আজাদ বাকিরের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজাদ বাকির
আজাদ বাকির

অবশেষে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আজাদ বাকির। ১৪ এপ্রিল বেলা দেড়টার দিকে লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাকির আজাদ ৬ এপ্রিল নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে ইন্তেকাল করেন। ১৪ এপ্রিল তাঁর দাফন সম্পন্ন হয়। করোনাভাইরাস পরিস্থিতির ফলে আইনগত দিক বিবেচনায় এতে তাঁর পরিবারের দু সদস্য ও কয়েকজন বন্ধু অংশ নেন।

হাসপাতাল থেকে মরহুম আজাদ বাকিরের মরদেহ গ্রহণের পর ফিউনারেল হোমে রাখা হয়। সেখান থেকে ১৪ এপ্রিল দুপুরে ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে নেওয়া হয়। সেখানে বেলা দেড়টার দিকে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি এবং বিশেষ দোয়া পরিচালনা করেন এলমহার্স্টের মসজিদ আল তৌফিকের ইমাম মুফতি ওসমান গণি। জানাজায় আজাদ বাকিরের ছেলে রোহানসহ বিশিষ্ট রাজনীতিক কামাল সাঈদ মোহন, বাংলাদেশ সোসাইটির অন্যতম সহসভাপতি আব্দুল খালেক খায়ের, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নওশাদ হোসেন, কার্যকরী সদস্য মাইনুল উদ্দিন মাহবুব প্রমুখ অংশ নেন।

আজাদ বাকিরের অকাল মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।