নিজের নিয়োগ করা অ্যাটর্নি জেনারেলের ওপর ক্ষোভ ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস সম্পর্কে ট্রাম্প বলেছেন, নির্বাচনে রুশ যোগসাজশ নিয়ে তদন্ত থেকে নিজের নাম প্রত্যাহার করবেন জানলে তাঁকে কখনোই অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিতেন না।
মার্কিন প্রভাবশালী সংবাদপত্র নিউইয়র্ক টাইমস-এর সঙ্গে গত বুধবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সেশনসের এই সিদ্ধান্ত প্রেসিডেন্টের প্রতি অন্যায্য আচরণ। ট্রাম্প বলেন, জেফ সেশনস নিজেকে প্রত্যাহার করায়ই এফবিআইয়ের সাবেক প্রধান রবার্ট মুলারকে তদন্তের দায়িত্বে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘তদন্ত থেকে নিজেকে প্রত্যাহার করা উচিত হয়নি সেশনসের। তিনি এমনটা করবেন তা আমাকে আগে জানালে আমি তাঁর পরিবর্তে অন্য কাউকে নিয়োগ দিতাম।’
ট্রাম্প বলেন, মুলার তাঁর তদন্তকারীদের রুশ যোগসাজশের বাইরের বিষয় তদন্তেও ব্যবহার করছেন। জার্মানিতে জি-২০ সম্মেলনের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথিত গোপন বৈঠক সম্পর্কে ট্রাম্প বলেন, নৈশভোজের সময় তাঁরা ১৫ মিনিট কথা বলেছেন। এর বেশির ভাগই সৌজন্যমূলক আলাপ।
ট্রাম্পের অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি সেশনসের আইনজীবী।
এদিকে সম্প্রতি জার্মানিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হওয়া ‘অনানুষ্ঠানিক’ বৈঠকটিকে গোপন বা অপ্রকাশিত বলে বর্ণনা করাটাকে ‘একেবারে হাস্যকর’ আখ্যা দিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির সরকারি টিভি চ্যানেলকে বলেন, ট্রাম্প-পুতিনের আলোচনার ক্ষেত্রে ‘গুপ্ত’ বা ‘গোপন বৈঠক’-এর মতো শব্দ ব্যবহার করা সঠিক নয়। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক সম্মতিক্রমেই তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।