আজীবন সম্মাননা জানানো হচ্ছে ওয়ালেদ ও সাগরকে

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পিএস৬৯-এ ১৪ জুন থেকে অনুষ্ঠেয় ২৮তম নিউইয়র্ক বইমেলায় ওয়ালেদ চৌধুরী ও ফরিদুর রেজা সাগরকে আজীবন সম্মাননা জানানো হবে।
চিকিৎসক ওয়ালেদ চৌধুরী নিউইয়র্কের সাংস্কৃতিক জগতের এক অনন্য ব্যক্তিত্ব। নিভৃতচারী ও প্রচারবিমুখ এই মানুষটি তিন দশকের বেশি সময় এই শহরের বাংলা ভাষা, সাহিত্য ও সংগীতের প্রসার ও প্রচারে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর অভিভাবকত্বেই এই শহরের মানুষ উপমহাদেশের সেরা গায়ক ও বাদকদের পরিবেশনা মুখোমুখি শোনার সুযোগ পেয়েছে। তাঁর আর্থিক বদান্যতায় উপকৃত হয়েছে অসংখ্য শিল্প-সাহিত্য সংগঠন।
অন্য সম্মানীয় ফরিদুর রেজা সাগর বাংলাদেশের সুপরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব। সবাই তাঁকে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেই চেনে। তবে তাঁর অন্য পরিচয় তিনি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় শিশু সাহিত্যিকদের একজন। শিশুসাহিত্যে অবদানের জন্য এ যাবৎ তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, রোমেনা আফাজ স্মৃতি স্বর্ণপদক, টেনাশিনাস পদক ও ইউরো শিশুসাহিত্য পুরস্কার। ২০১৫ সালে গণমাধ্যমে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক।
মুক্তধারা ফাউন্ডেশন চলতি বছর নিউইয়র্ক বাংলা বইমেলায় এই দুই ব্যক্তিত্বকে তাদের সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা জানাবে।
১৪, ১৫, ১৬ ও ১৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮তম নিউইয়র্ক বাংলা বইমেলা। প্রথম তিন দিন জ্যাকসন হাইটসের পিএস ৬৯-এ ও চতুর্থ দিন ঠিক পাশে অবস্থিত জুইশ সেন্টারে মেলা বসবে। চতুর্থ দিনটি আলাদা করে রাখা হয়েছে শুধু বই বিক্রির জন্য। এবারের বইমেলা ঢাকা থেকে ১১ জন প্রকাশক আসছেন বলে নিশ্চিত করেছেন আয়োজকেরা।