আট বছর কোনো করই দেননি ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর আত্মজীবনী ‘ট্রাম্প: দ্য আর্ট অব দ্য ডিল’ বইয়ে নিজেকে সেরা ব্যবসায়িক চুক্তির মানুষ হিসেবে দাবি করেছেন। ১৯৮৭ সালে প্রকাশিত ওই বইয়ে নিজেকে ‘বেস্ট ডিলমেকার’ দাবি করা ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনী প্রচারের ক্ষেত্রেও এই বিষয়টিকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করেন। কিন্তু এখন তাঁর আয়কর রিটার্নের তথ্য বলছে, ব্যবসা ক্ষেত্রেও তিনি নিজেকে আদতে সেরা দাবি করতে পারেন না। কারণ যে সময়ে তাঁর ওই ‘বিখ্যাত’ বইটির প্রকাশ হয়, ঠিক সে সময়েই তিনি গুনছেন ১০০ কোটি ডলারের লোকসান, যা তাঁর ব্যবসায়িক অদূরদর্শিতার কারণেই হয়েছিল।
নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প নিজের ভাগ্য নিজে গড়েছেন বলে প্রচার চালান। এ সময় তিনি তাঁর ব্যবসায়িক সাফল্যের কথাই বিশেষভাবে তুলে ধরেন। তাঁর দাবি ছিল, বিচক্ষণতার কারণেই তিনি নিজের চেষ্টায় আজকের ধনকুবেরে পরিণত হয়েছেন। কিন্তু সত্য হচ্ছে, ১৯৯০-এর দশকের অর্থনৈতিক মন্দায় লোকসানের মুখে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্পও। নিউইয়র্ক টাইমস ডোনাল্ড ট্রাম্পের আয়কর রিটার্নের ১০ বছরের তথ্য সংগ্রহ করেছে। এতে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়িক সাফল্যের জন্য যে বিচক্ষণতার কথা বলছেন শুরু থেকে, তা আদতে ভিত্তিহীন। ওই মন্দার সময় ট্রাম্পের ব্যবসা বড় ধরনের লোকসান গুনেছিল, যা তাঁর বিচক্ষণ ব্যবসায়িক নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে।
ডোনাল্ড ট্রাম্পের ইন্টারনাল রেভেনিউ সার্ভিস (আইআরএস) ট্যাক্স ট্রান্সক্রিপ্টস থেকে সংগৃহীত ১৯৮৫ থেকে ১৯৯৪ সালের মধ্যকার দশ বছরের আয়কর রিটার্নের তথ্যের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প নিজের আয়কর রিটার্নের তথ্য প্রকাশ করতে চান না। কিন্তু ওই ১০ বছরের তথ্য হাতে পাওয়ায় তাঁর ব্যবসায়িক সাফল্য-ব্যর্থতা সম্পর্কিত অনেক কিছুই এখন স্পষ্ট হয়েছে। যদিও কর নিয়ে ট্রাম্পের প্রতিষ্ঠানের সঙ্গে কংগ্রেসের বিবাদের সময়ের অনেক তথ্যই এখনো অজানা। আর ওই সময়টিতেই ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা সবচেয়ে বড় উত্থান-পতন দেখেছিল।
ডোনাল্ড ট্রাম্পের ১৯৮৫ সালের দেওয়া আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী, ওই বছর তাঁর হোটেল, ক্যাসিনো ও অ্যাপার্টমেন্ট ব্যবসায় মোট ৪ কোটি ৬১ লাখ ডলার লোকসান হয়েছিল। এই লোকসান শুধু সেই বছরেই আটকে থাকেনি। পুরো দশক ধরেই এ ব্যবসাগুলোয় লোকসান গুনেছেন ডোনাল্ড ট্রাম্প। এক দশকে এই লোকসানের পরিমাণ ১১৭ কোটি ডলার। এই লোকসানের পরিমাণ ওই সময়ের যেকোনো করদাতার চেয়ে বেশি।
আইআরএস উচ্চ আয়ের ব্যক্তিদের বার্ষিক লাভ-লোকসানের নিয়মিত হিসাব করে। ওই হিসাব বিশ্লেষণ করে নিউইয়র্ক টাইমস বলছে, একই সময়ের ব্যবসায়ীদের তুলনায় ট্রাম্প বিচক্ষণতার দিক থেকে যে পিছিয়ে ছিলেন, তা তাঁর লোকসানের পরিমাণই বলে দেয়। এই পুরো দশকে ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে বড় অঙ্কের অর্থ আয় করেছেন। কখনো শেয়ারবাজার থেকে বড় অঙ্কের মুনাফা, কখনো বেতন হিসেবে বছরে ৬ কোটি ৭১ লাখ ডলার আয় করলেও তাঁর ক্যাসিনো ও হোটেল ব্যবসা–ই মূলত লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে বারবার। তিনি সবচেয়ে বড় ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েন ১৯৯০ ও ১৯৯১ সালে। ওই দুই বছর বার্ষিক ২৫ কোটি ডলার করে লোকসান হয়েছিল তাঁর। একই সময়ে অন্য কোনো ব্যবসায়ী এমনকি এর অর্ধেকও লোকসান গুনেননি। তাঁর লোকসানের পরিমাণ এতটাই বেশি ছিল যে, ওই দশকের আট বছর ট্রাম্পকে কোনো আয়করই দিতে হয়নি। তবে ট্রাম্পের আয়কর বিবরণীর এই তথ্য নিরীক্ষা শেষে আইআরএস কখনো বদলেছিল কিনা, সে সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি নিউইয়র্ক টাইমস।
২০১৬ সালের নির্বাচনী প্রচারের সময়ে ডোনাল্ড ট্রাম্প তাঁর ব্যবসায়িক সাফল্যকে বিশেষভাবে তুলে ধরেন বিভিন্ন জনসভায়। এই সাফল্যকেই তিনি প্রেসিডেন্ট হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ হিসেবে হাজির করেন। সে সময় নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকেরা তাঁর নির্বাচনী তহবিলের উৎস খোঁজার চেষ্টা করেন। কিন্তু কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের আয়কর রিটার্নের প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছিল না। পরে সবার জন্য উন্মুক্ত আইআরএসের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে ডোনাল্ড ট্রাম্পের সম্পদের হিসাব বের করার চেষ্টা করে নিউইয়র্ক টাইমস।
এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে ৪ মে প্রেসিডেন্টের আইনজীবী চার্লস জে হার্ডার বলেন, নিউইয়র্ক টাইমস ৩০ বছর আগের যে তথ্য উপস্থাপন করেছে, তা ভীষণভাবে ত্রুটিপূর্ণ। তিনি কোনো সুনির্দিষ্ট ত্রুটির কথা উল্লেখ না করলেও ৭ মে আরেক বিবৃতিতে বলেন, ইলেকট্রনিক ফাইলিং ব্যবস্থা আসার আগে আইআরএসের তথ্য নির্ভরযোগ্য নয়। এমনিতেও আইআরএস ট্রান্সক্রিপ্টের তথ্যে ত্রুটি থাকে। এই তথ্যের ওপর ভিত্তি করে কোনো করদাতা সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়।
তবে প্রেসিডেন্টের আইনজীবীর এই বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন আইআরএসের বিশ্লেষণ ও পরিসংখ্যান বিভাগের গবেষণা পরিচালক মার্ক জে মাজুর। বর্তমানে ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান আরবান-ব্রুকিংস ট্যাক্স পলিসির পরিচালকের দায়িত্ব পালন করা মার্ক জে মাজুর বলেন, ত্রুটিপূর্ণ হওয়ার কোনো কারণই নেই। কারণ আইআরএসের তথ্য কোয়ালিটি কন্ট্রোল পার হলেই শুধু প্রকাশ করা হয়। এ তথ্য অর্থনৈতিক প্রবণতা বিশ্লেষণে ব্যবহার করা হয়, যার সরাসরি প্রভাব রয়েছে জাতীয় নীতি প্রণয়নে।
নিউইয়র্ক টাইমস বলছে, আইআরএস ডোনাল্ড ট্রাম্পের আয়কর সম্পর্কিত যে তথ্য দিচ্ছে, তা যদি ভুল হয়, তবে বলতে হয় তিনি কর ফাঁকি দিতে ব্যবসায়িক লোকসান দেখিয়েছেন। ১৯৮৬ সালে অংশীদারদের কাছ থেকে ট্রাম্প টাওয়ার ও ট্রাম্প প্লাজা হোটেল ও ক্যাসিনো কেনা বাবদ অর্থ পরিশোধ ও ওয়েস্ট পাম বিচে অ্যাপার্টমেন্ট ভবন কেনা বাবদ ৪ কোটি ৩০ লাখ ডলার ব্যয় করেন। আর লোকসান দেখান ৬ কোটি ৮৭ লাখ ডলার। ১৯৮৭ সালে শেয়ারবাজারে ধস নামার আগে ১৯ অক্টোবর তিনি প্রায় ৩ কোটি ডলার ব্যয়ে ২৮২ ফুট দীর্ঘ একটি প্রমোদতরী কেনেন। এর কয়েক মাস পরই ৪০ কোটি ৭০ লাখ ডলার ব্যয়ে কেনেন প্লাজা হোটেল। একই বছর লোকসান হিসেবে ৪ কোটি ২২ লাখ ডলার দেখান। পরের বছর দেখান আরও ২ কোটি ৪ লাখ ডলারের লোকসান।
এসব তথ্য বিশ্লেষণ করে নিউইয়র্ক টাইমস বলছে, হয় ডোনাল্ড ট্রাম্প তাঁর ব্যবসায়িক সাফল্য নিয়ে অহেতুক বাগাড়ম্বর করছেন, নয় তো তিনি বিপুল অঙ্কের কর ফাঁকির উদ্দেশ্যে লোকসান দেখিয়েছেন টানা এক দশক ধরে।
ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘সেলফ মেড বিলিয়নিয়ার’ দাবি করলেও এটা এখন প্রতিষ্ঠিত সত্য যে, তিনি তাঁর বাবার কাছ থেকে অন্তত ৪১ কোটি ৩০ লাখ ডলার উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। নিজেই নিজের ভাগ্যের নির্মাতা বলে দাবি করলেও ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক ব্র্যান্ড ‘ট্রাম্প’ দাঁড়িয়েছিল তাঁর বাবা ফ্রেড সি ট্রাম্পের নামানুসারেই। আর নির্বাচনের সময় রেওয়াজ অনুযায়ী তিনি তাঁর আয়কর রিটার্ন জমা দেননি। আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থীদের চার দশকের আয়কর রিটার্ন জনসম্মুখে প্রকাশের রেওয়াজ থাকলেও ডোনাল্ড ট্রাম্প আজ পর্যন্ত তা করেননি। এখন পর্যন্ত তাঁর কর সম্পর্কিত তথ্যের খুব কমই সাধারণ মানুষ জানে।
এ অবস্থায় নিউইয়র্ক টাইমস ট্রাম্পের আয়কর সম্পর্কিত তিন দশক আগের যে তথ্য সামনে আনল, তা তাঁর ব্যবসায়িক শ্রেষ্ঠত্বের দাবিকে রীতিমতো হাস্যকর বিষয়ে পরিণত করেছে। আর ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী এই তথ্য নিয়ে প্রশ্ন তুলে এই লোকসানের সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন। এখন মার্কিন নাগরিকদের মধ্যে বড় যে প্রশ্ন দেখা দিয়েছে, তা হলো, ১৯৮৫ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প সত্যিই কি ব্যবসায়িক লোকসানের মুখে পড়েছিলেন, যা তিনি নিজেকে জাহিরের সময় আড়াল করেছেন, নাকি বড় অঙ্কের কর ফাঁকি দিতেই তিনি ইচ্ছাকৃতভাবে ওই লোকসান দেখিয়েছিলেন।