আকায়েদ জঙ্গি না সহিংসতাকারী?

নিউইয়র্কের ম্যানহাটনে পোর্ট অথরিটি বাস টার্মিনাল-সংলগ্ন পাতালপথে বোমা বিস্ফোরণচেষ্টার সঙ্গে অভিযুক্ত আকায়েদ উল্লাহর পরবর্তী শুনানি ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর মধ্যে হাসপাতালের বিছানায় তাঁর সঙ্গে বিচারকের কথোপকথন হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিলের পর আকায়েদের জামিন হয়নি। কোনো আইনজীবী তাঁর জামিন চাননি। এখন তাঁর বিরুদ্ধে যে বিচারকাজ চলছে, সেখানে তাঁর সাজা কী হতে পারে, সেটা নিয়ে চলছে জল্পনাকল্পনা।
প্রাথমিক তদন্ত প্রতিবেদনে আকায়েদ উল্লাহকে কোথাও বাংলাদেশি
হিসেবে উল্লেখ করা হয়নি বা তাঁর পরিবারের সম্পর্কে তথ্য দিয়ে তাঁদের হেয় করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে আইএসের অপপ্রচারে আকায়েদ নিজেই উদ্বুদ্ধ হয়েছেন। এ প্রতিবেদনের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমকে আরও নজরদারিতে আনা জরুরি।
আকায়েদের বিরুদ্ধে পাঁচ ধরনের অভিযোগ করা হয়েছে। প্রথমেই বলা হয়েছে, তিনি ভিনদেশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সহযোগিতামূলক যোগাযোগ রেখেছেন। দ্বিতীয় অভিযোগ, গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহার। তৃতীয় অভিযোগ, পাবলিক প্লেসে বোমা বিস্ফোরণ। চতুর্থ অভিযোগ, সরকারি স্থাপনায় বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়া। পঞ্চম অভিযোগ, ধ্বংসাত্মক দ্রব্যাদি ব্যবহার করে সহিংসতা সৃষ্টির চেষ্টা করা।
নিউইয়র্ক জয়েন্ট টেররিজম টাস্কফোর্স (জেটিটিএফ), হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের এজেন্ট জোসেফ ডি সারসিলো একটি প্রতিবেদন দাখিল করেছেন। ওই প্রতিবেদনের একটি কপি পৌঁছেছে প্রথম আলোর কাছে। আদালতে পেশ করা প্রতিবেদনে কোথাও আকায়েদকে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ আনা হয়নি। বরং তাঁর বিরুদ্ধে সহিংসতা সংঘটনের অভিযোগ আনা হয়েছে। ১১ ডিসেম্বর আকায়েদের বাসস্থান থেকে তল্লাশি চালিয়ে যেসব দ্রব্য জব্দ করা হয়েছে তার মধ্যে আছে ছুরি, ক্রিসমাস লাইটিংয়ের তার, অনেকগুলো স্ক্রু ও একটি পাসপোর্ট, যেখানে লেখা আছে ‘আমেরিকা তুমি ধ্বংস হও’।
যদিও প্রতিবেদন এর ১১ জি অনুচ্ছেদে বলা হয়েছে, আকায়েদ উল্লাহ ঘটনা ঘটানোর দিন, ১১ ডিসেম্বর সকালে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে তাঁর ফেসবুক পেজে লেখেন, ট্রাম্প তুমি তোমার দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছ। পরে জিজ্ঞাসাবাদে তিনি ‘আইএস-এর প্রতি অনুরক্ত’ থাকার কথা স্বীকার করেন।
একই প্রতিবেদন এর ১১/এফ অনুচ্ছেদে বলা হয়েছে, আকায়েদ ২০১৪ সাল থেকেই আইএসের প্রতি তাঁর আনুগত্য প্রকাশ করেন, মূলত ইন্টারনেটে একটি ভিডিও দেখে। ওই ভিডিওতে বলা হয়েছে, আইএসে যাঁরা সশরীরে যোগ দিতে পারছেনন না সেসব তরুণ, নিজ দেশে কীভাবে কার্যকলাপ ঘটাতে পারেন। একটি ভিডিও দেখে এক বছর আগে থেকে তিনি আইইডি বা বিস্ফোরণ ঘটানো শিখতে থাকেন নিজে নিজেই।
১১/জি অনুচ্ছেদে বলা হয়েছে, আকায়েদ তাঁর বাসা থেকে উদ্ধারকৃত মেটাল পাইপের একটি অংশে নিজের তৈরি করা বিস্ফোরক ভরেছিলেন। সঙ্গে একটি ৯ ভোল্টের ব্যাটারি আর ক্রিসমাস আলোকসজ্জার কাজে ব্যবহৃত তার দিয়ে বিস্ফোরণ ঘটাতে চেয়েছিলেন।
১১ ডিসেম্বর ম্যানহাটনের বাস টার্মিনালে বোমা হামলার চেষ্টা করেন আকায়েদ। বিস্ফোরণে তিনিসহ কয়েকজন আহত হন। এরপর সবাই হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালের বিছানা থেকেই আদালতের শুনানিতে অংশ নেন তিনি। জেলা জজ ক্যাথরিন পার্কার তাঁকে তাঁর অধিকার পড়ে শোনান।
জবাবে মাথা নেড়ে আকায়েদ বুঝিয়ে দেন তিনি বুঝতে পেরেছেন। আদালত পাবলিক ডিফেন্ডার এমি গ্যালিশিওকে আকায়েদের অ্যাটর্নি নিয়োগ দেন। কারণ, আকায়েদের অর্থনৈতিক সামর্থ্য নেই আইনজীবী নিয়োগের।
এদিকে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের মন্ত্রী কির্সেটন এম নিলসনের কাছে আকায়েদের তথ্য চেয়ে এক চিঠিতে অনুরোধ করেছেন সিনেটের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলি। গ্রাসলি বলেছেন, ‘কেউ লটারি জিতে কিংবা কারও আত্মীয়ের সুপারিশে আমরা বুঝতে পারি না সে কেমন। বিচার বিভাগ এই মামলাসহ সবগুলোই খতিয়ে দেখবে। যারা যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদের সবাইকে আইনের আওতায় আনব আমরা।’