বিষয়ে ট্রাম্পের দেওয়া একের পর এক নির্বাহী আদেশ আইসের কার্যপরিধি ব্যাপকভাবে বাড়ান হয়েছে। জননিরাপত্তার কোনো হুমকি ছাড়াই স্বপ্রণোদিত অভিবাসনবিরোধী অভিযান তারা চালিয়ে যাচ্ছে। কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা ছাড়াই সোৎসাহে অভিবাসী গ্রেপ্তার করা হচ্ছে। এখন অবৈধ অভিবাসীদের আইস কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎও হাতকড়া আর বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপে গিয়ে শেষ হচ্ছে। কিন্তু তাতেও শান্তি হচ্ছে না। অভিবাসীবান্ধব শহরগুলোয় মোতায়েন করা হচ্ছে বাড়তি জনবল। আশ্রয় প্রার্থনা করা পরিবারগুলোর শত শত শিশুকে তাদের মা-বাবা থেকে আলাদা করা হয়েছে। তাদের এখন পৃথক জায়গায় আটক রাখা হচ্ছে। এখানেই শেষ নয়। দীর্ঘ অগ্নিপরীক্ষার পর কী মিলছে তাদের কপালে? ওই একই ভবিতব্য, ‘বহিষ্কার’। এমনকি সম্প্রতি সন্তানসম্ভবা নারীদের আটক রাখায় সহজীকরণের নীতিও নেওয়া হয়েছে। জেলখানা থেকে মানবিক বিবেচনায় আশ্রয়প্রার্থীদের প্যারোল দেওয়া হচ্ছে না। দিনের পর দিন যথাযথ প্রক্রিয়া ছাড়াই তাদের কারারুদ্ধ রাখা হচ্ছে।
আইসের কর্মকর্তারা অবশ্য বিভিন্ন সময়ে বলেছেন, তাঁদের অরাজনৈতিক চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। কিন্তু এই বক্তব্যের বিপরীত ভাষ্যটি স্বয়ং সংস্থার বর্তমান প্রধানের কণ্ঠেই শোনা যাচ্ছে। থমাস হোমান আইন প্রয়োগকারী সংস্থার হাতকে শক্তিশালী করার জন্য ট্রাম্প প্রশাসনের প্রশংসা করেছেন প্রকাশ্যেই। তাই অনায়াসে বলা যায়, আইস কর্মকর্তারা প্রেসিডেন্টের দ্বারা নির্বিরোধে ব্যবহৃত হচ্ছেন। এর মধ্য দিয়ে তাঁরা নিজেদের ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে ফেলছেন।
এটা স্বীকার করতেই হবে যে আমেরিকার নিরাপত্তা রক্ষায় আইস খুব গুরুত্বপূর্ণ কাজ করে, যা সহজও নয়। সত্যিকারের বিপজ্জনক লোকেদের খুঁজে বের করে তাদের আমেরিকায় প্রবেশ ও অবস্থান রোধ করতে হয়। এই বিপজ্জনক লোকেদের তালিকায় রয়েছে সন্ত্রাসী গোষ্ঠী, মাদক ব্যবসায়ীসহ ভয়াবহ সব ব্যক্তি। একই সঙ্গে এটা অস্বীকারের কোনো উপায় নেই যে যুদ্ধ ও সহিংসতা থেকে পালিয়ে আসা নারী-পুরুষ ও শিশুদের নিয়েও তাদের দায়িত্ব রয়েছে। মোদ্দা কথা হচ্ছে, আইসের কাজ করতে হয় বিশ্বের সবচেয়ে ভয়ংকর ও সবচেয়ে নিপীড়িত মানুষদের নিয়ে। এ জন্য সর্বোচ্চ সতর্কতাই সবচেয়ে বেশি জরুরি। কিন্তু ট্রাম্প প্রশাসনের অধীনে আইসের এই সতর্ক অবস্থানটিই অদৃশ্য হয়ে গেছে।
আইসের এই অবস্থান এখন আমেরিকার সর্বস্তরে আলোচিত হচ্ছে। সম্প্রতি অভিবাসন নিয়ে আন্দোলন করা এক ব্যক্তিকে আদালতে হাজির করেছিল আইস। তাঁকে আমেরিকা থেকে বহিষ্কার করতে চেয়েছিল সংস্থাটি। এ বিষয়ে শুনানিতে ইউএস ডিস্ট্রিক্ট জজ ক্যাথেরিন বি ফরেস্ট বলেছিলেন, ‘যারা বছরের পর বছর এই দেশে কোনো ধরনের অপরাধ-সংশ্লিষ্টতা ছাড়াই রয়েছে, তাদের সঙ্গে এমন আচরণ করা উচিত নয়, যা আমরা সন্ত্রাসীদের সঙ্গে করে থাকি। এই দেশে এমনটা আগে কখনোই হয়নি। এটা অন্যায্য। আমরা এমন দেশ নই।’
এ তো গেল অযথা আটক, গ্রেপ্তারসহ আইসের অভিবাসনবিরোধী তৎপরতার কথা। এখানেই শেষ নয়। আটক কেন্দ্রগুলোতে চলে নানা ধরনের নির্যাতন। আইসের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অবশ্য আগে থেকেই ছিল। তফাত যা, তা হলো মাত্রায়। ট্রাম্প প্রশাসনের সময়ে এসে বন্দী নির্যাতনের মাত্রা বেড়েছে। এমনকি এই ক্ষেত্রে বর্ণবাদী আচরণের অভিযোগও পাওয়া গেছে। প্রোপাবলিকা ও ফিলাডেলফিয়া এনকোয়ারারের তদন্তে বর্ণবাদী মনোভাবে উদ্দীপ্ত হয়ে পরোয়ানা ছাড়া গ্রেপ্তার, ভুয়া অভিযোগ গঠন ও বন্দী রেখে নির্যাতনের ভয়াবহ তথ্য উঠে এসেছে। গত কয়েক বছরে আইসের বিরুদ্ধে পাওয়া গেছে শত শত যৌন নির্যাতনের অভিযোগ।
সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গ্রেটা সোটো মোরেনো নামের এক আশ্রয়প্রার্থী অভিযোগে বলেছিলেন, ‘আইসের কারাগার ও আটক কেন্দ্রগুলোর অবস্থা সাধারণ কারাগারের চেয়ে ভয়াবহ। তারা মনে করে অভিবাসী কিংবা শরণার্থীদের সঙ্গে এমন আচরণ করাই যায়। এর চেয়ে উন্নত পরিবেশ তাদের প্রাপ্য নয়। আর এটাকেই আইস বলে জিরো টলারেন্স নীতি।’
কোনো একটি রাষ্ট্রীয় সংস্থাকে বিমানবিকীকরণের এক ভয়াবহ পরিণতির দিকে অনেকটাই এগিয়ে গেছে আইস। এই প্রচণ্ড ক্ষতিকর কাজটি সংঘটিত হচ্ছে ট্রাম্প প্রশাসনের সক্রিয় তত্ত্বাবধানে। প্রেসিডেন্ট নিজেই আইসকে সব ধরনের নিপীড়ন চালানোর ছাড়পত্র দিয়ে রেখেছেন। এই ছাড়পত্র হাতে নিয়ে আইস বিচার-বিবেচনা ছাড়াই প্রেসিডেন্টের ব্যক্তিগত পীড়নযন্ত্রে পরিণত হচ্ছে।