আগস্ট এলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগস্ট মাসটি এলে

বুকের পাঁজরে শুরু হয় ধুকধুকানি
সার্কাসের রোগা হরিণের মতো তখন ঝিমুতে থাকি।
ঘুমকাতুর প্রহরে হাত বুলিয়ে, কে যেন সুর তোলে—
‘খোকন সোনা বলি শোন/থাকবে না আর দুঃখ কোন
মানুষ যদি হতে পারো।’
স্নিগ্ধ শিশিরে হাতে হাত রেখে, কে যেন টেনে তোলে।
সংবিৎ ফিরলেই দেখি আকাশ সমান আলোর ঝলক,
স্নিগ্ধতার পরশে হেসে ওঠে মমতার পুষ্পকানন।
স্মৃতি-স্মরণে’সোনার তরী’তে ভাসমান:
‘সেই যে আমার নানা রঙের দিনগুলি’।

আগস্ট মাসটি এলে
নীলিমায় ভাসে শোকের রেণু
রক্ত পলাশে জ্বলে আগুনের ফুলকি
তর্জনীর ঊর্ধ্বমুখে নৃত্যরত সাগরের ঢেউ...
আমি শুনি, মহানায়কের ঝলসে ওঠা কণ্ঠস্বর।
তারুণ্য ঝলমল নক্ষত্রের রাত
বাদ্য-দামামায় ঝংকৃত হয়—
‘বলো বীর, চির উন্নত মম শির’
-‘কারার ওই লৌহ কপাট/ভেঙে ফেল কর রে লোপাট’।

আগস্ট এলে
হিংস্রতার ঘাড়ে লাফিয়ে ওঠে নেকড়ে বাঘ
বিষণ্নতার প্রকোপে কাঁপে বাংলাদেশ! অন্যদিকে
ক্ষমতার রাজনীতিতে কেউ আঙুল ফুলে কলাগাছ!
ওরা ভুলে যায় গণমানুষ (?), ভুলে যায় মহানায়কের কথা!

আগস্ট মাসটি এলে
নীলিমায় উড়ে’ আসাদের শার্ট’, তেলেমেকাস’,
বর্ণমালা, আমার দু: খিনী বর্ণমালা’।
ফাগুন বাতাসের কৃষ্ণচূড়োয় থোকা থোকা দু: খের অক্ষর!
আমি তাকাতে পারি না,
যখন
স্তন্যপায়ী শিশুর মুখ থুবড়ে পড়ে, নাফ নদীর ঘোলাজলে।
দুর্যোগ, রাক্ষসে বোমা, ক্রসফায়ারে অশ্রুত মাতৃদেশ
দিগন্তজুড়ে বয়ে যায় ফোরাতের শোণিতধারা!
বেদনায়, ভালোবাসার রৌদ্র কণায়, জন্মভূমির নরম মাটিতে
তবু আমি বর্ণমালার বীজ বুনি। যখন শুনি,
‘কানা মামুদের উড়াল কাব্যে’ ‘পোষা দোয়েলের শিস’।
তখন আমি, নয়ন ভরে দেখি বাংলার রূপ।
বিস্তীর্ণ মাঠের মৌ মৌ গন্ধে অবলোকন করি
“ছোট-খাটো সংসারে গেরুবাজ কপোতের বাসা”।

আগস্ট মাসটি এলে
“পরানের গহিন ভিতর, কে যেন রুমাল নাড়ে”।
স্মৃতির পালকে ভাসে
‘শ্রাবণে মেঘের দিন’, নুহাশপল্লীর’সবুজ ছায়া’।
রোদেলা দুপুরে হাইওয়ের বুক চিরে,
‘উত্তরাধিকার’সূত্রে ধেয়ে যাই
হৃদয়ের সেতারে শুনতে পাই কবিকণ্ঠ—
“দীর্ঘ সরু, পিচ্ছিল রাস্তায়
কত ধাপ ভাঙতে হবে...”
আবছা আঁধারে কানে কানে বলে:
“আমার চম্বুনগুলো পৌঁছে দাও”

আগস্ট মাসটি এলে—
শরতের লালচে আভায় রক্তাভ মেঘ উড়ে যায়
—বত্রিশ থেকে সারা বাংলায়।
এই তো জীবন: কিছু শোক, কিছু কান্নার অহরাত্রি
বিষম আঁধারের নি: সঙ্গতায়
এখন আমি কাঁদতেও পারি না!
এই তো জীবন: অশ্রুত বাংলায়
ভেজা বাতাসের গন্ধে সবকিছু সহজ, সবকিছু কঠিন!
সাদা কফিনে চোখে ভাসে রক্তের দাগ (!)
শীর্ণ ঋতুর ছায়াপথে, রুদ্ধশ্বাসের অশ্রুডানায়
এখনো
সেই মাটি, সেই মানুষ, জনপদের
অনেক কিছু চেনা চেনা লাগে...