আগ্রহ থাকলে সবই পারা যায়
উত্তর আমেরিকায় একজন নতুন বাংলাদেশি অভিবাসী আসার পর এখানকার আধুনিক চলাফেরা দেখে নিজেকে কীভাবে গড়ে তুলবেন, এই ভেবে একটু চিন্তিত হয়ে পড়েন। এখানকার পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে তারা বেশ হিমশিম খান। কথায় আছে, ‘অচেনা জায়গা জঙ্গলের সমান।’ ফলে নিজেকে তারা দুর্বল মনে করেন, তখন একটাই প্রশ্ন জাগে মনে, ‘আমি কি পারব?’ কেউ এই প্রশ্নটা মনে চাপা রেখে কিছু করার চেষ্টা শুরু করে দেন এবং সঠিক কোন পরিস্থিতির সম্মুখীন হলে তখন মনের কথা প্রকাশ করেন। আবার অনেকে এই প্রশ্নটা ভুল জায়গায় প্রকাশ করে যে ভুল উত্তরটা পান, তাকে সঠিক ভেবে জীবনের অনেক সময় নষ্ট করে ফেলেন। ঠিক তেমনি একজন আমার স্বদেশি ভাই, আমাকে এই প্রশ্নটি করেছিলেন এক উষ্ণ দুপুরে। গত গ্রীষ্মে আমি নিউইয়র্কের একটি কমিউনিটি পিকনিকে যাই, কিন্তু পিকনিকে আমার আনন্দকে লুকিয়ে আমি জনাকীর্ণ পরিবেশে একটা পিকনিক টেবিলে বসে বসে একটি বই পড়ছি। পিকনিকে অনেক লোক সমাগম হয়েছে, আমি চোখ দিয়ে তা দেখছি কিন্তু তা সত্ত্বেও মনযোগ সহকারে আমি পড়ছি। অনেক লোকজন আমার পাশে দিয়ে যাচ্ছে, কিন্তু আমি বিন্দুমাত্রও তাতে নজর দিচ্ছি না।
হঠাৎ একটি লোক আমাকে পড়তে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি করছেন? তখন আমি বললাম, আমি পড়ছি। ভদ্রলোক আমাকে আবার জিজ্ঞেস করল, আপনি কি পড়ছেন? তখন আমি বললাম, আমি কম্পিউটার সায়েন্সের একটি বই পড়ছি। তখন ভদ্রলোক খুব আগ্রহ সহকারে আমার কাছে বইটি সমন্ধে জানতে চাইলেন। আমি বললাম, এটা একটা কম্পিউটার সায়েন্সের বই, টিএর নাম ‘ডিজাইনিং দ্য ইউজার ইন্টারফেস’। ভদ্রলোক আবার আমাকে প্রশ্ন করল, এটা পড়ে কী শিখা যাবে। আমি বললাম, একটা নতুন টেকনোলজিকে কীভাবে ডিজাইন করতে হয়, তা এই বইয়ে আছে। যেমন, কোন একটি মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে হলে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম প্রথমে ইউজার ব্যবহার উপযোগী করে একটা ইন্টারফেস ডিজাইন করেন। সফটওয়্যার ইন্টারফেসটি ডেভেলপ করার পর কয়েক ধরনের ইউজারকে এটা ইউজ করতে দেওয়া হয়। তখন ইঞ্জিনিয়ার ইউজারকে পর্যবেক্ষণ করেন এবং নোট করেন, কোথায় ইউজার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। পরবর্তীতে পর্যবেক্ষণের ফলাফল অনুযায়ী ডেভেলপমেন্ট টিম সফটওয়্যারটি আবার আপডেট করবেন।
ভদ্রলোক খুবই কৌতূহলী তখন, আমাকে এবার জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি জন্য পড়ছেন? আমি বললাম, আজকে রাতে আমার দুটো অ্যাসাইনমেন্ট ডিউ আছে, আমি এখানে বসে বসে একটা শেষ করব, আরেকটা বাসায় গিয়ে শেষ করব। তখন ভদ্রলোক আমাকে প্রশ্ন করলেন, ডিউ কি? আমি বললাম, প্রতিটি অ্যাসাইনমেন্ট শেষ করার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। আর এ বেঁধে দেওয়া সময়কে ডিউ টাইম বলা হয়। ভদ্রলোকের আবার প্রশ্ন, তিনি বাংলাদেশ থেকে ইংলিশে মাস্টার্স করে এসেছেন। এখন তিনি কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করতে চান, এতে আমি মতামত কী। আমি ভদ্রলোককে বললাম, কোন সমস্যা নেই, আপনি যেকোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করুন, তখন তারা আপনাকে জিআরই টেস্ট নেওয়ার জন্য বলবে। তখন ভদ্রলোক বলল, আর কিছু লাগবে। আমি বললাম, যদি সব সার্টিফিকেট ঠিক থাকে আপনার আর কিছু লাগবে না। তখন ভদ্রলোক বললেন, এটা আমার শেষ প্রশ্ন, আমি কি পারব? তখন আমি বললাম, যদি এ রকম পিকনিকে এসে নিজের আনন্দটাকে লুকিয়ে পিকনিক টেবিলে বসে বসে পড়তে পারেন, আপনিও পারবেন।
মজার ব্যাপারটা দেখুন, ভদ্রলোক প্রথমে কৌতূহলী ছিল, তারপর আমার কাছ থেকে জানতে চাইল এবং তাঁর না-জানা বিষয়গুলো আমার কাছ থেকে জেনে নিয়ে কিছুটা আত্মবিশ্বাসী হয়েছেন। অবশেষে তাঁর মনের কথাগুলো আমাকে খুলে বলেছেন এবং উনি আমার উত্তরে আশার আলো খুঁজে পেয়েছেন, যে উত্তরের পথে উনি উত্তরের খুঁজে হেঁটে চলেছিলেন। তবুও তার মন মানছে না, মনের কোণে জমিয়ে রাখা ছোট্ট প্রশ্নটি আমার কাছে ব্যক্ত করেছেন, ‘আমি কি পারব?’
যখন উনি আমার কাছ থেকে পাশ কাটিয়ে চলে গেলেন, তখন আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কি অন্যায় করলাম। কীভাবে একজন ইংলিশ মাস্টার্স থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করবেন। কিন্তু, বাস্তবে এটা সম্ভব। আমি দেখেছি, অনেক স্টুডেন্ট সমাজতত্ত্বে ব্যাচেলর করে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছে। আজ আমি এক বছর পর বুঝতে পারলাম, ওই ভদ্রলোককে আমি সঠিক সময়ে সঠিক উপদেশ দিয়েছি। আর, ওই অপরিচিত ভাইটির জানার আগ্রহ দেখে আমি আত্মবিশ্বাসের সঙ্গে তাঁকে উত্তর দিয়েছি ‘আপনিই পারবেন।’