আট দশকের সংসার, গিনেসে ঠাঁই টেক্সাস দম্পতির

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনের এক দম্পতিকে বিশ্বের প্রবীণতম জীবিত দম্পতি হিসেবে মনোনীত করেছে। এরা হলেন জন হেন্ডারসন ও তাঁর স্ত্রী শার্লোট হেন্ডারসন। জন ও শার্লোট হেন্ডারসনের বর্তমান বয়স যথাক্রমে ১০৬ ও ১০৫ বছর। আগামী ১৫ ডিসেম্বর তাঁদের বিয়ের ৮০ বছর পূর্ণ হবে।
বৈবাহিক সম্পর্কের মাধ্যমে একটি নতুন পরিবারের গোড়াপত্তন হয়। দুজন মানুষের মাধ্যমে উভয় পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। এমনই এক সম্পর্কের সূচনা হয়েছিল ১৯৩৯ সালে জন ও শার্লোটের মধ্যে। সে সময় গোটা বিশ্ব অর্থনৈতিক মহামন্দায় আক্রান্ত। শুরু হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই অস্থির সময়ে অনেক স্বপ্ন ও আশা নিয়ে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। দেখতে দেখতেই সময় চলে যায়। একটি বিশ্বযুদ্ধ, সুদীর্ঘ স্নায়ু যুদ্ধও শেষ দেখল; টিকে থাকল জন-শার্লোটের সংসার। আসছে ১৫ ডিসেম্বর তাঁদের বিয়ের ৮০ বছর পূর্ণ হবে।
জন ও শার্লোট হেন্ডারসন প্রেম করে বিয়ে করেছিলেন। প্রথম দেখা হয়েছিল ১৯৩৪ সালে; টেক্সাস বিশ্ববিদ্যালয়ে। শার্লোট সেখানে পড়তে গিয়েছিলেন; লক্ষ্য শিক্ষক হবে। আর জন ছিলেন বিশ্ববিদ্যালয় ফুটবল দলের সহযোগী; নিজেও ছিলেন ফুটবলার।
পাঁচ বছর চুটিয়ে প্রেম করে ১৯৩৯ সালে বিয়ে করেন তাঁরা। হানিমুন করতে যান মাত্র সাত ডলার ব্যয়ে। সেই মহামন্দার সময় মধুচন্দ্রিমা যে হয়েছে, তাই তো বেশি। ফুটবলার জন এখনো ফুটবল খেলেন। গত ৮৪ বছর ধরে তিনি প্রতি বছর কমপক্ষে একটি ফুটবল ম্যাচে অংশ নেওয়ার ঐতিহ্য ধরে রেখেছেন। দুজনই এখনো খুব স্বাস্থ্যকর জীবন যাপন করছেন।
দীর্ঘজীবন এবং সুখী বিয়ের রহস্য কী জানতে চাইলে জন বলেন, ‘সংযমী জীবনযাপন করুন এবং আপনার স্ত্রীর প্রতি আন্তরিক হোন। তাঁকে ভালোবাসুন, আর কিছুটা সময় একান্তে কাটানোর চেষ্টা করুন। যে সময়টা শুধুই দুজনের, তা পছন্দের কাজ, পছন্দের বিষয় নিয়ে গল্প করেই কাটান। সময়টাই দাম্পত্য জীবনে সুখের মূল ভিত্তি। একের অন্যের প্রতি অগাধ ভালোবাসাই আমাদের বাঁচিয়ে রাখে। যে দম্পতির ভালোবাসা যত গভীর, তাঁরা তত সুখী।’