আগস্ট মাসে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে তিনবাংলার শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানের মঞ্চে সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা
অনুষ্ঠানের মঞ্চে সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা

বাংলাদেশ, ভারত ও প্রবাস বাংলার সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সংগঠন তিনবাংলার আয়োজনে আগস্ট মাসে প্রয়াত বিশিষ্ট বাঙালিদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি ভেন্যুতে এ শোকসভা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ ও প্রবাসের একাধিক নারী ব্যক্তিত্বসহ অনেক বিশিষ্ট গুণীজন। আগস্ট মাসে যেসব মহান ব্যক্তিত্ব প্রয়াত হয়েছেন তাঁদেরকে যথাযথ সম্মান জানানোই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কবি শামসুর রাহমান, কবি শহীদ কাদরী, লেখক, গবেষক ও শিক্ষক হ‌ুমায়ূন আজাদ, নায়করাজ রাজ্জাক, রাজনীতিবিদ আইভি রহমান, চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীর, শান্তি কন্যা সামান্থা স্মিথ ও অধ্যাপক মোজাফফর আহমদ এই মাসে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাঁদের শারীরিক মৃত্যু হলেও তাঁদের কর্ম, চিন্তা ও চেতনায় এখনো জাগ্রত। তাঁদের আদর্শ ও কাজের মধ্যেই তাঁরা চিরকাল বেঁচে থাকবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিনবাংলার সাধারণ সম্পাদক কবি রওশন হাসান। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান তিনবাংলার আমেরিকা শাখার সভাপতি বিশিষ্ট সংগঠক ও সাংস্কৃতিক কর্মী নার্গিস আহমেদ। অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনবাংলার গ্লোবাল সভাপতি কবি ও সংগঠক সালেম সুলেরী। সমন্বয়ে ছিলেন লেখক শরীফ মাহবুবুল আলম, কবি মোহাম্মদ আলী বাবুল, মুক্তিযোদ্ধা আলোকচিত্রী কাজী সফিক প্রমুখ।

উপস্থিত বিশিষ্ট গুণীজনদের মধ্যে ছিলেন শেলী জামান খান, শামীম জামান খান, কামরুজ্জামান বাচ্চু, ফজলুর রহমান, হাসান আলী, মুহাম্মদ বাবুল আলী, শরীফ মাহাবুবুল আলম, সাহেদ চৌধুরী, শরমীন শিমু, রেশমা চৌধুরী, কাজী শফীকুল হক, আনিস ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা আগস্ট মাসে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমান ও শহীদ কাদরীর কবিতা থেকে আবৃত্তি করেন উপস্থিত কবি ও আবৃত্তিকারেরা। অনুষ্ঠানে কাশ্মীর সংকট নিয়ে আলোচনা করেন বক্তারা। কাশ্মীরের মানুষের প্রতি সংহতি জানিয়ে পরিবেশিত হয় ‘কাশ্মীরের কান্না’ শীর্ষক একটি সংহতিকাব্য। অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের তিনবাংলার উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। শেষে সবাইকে চা ও জলখাবার দিয়ে আপ্যায়ন করা হয়।