আটককেন্দ্রে বন্দী আশ্রয়প্রার্থীরা ভয়াবহ ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অভিবাসী আটককেন্দ্রগুলোয় থাকা বন্দী আশ্রয়প্রার্থীরা রয়েছেন ভয়াবহ ঝুঁকিতে। একসঙ্গে অনেক বন্দী থাকায় এবং অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা না থাকায় চলমান মহামারিতে ভীষণ ঝুঁকির মধ্যে পড়েছেন তাঁরা। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) তথ্যমতে, টেক্সাসের হিউস্টন কন্ট্রাক্ট ডিটেনশন ফ্যাসিলিটিতে থাকা ৩৭৫ জন বন্দীর মধ্যে ১০৫ জন কোভিড-১৯ আক্রান্ত। এ অবস্থায় আটককেন্দ্রটিতে থাকা বন্দীরা আশঙ্কার মধ্যে রয়েছেন। আটককেন্দ্রটিতে ছিলেন হোসে মুনোজ নামের এক তরুণ। এল সালভাদর থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া এই তরুণকে সম্প্রতি ফেরত পাঠানো হয়েছে। তিনি নিজেও এখন নিরাপদ দূরত্বে যেতে পারলেই বাঁচেন।
আটককেন্দ্রটির অবস্থা বর্ণনা করতে গিয়ে মুনোজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সেখানে থাকতে একটি কাপড়ের তৈরি মাস্ক ছাড়া নিজের সুরক্ষার জন্য আর কিছু ছিল না।’
বর্তমান মার্কিন প্রশাসন আশ্রয়প্রার্থীদের নিরুৎসাহিত করতে সবকিছুই করছে। এ ক্ষেত্রে নতুন সংযোজন বলা যায়, অভিবাসী আটককেন্দ্রগুলোতে কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া। বিষয়টিকে ‘ভীষণ অমানবিক’ বলছেন অভিবাসন আইনজীবীরা। এ বিষয়ে রয়টার্স ৩০ জনের বেশি অভিবাসন আইনজীবী, আশ্রয়প্রার্থী ও আটককেন্দ্রে বন্দী ব্যক্তিদের সঙ্গে কথা বলেছে।
মোটাদাগে আইসের বিভিন্ন আটককেন্দ্রের সংক্রমণ পরিস্থিতি ভালো নয়। গত ২৪ জুন দেওয়া আইসের তথ্যমতে, তাদের বিভিন্ন আটককেন্দ্রে বন্দী ২ হাজার ৭৪২ জন কোভিড-১৯ আক্রান্ত। নিজেদের কর্মীদের মধ্যে ৪৫ জন আক্রান্ত। এর মধ্যে দুজন অভিবাসী মারাও গেছে।
রয়টার্স জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন আটককেন্দ্রের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা এতটাই নাজুক যে, চলমান কোভিড-১৯ মহামারিতে এটি বন্দীদের মধ্যে ভীষণ শঙ্কার জন্ম দিয়েছে। এল সালভাদরসহ মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে এসে আশ্রয় প্রার্থনা করা অনেকে এখন ঝুঁকি নিয়ে বরং নিজ দেশে ফিরে যেতে চাইছেন। অনেকেই নিজে থেকেই ‘ডিপোর্টেশনের’ আবেদন করেছেন।
অভিবাসন আইনজীবীরা জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্যের কয়েক শ বন্দী আশ্রয়প্রার্থী আটককেন্দ্র ত্যাগের আবেদন করেছে। অনেকেই নিজে থেকে আশ্রয় প্রার্থনার মামলার লড়াইয়ে ইস্তফা দিয়ে নিজ দেশে ফিরে যেতে চাইছেন।
এ বিষয়ে আইসের মুখপাত্র রয়টার্সকে বলেন, আশ্রয় প্রার্থনার লড়া বা না লড়ার সিদ্ধান্ত একান্তই সংশ্লিষ্ট ব্যক্তির। তাঁদের এই সিদ্ধান্তকে আইস সম্মান জানায়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইমিগ্রেশন জাজেসের যোগাযোগ পরিচালক স্যামুয়েল কোল রয়টার্সকে বলেন, মহামারির এই সময়ে এ-সংক্রান্ত মামলার লড়াইয়ে ইস্তফা দেওয়ার হার বেড়েছে। অনেকেই আটককেন্দ্রে থাকতে চাইছেন না।
মহামারির শুরুর দিকে আইস কিছু অভিবাসীকে প্যারোলে মুক্তি দেয়। বিষয়টি সে সময় প্রশংসিত হয়। কিন্তু পরে বন্দীদের এক আটককেন্দ্র থেকে অন্য আটককেন্দ্রে স্থানান্তরের ঘটনায় ফের সমালোচনা শুরু হয় সংস্থাটি নিয়ে। কিন্তু এখানেই থেমে থাকেনি আইস। তারা এই সময়ে শতাধিক আশ্রয়প্রার্থীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে, যারা সংক্রমণের শিকার হয়েছিল।
কিন্তু এত সব সমালোচনা সত্ত্বেও আইস তার অবস্থান বদলাতে প্রস্তুত নয়। তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, আটককেন্দ্র বন্দী আশ্রয়প্রার্থীদের মধ্যে মহামারি নিয়ে বিদ্যমান ভয়কে বাড়িয়ে তুলে, তাদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়ন। নাম প্রকাশ না করার শর্তে এক বন্দী রয়টার্সকে বলেন, এমনকি কোনো বন্দী যদি স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিয়ে কোনো দাবি তোলেন, তবে তাঁকে শাস্তি হিসেবে অন্যদের থেকে আলাদা করে বন্দী রাখার পদক্ষেপও নেওয়া হচ্ছে। কিন্তু পুরো আটককেন্দ্রের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা বা সুরক্ষা সরঞ্জামের কোনো উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
এ বিষয়ে আইসের মুখপাত্র বলেন, ‘বন্দীদের কাছ থেকে আসা যেকোনো ধরনের দাবি-দাওয়াকে সম্মান করে আইস। আর কোনো দাবির জন্য কাউকে শাস্তি দেওয়ার তো প্রশ্নই আসে না।’