আগে থেকেই উগ্রপন্থায় বিশ্বাসী ছিলেন ফারুক-তাশফিন
যুক্তরাষ্ট্রের স্যান বার্নার্দিনোতে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যাকারী ফারুক-তাশফিন দম্পতি একে অপরের সঙ্গে সাক্ষাতের আগেই ধর্মীয় উগ্রপন্থায় বিশ্বাসী হয়ে উঠেছিলেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পরিচালক গত বুধবার এ কথা জানিয়েছেন। খবর সিএনএনের।
এফবিআইয়ের পরিচালক জেমস কমি সিনেটে এক শুনানিতে বলেন, ‘আসলে বিয়ের আগে অনলাইনে যোগাযোগ যখন হচ্ছিল, তখন থেকেই ওই দম্পতি ধর্মীয় উগ্রপন্থায় বিশ্বাসী ছিলেন। ওঁদের যোগাযোগ শুরু হয় ২০১৩ সালের শেষ দিক নাগাদ। ওই সময় অনলাইনে তাঁরা জিহাদ, শাহাদত বরণ—এসব নিয়ে আলাপ করতেন।’
২ ডিসেম্বর এক পার্টিতে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যা করেন সৈয়দ রিজওয়ান ফারুক ও তাশফিন মালিক দম্পতি। এ ঘটনার পর পুলিশের গুলিতে দুজনই নিহত হন।
জেমস কমি তাঁদের সম্পর্কে বলেন, ‘আমরা এও বিশ্বাস করি, স্বামী-স্ত্রী দুজনই বিদেশি সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে এ পথে আসতে উদ্দীপ্ত হয়েছিল। তাদের সঙ্গীদের খুঁজে বের করতে এবং কোত্থেকে এ হামলা চালানোর নির্দেশ পেয়েছিল, তা জানতে জোর চেষ্টা করে যাচ্ছি আমরা।’