যুক্তরাষ্ট্রের সবচেয়ে শ্রদ্ধেয় নির্দলীয় রাজনৈতিক বিশ্লেষকদের একজন অ্যামি ওয়াল্টার। তিনি মনে করছেন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় মধ্যবর্তী নির্বাচনে যেমনটা ঘটেছিল, আগামী বছর তেমনটাই ঘটতে চলেছে। অর্থাৎ ২০১৮ সালে ডেমোক্রেটিক দল জয়ের জোয়ারে ভাসতে চলেছে।
রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় মধ্যবর্তী নির্বাচন হয়েছিল ২০০৬ সালে। ওই নির্বাচনে উল্লেখসংখ্যক রিপাবলিকান প্রার্থী ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের কাছে ধরাশায়ী হন। অ্যামি ওয়াল্টারের মতে, ওই মধ্যবর্তী নির্বাচনের সময় বুশের জনপ্রিয়তায় যেমন ভাটা পড়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তাও এখন তেমনই তলানিতে গিয়ে ঠেকেছে। ক্ষমতাসীন রিপাবলিকান দলও প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের অনলাইন প্রকাশনা কুক পলিটিক্যাল রিপোর্টে প্রকাশিত একটি বিশ্লেষণে অ্যামি ওয়াল্টার লিখেছেন, গত দুই সপ্তাহে ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। এর মধ্যে প্রথমটি হলো, গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনগুলোর দারুণ ফলাফল। তিনি লেখেন, ‘এই সপ্তাহে আমরা দুটো জনমত জরিপ দেখেছি। একটি প্রকাশ করেছে কুইনিপিয়াক, অপরটি মারিস্ট।’ অ্যামি ওয়াল্টার লেখেন, উভয় জরিপেই ডেমোক্র্যাটরাই এগিয়ে রয়েছেন। এ ছাড়া সম্প্রতি প্রকাশিত এবিসি/ওয়াশিংটন পোস্ট, ফক্স এবং এনবিসি/ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রকাশিত জনমত জরিপগুলোয়ও ডেমোক্রেটিক দল এগিয়ে ছিল।
অ্যামি ওয়াল্টারের মতে, জনসমর্থন পক্ষে থাকলে রাজনৈতিক দল লাভবান হয়। তবে তা যদি না থাকে, তাহলে দলের সবচেয়ে যোগ্য ও প্রস্তুত প্রার্থীও হেরে যান। ১৯৯৪ সালে এটি সত্য হয়েছে। ২০০৬ সালে এটি সত্য হয়েছে। ২০১০ সালে এসেও দেখা গেল, এটাই সত্য হয়েছে। এই রাজনীতি বিশ্লেষকের মতে, ট্রাম্প প্রশাসনের পাস করা কর আইনও জনতার মন পরিবর্তন করাতে পারবে বলে মনে হচ্ছে না। এর জন্য আরও গুরুত্বপূর্ণ কিছু করতে হবে। তিনি বলেন, ‘আমাদের সামনে যা আছে, তা উপেক্ষা করবেন না। একটি ঢেউ তৈরি হচ্ছে। কংগ্রেসে এই মধ্যবর্তী নির্বাচনে আমি যদি রিপাবলিকান দলের প্রার্থী হতাম, তাহলে এই অবস্থাকে আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করতাম।’
নিউ জার্সি ও ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের অভাবনীয় বিজয়ের পর অ্যামি ওয়াল্টারের এই বিশ্লেষণটি প্রকাশিত হলো। এই ফলাফল অন্য রিপাবলিকান গভর্নরদেরও তাঁদের ভবিষ্যতের ব্যাপারে চিন্তিত করে তুলেছে। রিপাবলিকান দলের এক বৈঠকে উইসকনসিনের গভর্নর স্কট ওয়াকার প্রশ্ন রেখেছিলেন, ‘এই হারে ভোট পড়ার কারণ কী? এটা কি বিশেষ কোনো ইস্যু? এটা কি বিশেষ কোনো অঞ্চলে ঘটছে?’