আগস্টে ভাড়া দিতে পারেনি ৯০% বার ও রেস্তোরাঁ
নিউইয়র্ক নগরীর পানশালা ও রেস্তোরাঁগুলোর প্রায় ৯০ শতাংশই আগস্ট মাসের ভাড়া পরিশোধ করতে পারেনি। এনওয়াইসি হসপিটালিটি অ্যালায়েন্স ২১ সেপ্টেম্বর এ সম্পর্কিত তাদের জরিপের ফলাফল প্রকাশ করে। নগরের পাঁচটি বরোর সাড়ে ৪০০ পানশালা, ক্লাব ও রেস্তোরাঁর মধ্যে পরিচালিত জরিপে এ তথ্য পেরিয়ে আসে।
গত মার্চ মাসে লকডাউনে যাওয়া নিউইয়র্ক নগরের হোটেল, রেস্তোরাঁ ও পানশালাগুলোর জন্য ঘরভাড়া ৫০ শতাংশ মওকুফ করেন মালিকেরা। তারপরও গত জুন-জুলাই মাসে ৮০ শতাংশ প্রতিষ্ঠানই তাদের ঘরভাড়া পরিশোধ করতে পারেনি। আগস্টে এ হার প্রায় ৯০ শতাংশ ছুঁয়েছে।
সমীক্ষায় দেখা গেছে করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউনের কারণে নগরের ৬০ শতাংশ বাড়িওয়ালাকে বাড়িভাড়া মওকুফ করতে হয়েছে। জরিপে দেখা যায়, যেসব বাড়িওয়ালা ভাড়া মওকুফ করেছেন, তাদের প্রায় এক-তৃতীয়াংশ ভাড়া ৫০ শতাংশ ভাড়া কমিয়েছেন। কিন্তু তারপরও বার ও রেস্তোরাঁগুলোর অনেকেই ভাড়া পরিশোধ করতে পারেনি।
এনওয়াইসি হসপিটালিটি অ্যালায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ড্রু রিগি বলেন, কোভিড-১৯ মহামারির কারণে নগরের বার ও রেস্তোরাঁগুলোর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। মহামারির আগেও পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। তিনি বলেন, ‘এ সময় আমরা অনেক প্রতিষ্ঠানকে বন্ধ হতে দেখেছি। প্রায় দেড় লাখ শ্রমিক এখনো কাজে ফিরতে পারেননি। ব্যবসায়ীদের সিংহভাগই ভাড়া পরিশোধের সক্ষমতা হারিয়েছেন। অথচ এই খাত নিউইয়র্কের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর জন্য প্রয়োজনীয়। ছোট ব্যবসা ও চাকরি বাঁচিয়ে রাখতে আমাদের জরুরি ভিত্তিতে ভাড়া মওকুফ, ইনডোর ও আউটডোর ডাইনিং ব্যবস্থার সম্প্রসারণ করতে হবে। এ ক্ষেত্রে রেস্তোরাঁগুলোকে বাঁচাতে আইনপ্রণেতাদের পদক্ষেপ নিতে হবে।’
গত ফেব্রুয়ারির পর থেকে করোনা মহামারিতে বিপর্যস্ত নিউইয়র্ক। মহামারি সামলে এখন এ নগর আবার জেগে ওঠার চেষ্টা করছে। গত মে মাসে প্রথম দফায় নাগরিক প্রণোদনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কিছু সুবিধা দেওয়া হলেও ব্যবসায়ীরা এখনো উঠে দাঁড়াতে হিমশিম খাচ্ছে। আরেক দফা প্রণোদনা প্রস্তাব নিয়ে ওয়াশিংটনে আইনপ্রণেতারা একমত হতে পারছে না। নতুন প্রণোদনা প্যাকেজে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুবিধা প্রদানের প্রস্তাব দিয়েছে ডেমোক্র্যাটরা। জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত ও টানা বিতর্কে জড়িয়ে পড়া ওয়াশিংটন থেকে কবে আবার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রণোদনা দেওয়া হবে, তার ওপর নির্ভর করছে এসব প্রতিষ্ঠানের টিকে থাকার বিষয়টি।