আকাশছোঁয়া দামে বিস্বাদ পানপাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পান তৈরি করছেন জ্যাকসন হাইটসের শাহি পান দোকানি মোহাম্মদ খান
পান তৈরি করছেন জ্যাকসন হাইটসের শাহি পান দোকানি মোহাম্মদ খান

বাঙালি পেট ভরে খেতে পারুক আর না পারুক, একটু গল্প আড্ডার ছলে পান খেয়ে মুখ লাল করার যে অভ্যাস নিয়ে এই দূর প্রবাসে এসেছেন, তা মেটাতে গাম ঝরাতে হচ্ছে তাদের। কেননা, পান পাতার দাম বাড়ছে হু হু করে। নিউইয়র্কে এখন প্রতি পাউন্ড পানের দাম ২৫ ডলারে ঠেকেছে।
আবার শুধু ডলার দিলেই যে কাড়ি কাড়ি পান পাতা মিলছে অবস্থাটা তেমনও নয়। সংকটের কারণে দোকানিরা কোনো গ্রাহককে নিরাশ করতে চান না। সব গ্রাহককে খুশি রাখতে তাই সীমিত গ্রাহকপ্রতি সীমিত পান বিক্রি করেন তাঁরা। জ্যাকসন হাইটসে মান্নান গ্রোসারির ব্যবস্থাপক জসিমউদ্দীন আতিক বলেন, এখন তাঁরা ২/৩ ডলারের বেশি কাউকেই পান দিতে পারছেন না। কেননা, বাজারে পানের সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে। আর তাতেই পানপ্রিয় বাংলাদেশি প্রবাসীদের ঘুম হারাম হওয়ার অবস্থা।
নাসিমা সুলতানার পরিবারে তাঁর মাসহ তিনজন পান খান। তিনি পরিবারের তিনজনের জন্য নিউইয়র্ক থেকে পান কেনেন। ২২ জানুয়ারি অ্যাস্টোরিয়ার বনফুল গ্রোসারি থেকে ২৫ ডলার দিয়ে এক পাউন্ড পান কেনেন। ব্রডওয়ের হায়দারি পান অ্যান্ড কোম্পানির একজন পাকিস্তানি বিক্রেতা জানান, এক পাউন্ড (প্রতি পাউন্ডে ১০০ করে পান) আর দশ পাউন্ড, যাই কিনুন না কেন, এখন এর দাম ২৫ ডলারের বেশি। জ্যাকসন হাইটসের শাহী পান বিক্রেতা বাংলাদেশি মোহাম্মদ খান অবশ্য গত বছরের মত পরিস্থিতি হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। গত বছর একবার ৪০ ডলার পর্যন্ত উঠেছিল পানের দাম। তবে তাঁর গত ৫ বছরের পান বেচাকেনার অভিজ্ঞতা থেকে বলেন, শীত মৌসুমে প্রতি পাউন্ড ৫০/৬০ ডলার পর্যন্ত দামে পাইকারি দোকান থেকে কিনেছেন।
ওজোন পার্কের মান্নান গ্রোসারিতে সাত দিনের দোকানির অভিজ্ঞতা সম্পন্ন একজন নতুন প্রবাসী জানান, তাঁর দেখা মতে ওই সময়টাতে সবচেয়ে বেশি ক্রেতা ছিল পানের জন্য। অন্য অনেক বাজার করার পর পান না কিনলে যেন বাজার হয় না বাংলাদেশিদের!
এক হিসেবে দেখা গেছে, প্রতিদিন ৫০০ বক্স পান লাগে নিউইয়র্ক শহরে। এক বক্সের ওজন ১৫ পাউন্ড। গ্রীষ্মে প্রতি পাউন্ড পান বিক্রি হয় ১০ ডলারের কম বেশি। একটু শীত বেশি পড়লে বেড়ে যায় দাম। শীতের শুরুতে দাম ছিল ১২/১৪ ডলার। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ২৫ ডলারে। আবার বরফ বেশি পড়া শুরু হলে দাম উঠবে ৩০ ডলারে।
কোথা থেকে আসে নিউইয়র্কের এই পান, সেই প্রশ্ন অনেকেরই। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব পানের বেশির ভাগ আসে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ হাওয়াই থেকে। সেখানে আবার এগুলোর বাণিজ্যিক চাষাবাদ করেন চাইনিজ বংশোদ্ভূতরা। কেননা, ইতিহাস ঘাঁটলে দেখা যায় পানের উৎপত্তি চীন দেশ থেকেই। কিন্তু এটির ব্যবহারে চীনাদের পেছনে ফেলেছে ভারতীয় উপমহাদেশের লক্ষ-কোটি মানুষ। পাকিস্তান, ভারত আর বাংলাদেশ—এই তিন দেশের অনেক মানুষ প্রতিদিন পান খান। তবে, নিউইয়র্কে পান বাজারের সবচেয়ে বড় ক্রেতা নাকি বাংলাদেশি প্রবাসীরাই। যদিও এই তথ্যের সত্যতা বা শুমারি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায় না।
সম্ভবত বাংলাদেশ থেকে এ দেশে কৃষিজাত পণ্য আনার ব্যাপারে কিছু বিধিনিষেধ আছে। সে কারণে মহেশখালীর পানের বিপুল চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে পান আমদানি করার উদ্যোগ নেন না কেউ।
এই পান নিয়ে কথকতার শেষ নেই। পান খেয়ে নাকি বাঙালি রাস্তায় পিক ফেলে নোংরা করেন—২০১২ সালে এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে নিউইয়র্ক টাইমসে। নিকোলাস হার্সনের লেখা ‘অন জ্যাকসন হাইটস সাইডওয়াকস, এ ট্রিট’স মেসি আফটারম্যাথ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি ২০১২ সালের ১৩ আগস্ট নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়। তাতে পানের পিক ফেলে রাস্তা নোংরা করার অপবাদ পড়ে বাংলাদেশি ভারতীয় আর পাকিস্তানিদের ওপর। এখন অবশ্য সচরাচর পানের পিক দেখা যায় না, তবে পান খাওয়া কমেনি মানুষের। পান পাতার দামে আগুন লাগায় হয়তো বেচা-বিক্রি কিছুটা কমেছে।