আজিজুল মালিক চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী
সিলেটের প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট আজিজুল মালিক চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মরহুমের পরিবার ও স্মৃতি সংসদের উদ্যোগে ৯ মার্চ তাঁর আত্মার মাগফিরাত কামনায় জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মরহুম আজিজুল মালিক চৌধুরী সিলেট জেলার সিলাম ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন কলেজের অধ্যক্ষ ছিলেন। আজিজুল মালিক চৌধুরী কর্মজীবনে আইন পেশার পাশাপাশি সিলেট পৌরসভার চেয়ারম্যান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি, সিলেট স্টেডিয়াম, সিলেট টেনিস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে অসংখ্য সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। সব লোভ-লালসার ঊর্ধ্বে থেকে সমাজের উন্নয়নমূলক কাজে সারা জীবন নিজেকে ব্যস্ত রেখেছেন।
মরহুম আজিজুল মালিক চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ‘স্মৃতির দিগন্ত’ নামে বই প্রকাশ করেন মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান। বইটি সম্পাদনা করেন বিশিষ্ট সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী। ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মরহুমের জন্য দোয়া চেয়েছেন তাঁর জামাতা জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি ময়নুল হক চৌধুরী ও আজিজুল মালিক চৌধুরী স্মৃতি সংসদের পক্ষে অ্যাডভোকেট সুফিয়ান চৌধুরী।