আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা ওবামার
যুক্তরাষ্ট্রে যারা আগ্নেয়াস্ত্র কিনতে চায়, তাদের অতীত ঘেঁটে দেখার বিষয়টি জোরদার করা হচ্ছে। দেশটিতে একের পর এক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে আগ্নেয়াস্ত্র আইনে সংস্কার আনতে প্রেসিডেন্ট বারাক ওবামা যে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছেন, এটি তার মধ্যে অন্যতম। খবর বিবিসির।
প্রেসিডেন্ট ওবামা গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া ভাষণে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে তাঁর পরিকল্পনা ঘোষণা করেন। রিপাবলিকান দলের বিরোধিতা সত্ত্বেও নির্বাহী ক্ষমতা ব্যবহার করে বিষয়টি এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।
নতুন এ পদক্ষেপগুলোর মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, সব অস্ত্র বিক্রেতাকেই সনদ নিতে হবে এবং ক্রেতাদের অতীত রেকর্ড পরীক্ষা করে নিতে হবে। মানসিক সমস্যা বা পারিবারিক সহিংসতার কারণে কেউ অস্ত্র কেনার অযোগ্য বিবেচিত হলে তার বিষয়ে রাষ্ট্রকে তথ্য দিতে হবে। সম্ভাব্য ক্রেতাদের অতীত রেকর্ড পরীক্ষা করার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে গোয়েন্দা সংস্থা এফবিআইকে তার জনবল ৫০ শতাংশ বাড়াতে হবে। নতুন ২৩০ জন পরীক্ষক নিয়োগ দেবে তারা। মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে কংগ্রেস ৫০০ মিলিয়ন ডলার বরাদ্দ দেবে এবং আগ্নেয়াস্ত্র-সংশ্লিষ্ট নিরাপত্তার উন্নয়নে প্রতিরক্ষা, বিচার ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ‘স্মার্ট আগ্নেয়াস্ত্র প্রযুক্তি’ বের করবে।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী র্যান্ডপল এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্টের এই নির্বাহী পদক্ষেপের বিরুদ্ধে তিনি সর্বাত্মক লড়াইয়ে নামবেন। তবে ওবামা বলছেন, এই নতুন পদক্ষেপ তাঁর আইনগত কর্তৃত্বের আওতায় থাকবে। এটা ‘দ্বিতীয় সংশোধনী’র সঙ্গে সংগতিপূর্ণ হবে, যেখানে আমেরিকানদের অস্ত্র বহনের অধিকার অনুমোদিত।
গতকাল হোয়াইট হাউসে ভাষণ দেওয়ার সময় ওবামা কেঁদে ফেলেন। তিন বছর আগে কানেটিকাট অঙ্গরাজ্যের নিউ টাউন শহরের একটি স্কুলের ২০ শিশুকে হত্যার ঘটনা স্মরণ করার সময় ওবামার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। ওই ভাষণে ওবামা আগ্নেয়াস্ত্র সহিংসতা মোকাবিলার প্রয়োজনীয়তার বিষয়ে যুক্তরাষ্ট্রকে জেগে ওঠার আহ্বান জানান। আগ্নেয়াস্ত্র সহিংসতায় দেশটিতে প্রতিবছর প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়।
সরকারের পদক্ষেপকে বানচাল করে দেওয়ার সুযোগ মার্কিন ‘গান লবি’কে দেওয়া হবে না বলে সতর্ক করেন ওবামা। তিনি বলেন, ‘গান লবি এই মুহূর্তে কংগ্রেসকে হয়তো জিম্মি করে রাখতে পারে কিন্তু আমেরিকাকে জিম্মি রাখতে পারবে না।’