আকাশ থেকে ঝাপ দিয়ে শততম জন্মদিন উদযাপন!

নিজের জন্মদিন অনেকে অনেকভাবে পালন করে থাকেন। কেউ কেউ যান সমুদ্র সৈকতে, কেউ বা যান প্রমোদ ভ্রমণে, কেউ বা বিশাল পার্টি দেন নিজের জন্মদিনে। তবে জন্মদিনে আকাশ থেকে ঝাপ (স্কাইডাইভিং) দিয়েছেন এমন খবর পাওয়া মাত্র দুজনের বেলায়। খবর এটা নয়, খবর হলো ১০০তম জন্মদিনে আকাশ থেকে ঝাপ দেওয়া!
শততম জন্মদিনে আকাশ থেকে ঝাপ দেওয়া ওই নারীর নাম কানিংহাম। তিনি যুক্তরাষ্ট্রের নিউইর্য়কের বাসিন্দা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র জর্জ বুশকেও পেছনে ফেলেছেন তিনি। বুশ নিজের ৯০তম জন্মদিন উদযাপন করেছিলেন আকাশ থেকে ঝাপ দিয়ে।
কানিংহাম নিউইর্য়কে থাকেন তাঁর নাতির সঙ্গে। গত শনিবার তিনি সাত মাস বয়সী প্রোপৌত্রকে চুমু খাওয়ার পরই গ্যানসভোর্ট সারাটোগা থেকে ঝাপ দিয়ে সম্ভবত সবচেয়ে বেশি বয়সে স্কাইডাইভিংয়ের কাজটি করলেন। মাটিতে নেমে তিনি সবার সঙ্গে কথাও বলেছেন। তবে তিনি কত ওপর থেকে ঝাপ দিয়েছেন, তার বিস্তারিত কিছু জানা যায়নি।
বিদেশি ওয়েবসাইটের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমসে বলা হয়েছে, কানিংহাম এর আগে ৯০ বছর বয়সেও আকাশ থেকে ঝাপ দিয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো তিনি একাজটি করলেন।
মজার ব্যাপারে হলো এই বয়সে এমন কাজ করতে কানিংহামকে তার চিকিৎসক অনুমতি দিয়েছেন। চিকিৎসকের মন্তব্য, এই বয়সে কানিংহামের শরীরের যে অবস্থা তাতে এর চেয়েও বেশি কিছু করতে পারেন তিনি।