আক্রান্তের সংখ্যা কমছে আরোগ্যের হার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকায় গত কয়েক দিন থেকে করোনাভাইরাসে আক্রান্তের হার কমতে শুরু করেছে। অনেকে আবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। এমন অবস্থা চলতে থাকলে আমেরিকাবাসীর ভয় ও উদ্বেগ কিছুটা কমতে পারে। উন্নতির এই ধারা অব্যাহত থাকলে আমেরিকার কিছু অঙ্গরাজ্য থেকে শিগগির লকডাউন প্রত্যাহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউস প্রশাসনের সঙ্গে কিছু রাজ্য গভর্নরদের স্নায়ুযুদ্ধ চলছে। ট্রাম্প অর্থনৈতিক দিক বিবেচনা করে লকডাউন তুলে নেওয়ার কথা ভাবলেও রাজ্য গভর্নরেরা তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বিবেচনায় আমেরিকা এখন শীর্ষে। এখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ। মৃত্যু হয়েছে প্রায় ৩১ হাজার মানুষের। তবে স্বস্তির খবর হচ্ছে, এই সংকট ও আতঙ্কের পর এখন হয়তো পরিস্থিতির কিছুটা উন্নতি শুরু হয়েছে। সুস্থতা বেড়েছে আগের তুলনায় বেশি। আগে সুস্থতার সংখ্যা ছিল দিনে গড়ে ২ হাজার, এখন তা বেড়ে হয়েছে ৪ হাজার। আক্রান্ত রোগীও কমতে শুরু করেছে।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো এ বিষয়ে বলেছেন, ‘এটা হচ্ছে মানুষের লকডাউন মেনে চলার সুফল।’ তবে তিনি বলেছেন, আগামী দুই সপ্তাহ খুব কঠিন হতে পারে। তাই কাউকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

আমেরিকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেড় শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এই ভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়েছে নিউইয়র্কে। এ কারণে বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কেই কেবল শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিউইয়র্কে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখ ১০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে প্রায় ১৫ হাজারের বেশি মানুষের নিউইয়র্কের পর উদ্বেগজনক অবস্থা নিউজার্সিতে। এখানে আক্রান্ত হয়েছেন প্রায় ৬৫ হাজার, মৃত্যু হয়েছে ২ হাজার ৪৪৩ জনের। আক্রান্ত মানুষের সংখ্যা বেশি হওয়ায় রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। লাশের চাপ থাকায় ফিউনারেলগুলোও দ্রুত সার্ভিস নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এ কারণে লাশ দাফনে ও সৎকারে স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তবে আশার কথা হলো বাংলাদেশ সোসাইটি, নিউইয়র্ক, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা, মুনাসহ বাংলাদেশি অনেক মসজিদ ও সামাজিক সংগঠন এগিয়ে এসেছে বাংলাদেশি মানুষের পাশে। মৃত ব্যক্তিদের জন্য বিনা মূল্যে কবরের স্থান, ফিউনারেল সাহায্য, গ্রোসারি সাহায্যসহ বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে এসব সংগঠন ও প্রতিষ্ঠানগুলো।

করোনাভাইরাসের কারণে আমেরিকা লকডাউন হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে প্রায় সাড়ে ছয় মিলিয়ন মানুষ। প্রেসিডেন্ট ট্রাম্প দুর্গত মানুষের সাহায্যে দুই ট্রিলিয়ন ডলারের সহায়তা প্রকল্প ঘোষণা করেছেন। এই প্রকল্পের আওতায় বৈধ অবৈধ আমেরিকার সব মানুষকে দেওয়া হচ্ছে বেকার ভাতা। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৩৫০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা নির্দিষ্ট একটা অনুদান ছাড়াও সহজ এবং কম সুদে ঋণ নিতে পারবেন।