আগুন নিয়ে খেলতে গিয়ে...

বলা হয়, আগুন নিয়ে খেলতে নেই। এ বড় ভয়ংকর খেলা। আর এটা যেন আবারও প্রমাণিত হলো যুক্তরাষ্ট্রের ‘বার্নিং ম্যান ফেস্টিভ্যাল’–এ। দেশটির নেভাদা অঙ্গরাজ্যের মরুভূমিতে বিশাল উঁচু কাঠের তৈরি অবয়ব পুড়িয়ে এ উৎসব পালিত হয়। অসংখ্য দর্শনার্থীর আকর্ষণের কেন্দ্রবিন্দু এই উৎসব। তবে এবারের উৎসবে অসংখ্য মানুষের সামনেই দুর্ঘটনায় পড়ে মারা গেলেন এক ব্যক্তি।
কর্তৃপক্ষ বলছে, গত শনিবার অ্যারন মিশেল নামের এক ব্যক্তি নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে আগুনের দিকে ছুটে যান। তাঁকে ধরতে দৌড়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু ততক্ষণে তিনি যথেষ্ট আহত হয়েছেন। হাসপাতালে ভর্তির পর মারা যান তিনি। কেন তিনি হঠাৎ করে আগুনে ঝাঁপিয়ে পড়লেন, তা জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, তাৎক্ষণিকভাবে অ্যারনকে উদ্ধার করা যায়নি। কারণ, আগুনের কারণে টেম্পলের কাঠ জ্বলে নিচে পড়ছিল। তাঁকে উদ্ধার করার জন্য অপেক্ষা করতে হয়েছিল।
এদিকে ডাক্তারি পরীক্ষাও দেখা গেছে, নিহত অ্যারনের শরীরের কোনো ধরনের অ্যালকোহলের উপস্থিতি ছিল না।
এ ঘটনার পর গত রোববারের উৎসব বন্ধ রাখা হয়। তবে গতকাল সোমবার থেকে আবার শুরু হয় উৎসব।
এবারের উৎসবে অংশ নিয়েছে ৭০ হাজারের মতো দর্শনার্থী। ১৯৮৬ সালে সানফ্রান্সিসকোর সমুদ্রতীরে এই উৎসব প্রথম শুরু হয়। সেখান থেকে ১৯৯০ সালে নেভাদার মরুভূমিতে স্থানান্তরিত হয় বার্নিং ম্যান ফেস্টিভ্যাল।