আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল সিনেটে পাস হয়নি
ফ্লোরিডার অরল্যান্ডোতে নাইট ক্লাবে বন্দুক হামলায় শতাধিক ব্যক্তি হতাহত হওয়ার পর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে মার্কিন রাজনীতিকদের মধ্যে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছিল। ডেমোক্রেটিক পার্টির সিনেটর প্যাট্রিক মার্ফি গত বৃহস্পতিবার সিনেটে একা ১৫ ঘণ্টা ধরে বক্তব্য দেওয়ার পর সিদ্ধান্ত হয়েছিল চারটি ভিন্ন ভিন্ন প্রস্তাবের ওপর সিনেটে ভোট গ্রহণ হবে। এর মধ্যে দুটি প্রস্তাব ডেমোক্র্যাটদের, বাকি দুটি রিপাবলিকানদের। সোমবার সেই চারটি প্রস্তাবই পর্যাপ্ত ভোটের অভাবে বাতিল হয়ে গিয়েছে।
সামান্য হেরফের থাকলেও প্রস্তাব চারটির লক্ষ্য ছিল আগ্নেয়াস্ত্র বিক্রির আগে বাধ্যতামূলক ব্যক্তির পরিচয় ও রেকর্ড পরীক্ষা (ব্যাকগ্রাউন্ড চেক) এবং সন্ত্রাসী তালিকায় নাম আছে এমন ব্যক্তির অস্ত্র ক্রয়ের ওপর নিষেধাজ্ঞা। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে নিয়ম অনুসারে কমপক্ষে ৬০টি ভোট পেলে তা বিবেচনার জন্য গৃহীত হতো। কিন্তু রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা দলীয় ভিত্তিতে ভোট দেওয়ায় সব প্রস্তাবই প্রয়োজনীয় সংখ্যক ভোট সংগ্রহে ব্যর্থ হয়।
আইনসভায় এই ব্যর্থতা সত্ত্বেও প্রেসিডেন্ট বারাক ওবামার ডেমোক্রেটিক পার্টির নেতারা আশা করছেন আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ প্রশ্নে জোরালো ভূমিকা গ্রহণে ব্যর্থতা তাঁরা নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের বিরুদ্ধে ব্যবহার করবেন। সোমবার ভোটের পরপর সিনেটে এক বিবৃতিতে প্যাট মার্ফি ঘোষণা করেন, এখন থেকে নিজের অবশিষ্ট সব শক্তি তিনি রিপাবলিকানদের হারাতে ব্যবহার করবেন। তিনি বলেন, ‘আজ যাঁরা আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিরুদ্ধে ভোট দিলেন, আমার লক্ষ্য হবে তাঁরা যাতে এই সিনেট কক্ষে আর ফিরে না আসতে পারেন, তা নিশ্চিত করা।’
সোমবারের ভোটে পরাস্ত হলেও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের প্রশ্নটি সিনেটে খুব শিগগিরই উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপন্থী হিসেবে পরিচিত রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স তাঁর দলের একাধিক সমমনা সিনেট সদস্যের সঙ্গে একযোগে একটি ‘সমঝোতামূলক’ প্রস্তাব নিয়ে কাজ করছেন। এই প্রস্তাবের লক্ষ্য হবে কারা আগ্নেয়াস্ত্র ক্রয়ে অনুমোদন পাবে না তার একটি তালিকা তৈরি। গতকাল মঙ্গলবারই তাঁর এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব নিয়ে বিস্তারিত জানানোর কথা ছিল।
ডেমোক্র্যাটরা আশা করছে, ডোনাল্ড ট্রাম্পের নেতিবাচক প্রভাবের কারণে এ বছর নভেম্বরের নির্বাচনে তারা সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাবে। সেই লক্ষ্যে সবচেয়ে দুর্বল এমন দশজন সিনেটরকে তারা আক্রমণের জন্য বাছাই করেছে। আগ্নেয়াস্ত্র প্রশ্নে তাঁদের অবস্থানকে এই কাজে ভালোভাবে ব্যবহার করা যাবে বলেই আশা পোষণ করছে ডেমোক্র্যাটরা।
কোন সিদ্ধান্তে আসায় সিনেটের এই ব্যর্থতা—ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এক কথার এক বিবৃতিতে বলেছেন, ‘অনেক হয়েছে, আর না।’ অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ে কোনো নিয়ন্ত্রণ আরোপের তিনি বিরোধী।