আটক হলেই স্ট্যাটাস পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনসিলভানিয়ার বেনসালেম শহরের পুলিশ বিভাগ অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান শুরু করেছে
পেনসিলভানিয়ার বেনসালেম শহরের পুলিশ বিভাগ অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান শুরু করেছে

আমেরিকার বেশ কয়েকটি শহরের পুলিশ বিভাগ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্সির অনিবন্ধিত অভিবাসী আটকাভিযানের সঙ্গে যুক্ত হচ্ছে। এরই মধ্যে এ ধরনের বেশ কয়েকটি পুলিশ বিভাগকে গ্রেপ্তারকৃতদের অভিবাসন স্ট্যাটাস পরীক্ষার নতুন ক্ষমতা দেওয়া হয়েছে। আরও বেশ কয়েকটি শহরের পুলিশ একই ক্ষমতা চেয়ে আবেদন করেছে। মূলত ট্রাম্পের প্রতি জোর সমর্থন রয়েছে এমন শহরগুলোর পুলিশই অভিবাসনবিরোধী এ অবস্থান নিয়েছে।

জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত ২৯টি পুলিশ বিভাগ আইসিইকে সহযোগিতার উদ্দেশ্যে এ ভূমিকা গ্রহণ করেছে। আইসিইর হয়ে এ পুলিশ বিভাগগুলো বাড়তি কিছু কাজ করছে। এর মধ্যে রয়েছে গ্রেপ্তারকৃতদের অভিবাসন-সম্পর্কিত তথ্য সংগ্রহ। শিগগিরই এ তালিকায় আরও বেশ কয়েকটি পুলিশ বিভাগ যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছে আইসিই।
তথ্য অধিকার আইনের আওতায় করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসনের কাছ থেকে পাওয়া কিছু নথির উল্লেখ করে রয়টার্স জানায়, আরও বেশ কিছু অঞ্চলের পুলিশ বিভাগ আইসিইকে সহযোগিতার জন্য অনিবন্ধিত অভিবাসী খুঁজে বের করতে বাড়তি দায়িত্ব চেয়ে আবেদন করেছে। এর মধ্যে ৩৮টি পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। এ বিষয়ে বিশেষ ক্ষমতা চেয়ে তারা আবেদন করেছে বলে স্বীকার করেছে।
২৮৭(জি) নামে পরিচিত প্রকল্পের আওতায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয় আইসিই কর্মকর্তারা। এতে গ্রেপ্তারকৃতদের ফেডারেল নথি ব্যাপকভাবে যাচাই-বাছাই করে অনিবন্ধিত অভিবাসীদের শনাক্তের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় কাজ করা পুলিশ কর্মকর্তারা এরই মধ্যে কয়েক লাখ অনিবন্ধিত অভিবাসীকে চিহ্নিত করেছেন বলে কিছুদিন আগে জানিয়েছিল ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।
এ প্রকল্পের সঙ্গে যুক্ত পুলিশ বিভাগগুলো মূলত ছোট ছোট অঞ্চলের, যেখানকার অধিবাসীর সংখ্যা গড়ে এক লাখের কম। এসব এলাকায় অভিবাসীর সংখ্যাও কম। এখন পর্যন্ত আইসিই সহায়ক পুলিশ বিভাগের তালিকায় কোনো স্যাংকচুয়ারি সিটির পুলিশ বিভাগ যোগ দেয়নি। অভিবাসী-অধ্যুষিত এসব শহর শুরু থেকেই ট্রাম্পের অভিবাসনবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এসব শহর কর্তৃপক্ষ অনিবন্ধিত অভিবাসীদের কোনো তথ্য আইসিইকে দিতে অস্বীকৃতি জানিয়েছে। বড় বড় এসব শহরের গড় জনসংখ্যা পাঁচ লাখের বেশি, যেখানে একটি বড় অংশই অভিবাসী।
বারাক ওবামার সময়ে বিশেষ এ প্রকল্পের তহবিল কমিয়ে একে নিরুৎসাহিত করা হয়েছিল। বাড়তি তহবিলের কারণে সংশ্লিষ্ট পুলিশ বিভাগগুলো এ ধরনের কর্মকাণ্ডে অতি উৎসাহী হয়ে উঠতে পারে এমন আশঙ্কাতেই এটি করা হয়েছিল। একই সঙ্গে বহুদিন থেকেই এ প্রকল্পের সমালোচনা করে আসছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, অভিবাসনবিরোধী এ অভিযানে আইসিইর সঙ্গে পুলিশ বিভাগকে যুক্ত করাটা ক্ষতিকর। এটি অভিবাসীদের মধ্যে পুলিশের প্রতি আস্থাহীনতা তৈরি করে। ওবামার সময়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। ফলে ২০১০ সালে ৭০টি পুলিশ বিভাগ প্রকল্পের সঙ্গে যুক্ত থাকলেও ২০১৬ সালে তা নেমে আসে ৩২-এ। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এ সংখ্যা আবারও বাড়তে শুরু করে। বর্তমানে ১৮টি অঙ্গরাজ্যের ৬০টি পুলিশ বিভাগ প্রকল্পটির সঙ্গে যুক্ত। এর তিন-চতুর্থাংশই এমন কাউন্টিতে অবস্থিত, যেখানে গত বছরের নির্বাচনে ট্রাম্প জিতেছিলেন।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক আইসিই কর্মকর্তা রয়টার্সকে জানান, ট্রাম্প ক্ষমতায় আসার পর এ প্রকল্পের বরাদ্দ বাড়ানোর ঘোষণা দেন। আর এতেই বিভিন্ন পুলিশ বিভাগ প্রকল্পটির প্রতি আগ্রহী হয়ে ওঠে।
নতুন আবেদনকারী পুলিশ বিভাগের মধ্যে রয়েছে পেনসিলভানিয়ার বেনসালেম শহরের পুলিশ বিভাগ। ৬০ হাজার অধিবাসীর এ শহরের জননিরাপত্তা বিভাগের পরিচালক ফ্রেড হারান বলেন, ‘যেকোনো ধরনের অপরাধ কিংবা মাদক বহনের দায়ে আটক অনিবন্ধিত অভিবাসীকে বিতাড়নের পক্ষে আমি। এ বিষয়ে আইসিই কোনো সহায়তা চাইলে তা করার জন্য পুরোপুরি প্রস্তুত। এ ক্ষমতা যদি দেওয়া হয়, তাহলে তার পূর্ণ সদ্ব্যবহার করব আমি।’
তবে পাশের ফিলাডেলফিয়া শহরের পুলিশ কমিশনার রিচার্ড রস জুনিয়রের দৃষ্টিভঙ্গি ভিন্ন। অন্য বড় শহরগুলোর মতোই তিনি অপরাধ নিয়ন্ত্রণে বরং অভিবাসীদের সহায়তা চান। তাঁর মতে, অভিবাসীদের সন্ত্রস্ত করে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। আমাদের অধিবাসীদের সবার সহযোগিতা প্রয়োজন।