২০২০ সালে কানাডার টরন্টোতে নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন (এনএবিসি) ও ফোবানার যৌথ সম্মেলন অনুষ্ঠিত হবে। এমন ঘোষণার মধ্য দিয়ে আমেরিকার আটলান্টায় শেষ হয়েছে ৩৩তম এনএবিসি ২০১৯ কনভেনশন।
দুই দিনের এই সম্মেলনে অংশ নিয়েছেন আমেরিকা, কানাডা, বাংলাদেশ, ভারত, লন্ডনের শিল্পী ও অতিথিরা। এ ছাড়া নিউইয়র্ক থেকে ফোবানার সেন্ট্রাল ও হোস্ট কমিটি, বাংলাদেশ ক্লাব অব ফ্লোরিডার নির্বাহী কমিটিসহ আমেরিকার বিভিন্ন স্টেট থেকে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরাও অংশ নেন এই সম্মেলনে।
২৭ ও ২৮ জুলাই জর্জিয়ার আটলান্টা হোটেল সুনেস্টা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এনএবিসি কনভেনশনের এবারের স্লোগান ছিল—সুন্দর আগামীর প্রত্যাশায়।
উদ্বোধনী বক্তব্যে এনএবিসির চেয়ারম্যান দিনাজ খান বলেন, বাংলা ভাষাভাষী নতুন প্রজন্মের মাঝে গত ৩৩ বছর ধরে বাংলাদেশ ও বাংলা সংস্কৃতিকে জাগ্রত রাখার প্রত্যয়ে কাজ করছে এনএবিসি। তিনি বলেন, ডিজিটাল যুগে নতুন প্রজন্মের মাধ্যমে ফেসবুক, ইউটিউবসহ সব অনলাইনে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে হবে।
২৭ জুলাই সম্মেলনের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মেহের আফরোজ শাওন। স্বাগত বক্তব্য রাখেন আটলান্টা এনএবিসির প্রেসিডেন্ট আবু লিয়াকত হোসেন। প্রধান বক্তা ছিলেন এনএবিসির চেয়ারম্যান দিনাজ খান। আরও বক্তব্য রাখেন—কনভেনর উত্তম দে, সদস্যসচিব শহিদুল ইসলাম ঠাণ্ডু, নিউইয়র্ক ফোবানা থেকে শাহনেওয়াজ, কাজি শাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আলম, আলী ইমাম সিকদারসহ এনএবিসি ও ফোবানার নেতৃবৃন্দ।
বাংলাদেশ, আমেরিকা ও কানাডার জাতীয় সংগীতের মধ্য দিয়ে দুই দিনের এ সম্মেলন শুরু হয়। এরপর দেশের গান ও খুদে শিল্পীদের নৃত্য দিয়ে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব শুরু হয়। প্রথম দিন গান পরিবেশন করেন দিনাত জাহান মুন্নী, কালা মিয়া, লাবনী ও রানু নেওয়াজ।
দ্বিতীয় দিন সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এনএবিসি ও ফোবানার যৌথ সম্মেলনের ঘোষণা দেন এনএবিসির চেয়ারম্যান দিনাজ খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, এখন থেকে উত্তর আমেরিকায় এনএবিসি ও ফোবানা এক সঙ্গে কাজ করবে। তাই আগামী বছর ২০২০ সালে টরন্টোতে যৌথ সম্মেলন অনুষ্ঠিত হবে। ফোবানার এবারের কনভেনশনে এনএবিসির বর্তমান কমিটি অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দিনাজ খান ও মোহন জব্বারের নেতৃত্বে এনএবিসির আগের কমিটিই বহাল থাকবে।
এনএবিসির সেক্রেটারি মোহন জব্বার বলেন, দুই পক্ষের যৌথ সম্মেলন অবশ্যই একটি ভালো উদ্যোগ। কিন্তু সিন্ডিকেট ও আঞ্চলিক ইজম মুক্ত কমিটি হতে হবে।
দুপুরে হোটেল অডিটোরিয়ামে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহের আফরোজ শাওন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোটার আইডি কার্ড বিশেষজ্ঞ শাহ আলম।
মেহের আফরোজ শাওন বলেন, নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। ফেসবুকের অপব্যবহার থেকে দূরে রাখতে হবে। তাহলেই বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির বিকাশ ঘটবে।
অনুষ্ঠানে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের ঘোষণা দেন নির্বাচন কমিশন কর্মকর্তা শাহ আলম।
দ্বিতীয় দিনের অনুষ্ঠান দলীয় ও একক নৃত্য দিয়ে শুরু হয়। এরপর কমিউনিটির উন্নয়নে কাজ করার জন্য ছয়জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
দ্বিতীয় দিন গান পরিবেশন করেন শিল্পী কনকচাঁপা, একুশে পদক প্রাপ্ত নজরুল সংগীত শিল্পী খায়রুল আনাম সাকিল, মেহের আফরোজ শাওন, ভারতীয় শিল্পী সুপ্রতীপ ও শীষপ্রিয়া। দুই দিনব্যাপী এই অনুষ্ঠান সঞ্চালনা করেন শারমিন সুনিয়া ও ভাস্কর।
৩৩তম এনএবিসি সম্মেলনে অতিথি হিসেবে যোগ দেন গতবারের বোস্টন সম্মেলনের কনভেনর মনির চৌধুরী ও ২০১৫ নিউইয়র্ক সম্মেলনের কালচারাল চেয়ারম্যান এবং বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মণিকা রায় চৌধুরী।