আগামী বছরই শুরু হচ্ছে সাহিত্য একাডেমি সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিত্য একাডেমির ১০২তম আসরের আলোচক মুত্তালিব বিশ্বাসের সঙ্গে একাডেমির সদস্যরা
সাহিত্য একাডেমির ১০২তম আসরের আলোচক মুত্তালিব বিশ্বাসের সঙ্গে একাডেমির সদস্যরা

জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় গত ৩১ মে অনুষ্ঠিত হলো সাহিত্য একাডেমি নিউইয়র্কের ইফতার আয়োজন ও ১০২তম সাহিত্য আসর। সাহিত্য আসরের একমাত্র আলোচক ছিলেন সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টির ওপরে ইফতারের আগ পর্যন্ত আলোচনা করেন। পরে আগামী বছর
থেকে ‘শিল্প ও সাহিত্য সম্মেলন’ আয়োজন ও ‘শহীদ কাদরী স্মৃতি সাহিত্য পুরস্কার প্রচলনের সিদ্ধান্ত জানানো হয়।
আসরে মুত্তালিব বিশ্বাস বলেন, ‘কাজী নজরুলের ওপরে প্রায় ৭০০ বই আছে। তার কটি আমাদের জানা আছে? নজরুলকে আমরা পড়ি কি? না, সেভাবে পড়ি না! তাঁকে সেভাবে চিনি না আমরা; চেনার চেষ্টাটুকুও করি না! নজরুলকে বিদ্রোহী বিশেষণ কে দিয়েছেন? বিদ্রোহী-বা উনি কিভাবে হন তাও বুঝি না! তাঁর বিদ্রোহী কবিতায় বিদ্রোহ কম এসেছে। নজরুলের অসংখ্য সৃষ্টি আছে, যেখানে দ্রোহ নেই, আছে ভালোবাসা, শ্রদ্ধা। তাঁর গান আছে তিন-সাড়ে তিন হাজারের মতো। গাওয়া হয় মাত্র সাড়ে তিন শ। নজরুলের সাহিত্য আমরা তেমন কেউ পড়ি না। তাঁর কাব্যগ্রন্থগুলোর হাতে গোনা কয়েকটি নাম ছাড়া অন্য নামগুলো জানি না।’
মুত্তালিব বিশ্বাস বলেন, ‘নজরুলের জন্মদিন ও মৃত্যুদিন ছাড়া তাঁকে নিয়ে তেমন কোন চর্চা চোখে পড়ে না। আগ্রহ ভরে নজরুলকে পড়া বা বলার মতো লোকও চোখে পড়ে না তেমন। নজরুল সমাধিতে দলে দলে নিজেদের নাম ব্যবহার করে ফুল দেওয়ার মানেই নজরুল চর্চা নয়। কেউ তাঁকে নিয়ে চর্চা করতে না চাইলে অসুবিধা নেই; কিন্তু কেউ যদি চায়, তবে তা ভালোভাবে আন্তরিকতার সঙ্গে করা উচিত। নজরুলের গান গাইতে গেলে বিশেষ ধরনের তকমা দিয়ে দেওয়া হয়, যা বেদনাদায়ক। অনেক বিখ্যাত লোক বলেছেন, নজরুলের গান না গাওয়ার জন্য। কারণ, তিনি অশিক্ষিত। অথচ ১৯২৯ সালে, যখন নজরুলের বয়স মাত্র ৩০ বছর, তখন আলবার্ট হলে তাঁকে সোনার দোয়াত-কলম দিয়ে পুরস্কৃত করা হয়। এমন ভাগ্য তখন সমসাময়িক কারও হয়নি। আসলে নজরুলের গানের মর্মার্থ না বুঝেই আমরা নিজেদের মতো করে তা অন্যভাবে উপস্থাপন করি।’ উপস্থিত সবাইকে তিনি বলেন, ‘যদি বাংলা শিখতে চান তবে নজরুল পড়ুন। অন্যের লেখা থেকে নয়, নজরুলের সৃষ্টি পড়েই নজরুলকে জানতে হবে।’
ইফতার শেষে একাডেমির পরিচালক মোশাররফ হোসেন কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন সাহিত্য একাডেমির পক্ষ থেকে। এতে জানানো হয়, ২০২০ সালে নিউইয়র্কে দু দিনব্যাপী ‘শিল্প ও সাহিত্য’ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন থেকে সাহিত্য একাডেমির ভূতপূর্ব একমাত্র উপদেষ্টা কবি শহীদ কাদরী স্মরণে প্রথমবারের মতো ‘শহীদ কাদরী স্মৃতি সাহিত্য পুরস্কার’ প্রদান করা হবে, যা অব্যাহত থাকবে পরবর্তী বছরগুলোতেও। একই সঙ্গে এই গ্রীষ্মে সাহিত্য একাডেমির পক্ষ থেকে একটি পিকনিক করার ঘোষণাও দেওয়া হয়। এতে আগ্রহীদের যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পরিচালক মোশাররফ হোসেন। ইফতারের আগে মোনাজাত পরিচালনায় ছিলেন কবি কাজী আতীক।