আইসক্রিম চোর পাকড়াতে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ধনকুবের জন কাসসিমাতিডেস আইসক্রিম চোরের যন্ত্রণায় অতিষ্ঠ। বাধ্য হয়ে চোরের তথ্য পেতে পুরস্কার ঘোষণা করেছেন। টুইটারে লিখেছেন, চোরের খবর দিলে পাঁচ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, মুদি ব্যবসায়ী এই ধনকুবের একসময় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি নিউইয়র্ক পোস্ট পত্রিকাকে বলেন, ছোট দোকানে বিক্রির জন্য চোরের দল কার্টন কার্টন আইসক্রিম চুরি করছে।

পত্রিকার খবরে জানানো হয়, এরই মধ্যে পুলিশ এ ধরনের ২৫০টি অভিযোগ পেয়েছে এবং ১৩০ জনকে গ্রেপ্তার করেছে।

ক্রোয়েসটিস নামের ওই মুদি দোকানের মালিক জন টুইটারে বলেন, নিউইয়র্ক সিটির সুপারমার্কেটগুলোকে চোরের দল ধ্বংস করে দিচ্ছে। ছোট ছোট মুদি দোকানের মালিকদের ইন্ধনের চোরেরা এত সাহস পাচ্ছে।

উদাহরণ দিতে গিয়ে বলেন, চলতি সপ্তাহের শুরুর দিকে ম্যানহাটনের উপকণ্ঠ চেলসিয়াতে তাঁর একটি স্টোরে চুরির ঘটনা মোবাইল ফোন ক্যামেরায় ধরা পড়ে। ওই সময় দুজন নারী-পুরুষ আইসক্রিমের ৮০টি বাক্স ঝোলায় পুরে দৌড়ে চম্পট দেয়।

পুলিশ জানায়, ওই দুই চোর দোকানের লোকজনের তাড়া খেয়ে আইসক্রিমগুলো বাইরে ফেলে পালায়। তবে সিটি কর্তৃপক্ষ এ ধরনের আইসক্রিম পুনরায় বিক্রির বিষয়টিকে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানায়। কেননা, ডেইরি পণ্য ফ্রিজের বাইরে ফেলে রাখা হলে তা জীবাণুর সংস্পর্শে আসতে পারে।

কয়েক দিন ধরে নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড দাবদাহ বয়ে যাচ্ছে। আশঙ্কা করছে, এই তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।