আগামীর সম্মাননা পেলেন শারমিন আহমদ ও ফারহানা হানিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী সাউথইস্ট চ্যাপ্টারের সম্মাননা হাতে শারমিন আহমদ ও ফারহানা হানিপ
আগামী সাউথইস্ট চ্যাপ্টারের সম্মাননা হাতে শারমিন আহমদ ও ফারহানা হানিপ

শিক্ষা ও আর্থসামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান এবং নারীর ক্ষমতায়নের জন্য দুই নারীকে সম্মাননা দিয়েছে ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ার সামাজিক সংগঠন আগামী সাউথইস্ট চ্যাপ্টার। ২৪ আগস্ট ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় লি সেন্টারের রিচার্ড কফম্যান অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফান্ড রাইজিং কনসার্টে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ এবং আমেরিকায় বাংলাদেশি মালিকানাধীন আইটি শিক্ষাপ্রতিষ্ঠান পিপল এন টেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপের হাতে সম্মাননা তুলে দেন সংগঠনের প্রেসিডেন্ট আফসান খান। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আগামী সাউথইস্ট চ্যাপ্টারের প্রেসিডেন্ট আফসান খান, সংগঠনের অন্যতম ফাউন্ডার ও উপদেষ্টা, সাবেক প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান পারভেজ, মার্কেটিং ডিরেক্টর ফারহানা জামান মৌ এবং সম্মাননাপ্রাপ্ত দুই নারী ব্যক্তিত্ব শারমিন আহমদ ও ফারহানা হানিপ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপল এন টেকের প্রতিষ্ঠাতা, সিইও আবু বকর হানিপ। ফান্ড রাইজিং কনসার্টে সংগীত পরিবেশন করেন ব্যান্ডদল ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, ক্রোনেজ ও আনিলা নাজ চৌধুরী। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এনআরবি কানেক্ট টিভি। 

শিক্ষাবিদ শারমিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দীন আহমদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেত্রী প্রয়াত জোহরা তাজউদ্দীনের বড় মেয়ে। ১৯৮৪ সাল থেকে তিনি আমেরিকায় বাস করছেন। মানবাধিকার ও নারীর ক্ষমতায়ন বিষয়ক বিভিন্ন ইনস্টিটিউট ও সংস্থায় পরামর্শক হিসেবে কাজ করছেন প্রায় দুই দশক ধরে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে তাজউদ্দীন আহমদের অবদান নিয়ে ২০১৪ সালে লেখা ‘তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা’ বইটি বিভিন্ন মহলে প্রশংসা পেয়েছে।

আমেরিকায় নারীর ক্ষমতায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফারহানা হানিপ। নারীকে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত করে সামাজিক ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখা ফারহানা হানিপ বাংলাদেশি মালিকানাধীন আইটি শিক্ষাপ্রতিষ্ঠান পিপল এন টেকের প্রেসিডেন্ট। তাঁর সবচেয়ে বড় অবদান তিনি পিপল এন টেক ফাউন্ডেশনের আওতায় ফিমেল ইন আইটি বা এফআইটি প্রজেক্টের মাধ্যমে আমেরিকায় প্রায় ৩ হাজার নারীকে আইটি প্রশিক্ষণ দিয়ে উন্নত কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদানে ভূমিকা রেখে চলেছে ‘আগামী’। ২০০৩ সালে ক্যালিফোর্নিয়ায় সংগঠনটি আত্মপ্রকাশ করে। বর্তমানে আমেরিকায় এর চারটি চ্যাপ্টার রয়েছে। সেগুলো হলো—২০০৩ সালে প্রতিষ্ঠিত আগামী ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার, ২০১২ সালে নিউইয়র্কে প্রতিষ্ঠিত আগামী নর্থইস্ট চ্যাপ্টার, ২০১৪ সালে ডিসি ও ভার্জিনিয়ায় প্রতিষ্ঠিত আগামী সাউথইস্ট চ্যাপ্টার এবং ২০১৫ সালে প্রতিষ্ঠিত আগামী ক্যারোলাইনা চ্যাপ্টার। সংগঠনের তিনজন ফাউন্ডার হলেন ক্যালিফোর্নিয়ার বাবু রহমান ও মাহমুদুল হাসান এবং নর্থ ক্যারোলাইনার সাবির মজুমদার। এই চারটি চ্যাপ্টারে দুই শতাধিক স্বেচ্ছাসেবী রয়েছেন। তাঁরা আগামী বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে দেশের ৩০টি স্কুলে এ পর্যন্ত ১২ হাজার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদানে সহায়তা করেছেন।