আট মাস বন্ধ থাকছে এস্টোরিয়ার দুটি স্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরের এস্টোরিয়ার দুটি রেলস্টেশনে মেরামত ও উন্নয়নমূলক কাজ শুরু হওয়ার কারণে আট মাসের জন্য স্টেশন দুটি বন্ধ হয়ে গেছে।

২৩ অক্টোবর সোমবার থেকে লংআইল্যান্ড সিটির এস্টোরিয়ার ডিটমাস বুলেভার্ডগামী এন ও ডব্লিউ ট্রেন ৩০ এভিনিউ এবং ৩৬ এভিনিউ স্টেশন দুটিতে যাত্রীদের ট্রেনে উঠানামা বন্ধ হয়ে গেছে। এ রেললাইন ১০০ বছরেরও আগে নির্মিত হয়েছিল।
এমটিএ (মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি) ৩৩টি সাবওয়ে স্টেশন আধুনিকায়নের উদ্যোগের অংশ হিসেবে এস্টোরিয়ার এ দুটি গুরুত্বপূর্ণ স্টেশন আট মাসের জন্য বন্ধ রাখা হবে। মেরামত ও আধুনিকায়নের পর সম্প্রতি চালু হওয়া নগরের ব্রুকলিনের বে রিজ এভিনিউ এবং ৫৩ স্ট্রিট স্টেশনের মতোই ৩০ এভিনিউ এবং ৩৬ এভিনিউ স্টেশন দুটিতেও অন্ধকারে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য আলোকোজ্জ্বল আধুনিক সিগন্যাল, কাচের প্রতিবন্ধক, এল ই ডি লাইটিং, দুই তলার নিচের তলার মেঝে ধূসর রঙের গ্রানাইট দিয়ে সজ্জিত করা হবে।
স্টেশন থাকবে নতুন কাচ আর প্ল্যাটফর্মের জালের মতো বুননবিশিষ্ট অংশে থাকবে বাতাস নিরোধক পর্দা। দুটি স্টেশনেরই কাঠামোগত মেরামত ছাড়াও তাদের সিঁড়িগুলো পুরোপুরি সরিয়ে নতুন সিঁড়ি নির্মিত হবে।
স্টেশন বন্ধ রাখার প্রতিবাদে নির্বাচিত জনপ্রতিনিধি এবং যাত্রীদের অনুকূলে কথা বলেন এমন প্রবক্তাগণ ২৩ অক্টোবর সোমবার সকালে সংঘবদ্ধভাবে সমাবেশে মিলিত হন। অভিযোগ উঠেছে যে, স্টেশন আধুনিকায়নের পরিকল্পনায় শারীরিকভাবে বিকলাঙ্গদের জন্য বিদ্যমান আইন লঙ্ঘিত হয়েছে। অর্থাৎ তাদের রেলস্টেশনে উঠানামার জন্য কোনো সুবিধা প্রদানের ব্যবস্থা নেই। একই ধরনের প্রতিবাদ সমাবেশ মাসখানেক আগে বে রিজ এভিনিউ স্টেশনেও হয়েছিল।