আজও মায়ের পাশে স্মৃতি হয়ে উঠেন তিনি

শহর ছাড়িয়ে গ্রাম বাংলার শান্ত সবুজ অবারিত মাঠ। সিলেট-জকিগঞ্জ সড়কের পাশে গোলাপগঞ্জ দাড়িপাতন গ্রাম। গ্রামের উর্বর জমিতে ফসল ফলায় কৃষক-কৃষাণী। হয় সবুজের আবাদ। খরা বন্যা থেকে রক্ষা পায় ফসল। সার দিয়ে পোকা মাকড় থেকে রক্ষা পায় মাঠের ফসল, উপচে পড়া উৎপাদনে পুষ্ট হয় অর্থনীতি। এই গ্রামে প্রোথিত আমার শেকড়। ভাবতে গিয়ে বিমর্ষ হই। ফিরে দেখি আমার অস্থি মজ্জায় মিশে থাকা গ্রাম বাংলার প্রান্তিক কিষান-কিষানির এমন নিরবধি কর্ম নিয়ে উচ্ছ্বাস নেই কোথাও। যাদের বিলিয়ে দেওয়া জীবনে গড়ে উঠে সোনালি ভিত—তাদের নিয়ে আস্ফালন নেই কারও। নীরব কর্মের কারিগরেরা ঝরে যায় অজান্তে অবহেলায়। শুধু রেখে যায় তাদের কর্মের স্বাক্ষর।
আমাদের সমাজেও এমনি কিছু মানুষ নীরবে দিয়ে যান নিজেকে উজাড় করে। কিষান-কৃষানির মতো সমাজের বিকাশে তারা ভূমিকা রাখেন। তাদের এ নীরব দান প্রান্তিক জনগোষ্ঠীকে বিকশিত করে। দেখায় আলোর পথ। এ আলোর পিদিম যারা জ্বালান, তাদের অনেকেই থাকেন অনুচ্চারিত। যারা নীরবে সুবাস দিয়ে যান, তাদের অনেকেই চলে যান নীরবে। তাঁরাও রেখে যান তাদের কর্মের ছাপ। তাঁদের কর্মে সমাজ পুলকিত হয়। গ্রাম বাংলার এমনই এক মহৎ কিষানি নুরুন্নেছা।
বাংলাদেশের দু-দশটা পশ্চাৎপদ গ্রামের মতো আমার গ্রামেও দেখা পেয়েছি এমনি এক বিদূষী নারীর। স্থবির জনপদে নুরুন্নেছা আলোর দিশারি হয়ে উঠেছিলেন। সাহসী আর তেজস্বী নারী ছিলেন। গ্রামের পশ্চাৎপদ নারীদের এগিয়ে নিতে রেখেছেন অনন্য ভূমিকা। সদা হাস্যোজ্জ্বল এই নারী ছিলেন মমতাময়ী। লালন-পালন করেছেন তাঁর সন্তানদের, দেখভাল করেছেন আশপাশের বহুজনকে। নিজের সন্তানদের বন্ধু-বান্ধবের অবধারিত মা হয়ে উঠেছিলেন তিনি।
মা ও বাবার কঠিন গুরুদায়িত্ব একাই পালন করেছেন। অকালে স্বামী হারা এই নারী সন্তানদের বাবা হারানোর বেদনা টের পেতে দেননি। আচরণে, বিচরণে তাঁর এক ধরনের সৃষ্টির উদ্দীপনা ছিল। ছোট্ট গ্রামের অগ্রসর শিক্ষিত পরিবার হিসাবে তাদের সুনাম ছিল। পাকিস্তান স্টেট ব্যাংকের ডেপুটি গভর্নর এ এ খানের ভ্রাতৃবধূ ছিলেন তিনি। অগ্রসর নারী হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন দ্রুতই। গ্রামে আলোকিতজনদের বাড়ি নামে পরিচিত ছিল। অনেকেই ছিলেন সরকারের নানা উচ্চপর্যায়ে কর্মরত।
স্বামী নুরুদ্দিন আহমদ খান অকালে কঠিন রোগে আক্রান্ত হয়ে পরপারে চলে যান। নুরুন্নেছা গ্রামের বাড়ি আসেন ৯ সন্তান নিয়ে। নিজের দক্ষতায় জীবন নাটকের অন্ধকার এই পর্ব দ্রুতই পাল্টে দেন তিনি। অল্পদিনেই পাড়া প্রতিবেশীর সঙ্গে গড়ে তোলেন অপূর্ব সখ্য। তাঁর প্রতিভার আলোয় আলোকিত হতে শুরু করে এক অজপাড়া গ্রাম। ব্যক্তিত্ব আর প্রতিভার গুণে গ্রামের সবার প্রিয় ও শ্রদ্ধার আসনে নিজেকে দ্রুত বসাতেই সক্ষম হয়েছিলেন এই আলোকিত নারী।
সদ্য স্বাধীন দেশ। স্বাধীনতা-পরবর্তী সমাজের অস্থির সময়। মুক্তিযুদ্ধের পর নুরুন্নেছার জীবনযুদ্ধ শুরু হয়। হঠাৎই স্বামী চলে যান না ফেরার দেশে। সে সময় দেশের গ্রামগঞ্জের অবস্থা ছিল অনগ্রসর। সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে ছিল বেহাল অবস্থা। পশ্চাৎপদ সমাজের নানা সমস্যায় জর্জরিত গ্রামে জীবনের নোঙর গাড়েন নুরুন্নেছা। সমাজ তখন অনেক বেশি অবদমিত। সমাজপতি আর গ্রাম্য কাটমোল্লাদের দৌরাত্ম্য। নারীদের বন্দী জীবন স্বাধীন বাংলাদেশে।
নুরুন্নেছা তখন এগিয়ে আসেন আলোকবর্তিকা হয়ে। তিনি গ্রামের নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। অনেকটা সালিস বিচারের মতো সবার কথা শুনতেন। সবাইকে নিয়ে বসতেন। সুরাহা করতেন তাদের পারিবারিক কলহ বিবাদ। এমনি করে বহু পরিবারের প্রিয় হয়ে ওঠেন তিনি। সমাজপতিদের সঙ্গে পাল্লা দিয়ে সমাজে শক্ত আসন গাড়েন।
গ্রামে অনেকটা রূপকথার মহীয়সী নারীর মতো নুরুন্নেছার অবস্থান। নারীরা আজও উচ্চারণ করেন তাঁর নাম। আজও সবার মুখে মুখে উচ্চারিত হয়, কতটা মায়ার বন্ধনে তিনি আবদ্ধ করে গেছেন অনেককেই। মায়ের আদরে, বোনের স্নেহে ভালোবাসা বিলিয়ে গেছেন। তাঁর সন্তান হোসেন আমার ভালো বন্ধু ছিল। সে সুবাদে নিয়মিত যাতায়াত ছিল তাদের বাড়িতে। এসএসসি পাসের পর তাদের বাড়িতে চলতো ম্যারাথন আড্ডা। এতে অনেকে যুক্ত হতো। চা পানসহ খাবারের ব্যবস্থা থাকত। এলাকার মেধাবী ও প্রতিভাবান লোকজনের এই আড্ডায় প্রশ্রয় ছিল মমতাময়ী মাতৃসম নুরুন্নেছার।
এক সময় প্রতিষ্ঠিত সন্তানদের পীড়াপীড়িতে গ্রাম থেকে ঢাকায় চলে যান। ৮২ সালে ঢাকায় তাঁর সঙ্গে দেখা হয়। বন্ধু হোসেন তখন সৌদিপ্রবাসী। এরপরও নিয়মিত যেতাম। মায়ের আদর পেতাম তাঁর কাছে। অনেক বছর পর, ২০১৪ সালে তাঁর সঙ্গে আমার শেষ দেখা। গ্রামের বাড়িতে গিয়েছিলেন। খবর পেয়েই ছুটে গিয়েছিলাম। কাছে পেয়েই কোনো কিছু বলার আগেই কেঁদে ফেলেন। যেন মা তাঁর আপন ছেলেকে কাছে পেয়েছে অনেক দিন পর। আমিও কাঁদলাম। কথা দিলেন, আবার আমেরিকা থেকে গেলে আমার বাড়িতে বেড়াতে আসবেন। কিন্তু তা আর হয়নি। ২০১৬ সালে চলে গেলেন না ফেরার দেশে।
আজও আমার মায়ের কথা স্মরণের মুহূর্তে মহীয়সী নারী নুরুন্নেছার কথা স্মরণে আসে। তাঁর স্নেহ ভালোবাসার পরশ যেনও আজও পাই। আলাপচারিতায় নামটি উঠে আসে শ্রদ্ধা আর ভালোবাসার উচ্চারণে।
যাপিত সময়ে চলার বাঁকে বাঁকে এমনই কিছু মানুষ রেখে যান কর্মের আলো। যে আলোয় আলোকিত হয় তাদের পরিবার, আলোকিত হয় আশপাশের মানুষ। আমার দেখা মাতৃমূর্তি নুরুন্নেছা এমন এক নারী। হয়তো তাঁর কর্ম কোনোদিন বিধৃত হবে না ইতিহাসে। কিন্তু মানুষের ভালোবাসার পাঁজরে তাঁর নাম উচ্চারিত হতে দেখি আজও। আজও তাঁর মমতার পরশে মনটা পুলকিত হয়ে উঠে। আশীর্বাদের ছোঁয়া পাই।
সমাজ, সময় সব বদলে গেছে। গ্রামীণ জনপদে যে জীবনের যাত্রা শুরু করেছিলাম, তা আজ কার কোথায় ঠেকেছে কোনো হাদিস নেই। জীবনের শুরু আর শেষ নিয়ে ভাবিত মানবজীবন সময়ের ভেলায় ভাসছে। বোহিমিয়ান এই জীবনের ফিরে দেখায় স্মৃতিগুলোই এখন সম্পদ হিসেবে দেখি। এক অন্ধকার সমাজে আলোকবর্তিকা জ্বালিয়েছিলেন একজন। সমাজ সংসারের এক স্বাভাবিক নারী কী অস্বাভাবিক প্রভাব রেখে গেছেন সাধারণ মানুষের মধ্যে, তা দেখে আপ্লুত হই। স্মৃতির শ্রদ্ধায় নত হয়ে অস্ফুট উচ্চারণে বলে উঠি, আমিও আলোর পরশ পেয়েছিলাম। আমিও পেয়েছিলাম মমতার নির্মল আশীর্বাদ।