আকায়েদ: বাংলাদেশ থেকে ব্রুকলিন

নিউইয়র্ক শহরের ম্যানহাটনের বাস টার্মিনালে হামলার সন্দেহভাজন ব্যক্তি আকায়েদ উল্লাহ। দুটি মহাদেশে দুই পা রেখে বাংলাদেশ ও ব্রুকলিনে বিভাজিত এক বিচ্ছিন্ন জীবন যাপন করতেন তিনি। তাঁর স্ত্রী ও ছয় মাস বয়সী সন্তান এখনো বাংলাদেশে, যে বাংলাদেশকে তিনি সাত বছর আগেই ছেড়ে এসেছেন। মা, দুই বোন ও ভাইসহ পরিবারের বাকি প্রায় সব সদস্য থাকেন তাঁর সঙ্গে। নিউইয়র্ক হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটক হওয়ার পর এখন তাঁর এই বিভক্ত জীবনের ধরনটিই আলোচনায় উঠে এসেছে।
তদন্তকারীদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, বাংলাদেশে স্ত্রী-সন্তান থাকলেও সেখানে তিনি প্রায়ই যেতেন এমন নয়। গত সেপ্টেম্বরে তিনি সর্বশেষ গিয়েছিলেন। ফিরে আসার পর ১১ ডিসেম্বর নিজের বুকে বিস্ফোরক বেঁধে ম্যানহাটনের মিডটাউনে সাবওয়ে স্টেশনে হামলা করতে যান তিনি। এতে ভৌগোলিক দূরত্বের চেয়েও তাঁর জীবনের বিচ্ছিন্নতা অন্য মাত্রা পেয়েছিল বলেই মনে হয়।
আদালতের নথি বলছে, নতুন দেশের পরিবেশের সঙ্গে অনেকাংশেই খাপ খাওয়ালেও আমেরিকার প্রতি তাঁর ক্ষোভও ছিল। নিজের পাসপোর্টের ওপর তিনি লিখেছেন, ‘ও আমেরিকা, নিজের ত্যাজে নিজেই মর।’
১১ ডিসেম্বর ম্যানহাটনে বোমা হামলার পর আকায়েদ উল্লাহর বৃত্তান্তের দিকেই চোখ সবার। বাংলাদেশ পুলিশও সেখানে থাকা আকায়েদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। আমেরিকার ফেডারেল কর্মকর্তারা জানান, বড় ভাই আহসান, দাদাসহ পরিবারের সদস্যদের সহযোগিতায় আকায়েদ আমেরিকায় আসেন ২০১১ সালে। নিউইয়র্কে আসার পর কিছুদিন গাড়ির চালকের কাজ করেন। সম্প্রতি তিনি ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেন। ব্রুকলিনের স্থানীয় মসজিদ নূর আল ইসলামে নিয়মিত যাতায়াত করতেন তিনি।
ঢাকায় আকায়েদের পরিবারের সূত্রে জানা গেছে, ঢাকায় জন্ম নেওয়া আকায়েদ সেখানেই বেড়ে উঠেছেন। ঢাকার হাজারিবাগে ছিল তাঁর বাবার ব্যবসা। সম্প্রতি বিয়ে করেছিলেন তিনি। ছয় মাস বয়সী একটি ছেলেও রয়েছে তাঁদের। তাঁর এক আত্মীয় আবদুল আহাদ জানান, আকায়েদ পড়ালেখা করেছেন ঢাকার কাকলি উচ্চবিদ্যালয় ও ঢাকা সিটি কলেজে।
মসজিদ নূর উল ইসলামের পরিচালনা পর্ষদের সভাপতি কামাল নাসেরের দেওয়া তথ্যমতে, ব্রুকলিনে আকায়েদের জীবন প্রধানত আবর্তিত হতো এই মসজিদকে কেন্দ্র করেই। মসজিদটির ইমাম গওহর আহমেদের ঘনিষ্ঠ ছিলেন তিনি। তাঁর ভাই আহসান ছিলেন ওই ইমামের সহকারী এবং মসজিদ পরিচালনা পর্ষদের সদস্য।
নাসের নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘কয়েক বছর আগে সরকারবিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে গওহর আহমেদের সঙ্গে কথা বলেছিলেন ফেডারেল এজেন্টরা। এ বিষয়ে তিনি সে সময় আমাকে অবহিত করে প্রয়োজনে তাঁর হয়ে কথা বলার অনুরোধ করেছিলেন।’
মসজিদ কমিটির অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে কামাল নাসেরসহ বেশ কয়েকজনের সঙ্গে বর্তমানে গওহর আহমেদের সমস্যা চলছে। বিষয়টি এখন মামলার অধীন বলে জানিয়েছেন গওহর আহমেদের আইনজীবী মুস্তফা এনদানুসা। তিনি জানান, ১১ সেপ্টেম্বর হামলার পর একজন ব্যক্তিকে খুঁজে পেতে সহায়তা চেয়ে গওহর আহমেদের সঙ্গে যোগাযোগ করেছিল এফবিআই।
তবে ১২ সেপ্টেম্বর নিউইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলার সময় কামাল নাসেরের দাবি অস্বীকার করেন গওহর। তিনি জানান, এর আগে কখনোই তাঁকে এ ধরনের তদন্তের মধ্য দিয়ে যেতে হয়নি। একই সঙ্গে তিনি বিশেষভাবে আকায়েদের ঘনিষ্ঠ নন বলেও দাবি করেন। মসজিদে কখনো আকায়েদের মধ্যে কখনো প্রতিক্রিয়াশীল কোনো মনোভাব তিনি লক্ষ্য করেছিলেন কিনা এমন প্রশ্নের উত্তর দিতেও তিনি অস্বীকৃতি জানান।
তিনি বলেন, ‘গত পাঁচ-ছয় বছরে আকায়েদকে আমি মসজিদে দেখিনি। তার সঙ্গে বড়জোর আমার দুই একবার কথা হয়েছে। প্রথমবার কথা হয় ধর্মীয় বৈচিত্র্য নিয়ে। বিভিন্ন ধর্মের মধ্যে তুলনার প্রতি তার একটা ঝোঁক ছিল। আমি তাকে বলেছিলাম, তার আগে প্রার্থনা শেখা উচিত। অন্য ধর্ম নিয়ে ব্যস্ত হওয়ার বদলে তার উচিত নিজের ধর্মে মনোযোগ দেওয়া। দ্বিতীয়বার তাঁর সঙ্গে কথা হয় ফোনে। সে জানিয়েছিল যে, তার বাবা মারা গেছে।’
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালে নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা বিভাগ মসজিদ নূর উল ইসলামকে ‘মস্কস অব ইন্টারেস্ট’ তালিকাভুক্ত করে। এ সম্পর্কিত একটি গোপনীয় নথিতে মসজিদটির সঙ্গে যুক্ত চারজন ব্যক্তিকে ‘অতি বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করে।
তবে এ ধরনের কোনো সংযোগের বিষয়টি অস্বীকার করেছেন মসজিদটির বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি। কামাল নাসের বলেন, ‘এই মসজিদ শান্তিপূর্ণ ও ন্যায়ানুগভাবে কাজ করছে। এই দেশের মুসলমান তরুণদের বিষয়ে আমি সজাগ। কট্টরবাদীরা তাদের প্ররোচিত করে, যা আমাদের ধর্ম সমর্থন করে না।’