
সাহিত্য একাডেমি, নিউইয়র্ক-এর ১০৪ তম মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে এই আসরের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন। সভার শুরুতে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পরিচালক মোশাররফ হোসেন ২০২০ সালের গ্রীষ্মে দুই দিনব্যাপী ‘শিল্প সাহিত্য’ সম্মেলনের বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন। সম্মেলন বিষয়ক যেকোনো ভাবনা, চিন্তা, পরামর্শ দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
এবারের আসরে পঠিত কবিতাগুলো আলোচনা ও সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়। সাহিত্য একাডেমির বন্ধু অসুস্থ এইচ বি রিতাকে স্মরণ করে, সবার কাছে রিতা ও সাহিত্য একাডেমির বন্ধু রিহাবে অবস্থানরত ইকবাল হোসেনের জন্য দোয়া প্রার্থনা করা হয়। বই পড়তে আগ্রহীদের আসরের বন্ধু বেনজির শিকদারের কাছ থেকে বই সংগ্রহ করতে পরামর্শ দেওয়া হয়। সংগ্রহ করা বই এক মাসের মধ্যে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়। এ ছাড়া ১৮ আগস্ট সাহিত্য একাডেমির পক্ষ থেকে বনভোজনের ঘোষণা দেওয়া হয়।
লেখক হাসান ফেরদৌস বলেন, সাহিত্য একাডেমি একটি পরিবারের মতো। সাহিত্যের বাইরেও এই পরিবারের মধ্যে একটি সুসম্পর্ক রয়েছে। পরিবারের পক্ষ থেকে বনভোজনের আয়োজন নিঃসন্দেহে আনন্দের বিষয়। একটি দিন আনন্দে কাটাব সবার সঙ্গে। একে অপরকে আরও গভীরভাবে জানব। সুস্বাদু খাবার সঙ্গে গল্প, কবিতা, গান, আড্ডায় কাটাব সারা দিন।
লেখক ফেরদৌস সাজেদীন বলেন, প্রতি মাসের শেষ শুক্রবারের মতো এ মাসেও সাহিত্য একাডেমির প্রতি একই রকম টান অনুভব করছি। আসরে পঠিত কবিতার ওপর মূল্যায়ন, আলোচনা ভালো লেগেছে। এভাবে সাহিত্য একাডেমি এগিয়ে যাক। ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক ফজলুর রহমান বলেন, সাহিত্য একাডেমির বাক বদল হচ্ছে। যেভাবে অগ্রসর হওয়ার কথা সেভাবেই অগ্রসর হচ্ছে। আমাদের সবার প্রত্যাশিত সাহিত্য একাডেমি দেখে ভীষণ ভালো লাগছে।
সাংবাদিক নিনি ওয়াহেদ বলেন, সাহিত্য একাডেমিতে এসে সবার কবিতা শুনে আনন্দ নিয়ে বাড়ি ফিরে যাই। সাহিত্য একাডেমির শিল্প সাহিত্য সম্মেলনকে সফল করার জন্য আশ্বাস দেন তিনি। হুসনে আরা বেগম তাঁর অনুভূতি জানিয়ে বলেন, এখানে এসে কবিতা শুনতে শুনতে নিজেকে কবি মনে হয়। কবিরা অন্যের মনের ওপর প্রভাব ফেলতে পারেন সহজে।
কবি শহীদ কাদরীর স্ত্রী নীরা কাদরী বলেন, সবাইকে ভাবতে হবে সাহিত্য একাডেমি আমাদের। ভালো লাগা থেকে মনে রাখার জন্ম হয়। তিনি শহীদ কাদরীর ‘উত্তর নেই’ কবিতাটি পাঠ করেন।
কবি এ বি এম সালেহ উদ্দীন বলেন, নিউইয়র্কের অনেক অনুষ্ঠানের ভিড়ে নিরেট সাহিত্য নিয়ে দুই দিনব্যাপী শিল্প সাহিত্য সম্মেলন হবে এটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি আসরে ‘কোনো এক রাত্রির গল্প’ কবিতা পাঠ করেন।
আসরে পঠিত কবিতার ওপর আলোচনা করতে গিয়ে কবি তমিজ উদদীন লোদী বলেন, একজন কবি কিংবা লেখক তাঁর সৃষ্টিশীলতার কাজটুকু মনোযোগ দিয়েই করেন। কিছু পঠিত কবিতার প্রতি তাঁর ভালো লাগার কথা জানিয়ে তিনি বলেন, রূঢ় শোনালেও বলতে হবে অনেকের কবিতা, কবিতার মতো হয়েছে কিন্তু কবিতা হয়ে ওঠেনি। তবে তাঁরা চেষ্টা করেছেন। কবিতার মূল বিষয়টি যদি থাকে আশা করি তাঁরা আস্তে আস্তে নিজেদের শাণিয়ে নিতে পারবেন। তাঁদের কবিতা প্রকৃত কবিতার দিকে এগিয়ে নিতে পারবেন।
কবিতায় শিল্প চৈতন্য, কাব্যিক দ্যোতনা তৈরিতে অনেকে সফল হননি। তবে আগের থেকে অনেকে কবিতা বিষয়টা আয়ত্ত করতে পেরেছেন। বানান বিষয়ে সবাইকে আরও মনোযোগী হতে বলেন তিনি। কবিতা বা যেকোনো লেখায় সাধু-চলিত ভাষার সংমিশ্রণ যেন না হয় সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দেন। তিনি আশা করেন, যাঁদের কবিতা নিয়ে আলোচনা করা হলো, এ আলোচনা থেকে সামনে তাঁরা নিজেদের আরও সমৃদ্ধ করতে সক্ষম হবেন। কারণ, সঠিক সমালোচনাই তৈরি করে সমৃদ্ধ সাহিত্য। একজন লেখকের বড় গুরু বই। পূর্বসূরিদের লেখা বই পড়লে একজন লেখক বা কবি ভালো করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আলোচনা শেষ করেন।
এবারের আসরে যাঁরা স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি করেছেন তাঁরা হলেন—রাণু ফেরদৌস, কাজী আতিক, শাহীন ইবনে দিলওয়ার, কাউসারী রোজী, সেলিম আফসারী, বেনজির শিকদার, কবিতা হোসাইন, নিলুফার রেজা, সালেহীন সাজু, স্বপন চক্রবর্তী, ইশতিয়াক রুপু, আবদুস শহীদ, আবুল বাশার, সবিতা দাস, তামান্না আহমেদ শান্তি, পলি শাহীনা প্রমুখ।
আসরে উপস্থিত ছিলেন উম্মে কুলসুম পপি, রাহাত কাজী শিউলি, মুমু আনসারী, ফরিদা ইয়াসমিন, শামস আল মমীন, আহমাদ মাযহার, শাম্মি আক্তার হ্যাপি, পারভীন সুলতানা, মুজিব বিন হক, শেলী জামান খান, মো. এনামুল করিম, শেখ সোহেব সাজ্জাদ, শহীদ উদ্দীন, রিজিয়া নাজমী, ইশতিয়াক খান, সুলতানা আক্তার ডলি, তাহরীনা পারভীন প্রীতি, নাসিমা আক্তার, নাসির শিকদার, সেলিনা আক্তার, মো. রেজাউল হক, কামরুন নাহার রীতা প্রমুখ। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও আগামী আসরের আমন্ত্রণ জানিয়ে আসরের সমাপ্তি টানেন পরিচালক মোশাররফ হোসেন।