
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসছেন ২২ সেপ্টেম্বর। তাঁর নিউইয়র্ক সফরকে সামনে রেখে আমেরিকা প্রবাসী আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে চলছে আয়োজন। সব মিলিয়ে এখন আমেরিকা, বিশেষত নিউইয়র্কে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা ব্যস্ত সময় পার করছেন। হচ্ছে দু পক্ষের পাল্টাপাল্টি সভা।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে ১৭ সেপ্টেম্বর। আর উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনা (হাই লেভেল জেনারেল ডিবেট) শুরু হবে ২৪ সেপ্টেম্বর থেকে, যা চলবে এক সপ্তাহজুড়ে, যেখানে বিশ্ব নেতৃবৃন্দ ভাষণ দেবেন। এর আগে ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘ক্লাইমেট সামিট’ বিষয়ে বিশেষ সভা আহ্বান করবেন। একই দিনে অনুষ্ঠিত হবে ইউনিভার্সেল হেলথ কাভারেজ (ইউএইচসি) সম্পর্কিত উচ্চ পর্যায়ের সভা। এবারের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফে রোহিঙ্গা বিষয় ছাড়াও কাশ্মীর, আসাম প্রভৃতি বিষয় প্রাধান্য পাবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিউইয়র্ক আগমন উপলক্ষে অতীতের মতোই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সংবর্ধনা সভার আয়োজন করেছে। ২৮ সেপ্টেম্বর এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। ম্যানহাটনের মার্কাস হোটেলের বলরুমে বেলা ১২টায় এ সংবর্ধনা সভা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। এ নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। জ্যাকসন হাইটস জেগে আছে রাতভর। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ আওয়ামী পরিবারভুক্ত নানা সংগঠনের ব্যানারে চলছে সভা, পাল্টা সভা। মূল লক্ষ্য দলের নেতৃত্বে আসা।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সংবর্ধনা সফল করতে নগরীর বিভিন্ন স্থানে টাউন হল মিটিংয়ের আয়োজন করা হচ্ছে। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এমনই একটি সভা। প্রবীণ প্রবাসী ছদরুন নূরের সভাপতিত্বে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন সিদ্দিকুর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুল হাসান, সহসভাপতি লুৎফুল কবীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সম্পাদক হাজি এনাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক অশরাফুজ্জামান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, আওয়ামী লীগ নেতা সরাফ সরকার, বদরুল হোসেন খান প্রমুখ।
অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের ব্যানারে দলের অন্যতম উপদেষ্টা প্রদীপ রঞ্জন করের নেতৃত্বে দলের আরেকটি অংশ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাউন্সিল ও নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। এই অংশের উদ্যোগে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি ভেন্যুতে কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কর্মী সমাবেশের আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকারবিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ। সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বাকসুর সাবেক জিএস প্রদীপ রঞ্জন কর। সংগঠনের বাণিজ্যবিষয়ক সম্পাদক ও কর্মিসভার সদস্যসচিব ফরিদ আলমের সঞ্চালনায় সভা মঞ্চে উপবিষ্ট ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কামরুল হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইরীন পারভীন, সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত, আইনবিষয়ক সম্পাদক শাহ বখতিয়ার, শিক্ষাবিষয়ক সম্পাদক এম এ করীম জাহাঙ্গীর, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য হিন্দাল কাদের বাপ্পা, শরীফ কামরুল হীরা, ইলিয়ার রহমান, পেনসিলভানিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাই, যুক্তরাষ্ট্র মহিলা লীগের শাহনাজ মমতাজ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম আলমগীর, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহসভাপতি মঞ্জুর চৌধুরী, যুবলীগ নেতা জামাল হোসেন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আশ্রাফ উদ্দীন, ছাত্রলীগের সাবেক সহসভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।
গত সাত বছর ধরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে একই নেতৃত্ব চলছে। তিন বছর পরপর কাউন্সিল হওয়ার কথা থাকলেও সেই কাউন্সিল হচ্ছে না, নতুন নেতৃত্বও আসছে না। ইতিপূর্বে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা জাতিসংঘ সফরকালে সিদ্দিকুর রহমানকে সভাপতি ও সাজ্জাদুর রহমান সাজ্জাদকে সাধারণ সম্পাদক মনোনীত করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মুজিবুর রহমান মিয়াকে সভাপতি ও শাহীন আজমলকে সাধারণ সম্পাদক করে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ এবং কমান্ডার নুরন নবীকে সভাপতি ও এমদাদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করেছিলেন। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাজ্জাদুর রহমান সাজ্জাদ বহিষ্কার হলে যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নবী সম্প্রতি ইন্তেকাল করেন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাউন্সিলের দাবি জোরালো হয়ে উঠেছে। অনেকেই আশা করছেন এবার সম্মেলন হবে; নিদেনপক্ষে দলীয় প্রধান একটি কমিটি ঘোষণা করে যাবেন। এ নিয়েই আপাতত বিনিদ্র সময় কাটছে দলটির নেতা-কর্মীদের।