আগামী নির্বাচনে দাঁড়াতে চান ডেমোক্র্যাট ডিলানি

আমেরিকায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২০ সালে। বর্তমান প্রশাসনের অধীনে দেশটি ছয় মাসের কিছু বেশি সময় পার করেছে মাত্র। কিন্তু এরই মধ্যে পরবর্তী নির্বাচনে বর্তমান প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ করে নিজ প্রার্থিতা ঘোষণা করেছেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য জন ডিলানি। ২৯ জুলাই সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখনো অনেক দেরি। হাজার দিনেরও বেশি সময় বাকি থাকতেই এর জন্য নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন ম্যারিল্যান্ডের ডেমোক্র্যাট প্রতিনিধি জন ডিলানি। এ-বিষয়ক এক বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান প্রশাসন আমাদের উন্নতিকে থমকে দিয়েছে। পাশাপাশি আমাদের নিরাপত্তা ব্যবস্থায়ও ঘাটতি সৃষ্টি করেছে। স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে চলমান অস্থিরতা এ প্রশাসনের ধ্বংসাত্মক কার্যক্রমের সর্বসাম্প্রতিক প্রমাণ।’
আমেরিকায় সাধারণত মধ্যবর্তী নির্বাচনের পর প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীরা নিজেদের প্রার্থিতা সম্পর্কে জানান দেন। নির্বাচিত হওয়ার পর বর্তমান প্রেসিডেন্ট চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেছেন। এ হিসাবে আগামী বছরের নভেম্বরে দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ মধ্যবর্তী নির্বাচনেরও এখনো অনেক দেরি। এত আগে থেকেই প্রেসিডেন্ট পদপ্রার্থিতা ঘোষণা দেশটিতে বিরল একটি ঘটনা। সে কাজটিই করেছেন ডিলানি।
প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনের জন্য নিজের প্রার্থিতা ক্ষমতা গ্রহণের পরপরই ঘোষণা করেছিলেন ট্রাম্প।