আগুন নিয়ে খেলছেন ট্রাম্প!

‘আগুন নিয়ে খেলা করছেন’ ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করে এ কথাই বলেছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা ‘চায়না ডেইলি’। ট্রাম্প চীনের ‘এক চীন নীতি’ নিয়ে আবারও প্রশ্ন তোলায় ক্ষোভের প্রকাশ এটি। খবর বিবিসির।
‘এক চীন নীতি’ নিয়ে এরই মধ্যে বেশ কয়েকবার প্রশ্ন তুলেছেন ট্রাম্প। বিশেষ করে তাইওয়ান প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সর্বশেষ গত শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক সাক্ষাৎকারে নতুন করে এই প্রসঙ্গ টেনে আনেন ট্রাম্প। ওই সাক্ষাৎকারে তাইওয়ানের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, চীনের ‘এক চীন নীতি’ আলাপ-আলোচনা সাপেক্ষ।
যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের নীতিতে চীনের একমাত্র সরকার হিসেবে বেইজিংভিত্তিক সরকারকেই স্বীকৃতি দেয়। যদিও তাইওয়ানের সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখছে ওয়াশিংটন।
এদিকে চীন মনে করে, তাইওয়ান তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক প্রদেশ। তাই তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে বেইজিং।
ট্রাম্পের শুক্রবারের ওই সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই চীনা সরকার ও রাষ্ট্রীয় গণমাধ্যমের পাশাপাশি অন্যান্য বেসরকারি পত্রিকায়ও ধারাবাহিকভাবে ট্রাম্পের সমালোচনা করা হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে ওই সাক্ষাত্কারে ট্রাম্প আরও বলেন, ‘সবকিছুই পরিবর্তনযোগ্য, এমনকি এক চীনের নীতিও।’ তাঁর এই ধরনের মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে ‘চায়না ডেইলি’। গত সোমবার ওই পত্রিকার সম্পাদকীয়তে জোরালো ভাষায় বলা হয়, ‘ট্রাম্প তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলা শুরু করেছে।’
শনিবার সন্ধ্যায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেন, ‘এক চীন নীতি অপরিবর্তনীয়’। একমাত্র চীনের সরকারই এর প্রতিনিধিত্বকারী। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও এটা স্বীকৃত এবং কেউ এটা পরিবর্তন করতে পারবে না।