আকায়েদের বিচারের শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকায়েদ উল্লাহ
আকায়েদ উল্লাহ

এখনই সন্ত্রাসী হিসেবে নিজের দোষ স্বীকার না করে বরং ন্যায়বিচার পাওয়ার জন্য বিচারিক লড়াই চালিয়ে যেতে চান আকায়েদ উল্লাহ। শুধু তা-ই নয়, গ্রেপ্তারের পরপরই হাসপাতালের বিছানায় শুয়ে দেওয়া তাঁর আগের বিবৃতি প্রত্যাহার করার জন্য আবেদন করবেন তিনি। গত বছরের ডিসেম্বরের ১১ তারিখ ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে পাইপবোমা বিস্ফোরণে হাতেনাতে আটক বাংলাদেশি বংশোদ্ভূত এই অভিবাসী। ওই বিস্ফোরণে একমাত্র আকায়েদ নিজেও মারাত্মক আহত হন।
১৭ এপ্রিল আকায়েদের মামলার শুনানি ছিল। সেখানে আগের মতোই দোষ স্বীকারে অনীহা প্রকাশ করেছেন তিনি। যদিও তাঁ বিরুদ্ধে সিক্সথ ডিগ্রি অপরাধের অভিযোগ আনা হয়েছে, যার একটি হলো, সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসেবে সন্ত্রাসী বাহিনীকে সহযোগিতা করা। আগামী অক্টোবর পর্যন্ত এ মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। এই বিচারকাজ নিউইয়র্কের বাইরে স্থানান্তর করা হতে পারে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
নিউইয়র্ক ডেইলি নিউজ-এর খবরে বলা হয়, বিচারক রিচার্ড জুলিভানের আদালতে ২৬৩ ঘণ্টার ভিডিও ফুটেজ আদালতে সরবরাহ করেছেন আকায়েদের আইনজীবী অ্যামি গ্যালিসিও। এই তথ্যপ্রমাণ দিয়ে আকায়েদের পক্ষে দাবি করা হয়েছে যে এখন পর্যন্ত আকায়েদের বিরুদ্ধে আনা অভিযোগে কেবল বাহ্যিক দিকগুলো বিবেচনা করা হয়েছে। সেগুলো দিয়েই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। আদালত শুনানি পিছিয়ে দিলেও

আকায়েদকে দুর্ধর্ষ অপরাধের শাস্তি হিসেবে ম্যানহাটন কারাগারের নির্জন কক্ষে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছেন। সেখানে অন্য কোনো কয়েদির সঙ্গে মেশার সুযোগ পাবেন না আকায়েদ।

২৮ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত অভিবাসী আকায়েদ উল্লাহ গত ১১ ডিসেম্বর টাইম স্কয়ারের কাছে এক ফুটের মতো লম্বা একটি পাইপবোমা বিস্ফোরণে আহত হয়ে ধরা পড়েন। ওই ঘটনার ১১ ঘণ্টা আগে আকায়েদ ফেসবুকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন বলে স্ট্যাটাস দেন। এর বাইরে তাঁর নিজের পাসপোর্টে ‘আমেরিকা তুমি ধ্বংস হও’ বলে ঘৃণাসূচক বাক্য লিখে রেখেছিলেন। যেটা এর আগের জানুয়ারির ১১ তারিখের শুনানিতে অস্বীকার করেন আকায়েদ। তৃতীয় দফার এই শুনানিতে তিনি ন্যায়বিচার পাওয়ার জন্য লড়াই চালিয়ে যেতে আবেদন করেছেন।

১৭ এপ্রিল আকায়েদকে আদালতে হাজির করা হলেও তিনি পুরোপুরি সুস্থ হননি। তাঁর শরীরে দেওয়া সেলাইগুলো এখনো শুকায়নি বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
আকায়েদ সাত বছর আগে পারিবারিক অভিবাসনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসেন। বাংলাদেশে তাঁর স্ত্রী ও এক বছর বয়সী একটি সন্তান আছে। তিনি নিউইয়র্কের ব্রুকলিনের ফ্ল্যাটল্যান্ড এলাকায় থাকতেন। তিনি প্রথমে ট্যাক্সি চালাতেন। পরে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ শুরু করেন।